শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
৩ জেলার যেসব অঞ্চলে আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
বার্ষিক রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালা কাটার জন্য শনিবার (২৮ নভেম্বর) সুনামগঞ্জ, কুড়িগ্রাম ও রাজশাহীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে সুনামগঞ্জ ও কুড়িগ্রামের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। বিদ্যুৎ বিতরণ লাইনের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজের জন্য দেশের তিন জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ। সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় সকাল ৭টা থেকে বিকেল ৪টা, কুড়িগ্রামের রাজারহাটে সকাল ৮টা থেকে বিকেল ৫টা এবং উলিপুরে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। এ ছাড়া রাজশাহীর কয়েকটি এলাকায় পর্যায়ক্রমে সাড়ে ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সুনামগঞ্জের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার নির্ভরযোগ্যতা ও গুণগত মান উন্নয়নে বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।
শুক্রবার (২৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের আওতাধীন ৩৩/১১ কেভি উপকেন্দ্রের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।
কুড়িগ্রামের রাজারহাট ও উলিপুরে বিদ্যুৎ বন্ধ
বার্ষিক রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালা কাটার জন্য কুড়িগ্রামের রাজারহাট ও উলিপুর উপজেলায় শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, রাজারহাট উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার সব ফিডারে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
অন্যদিকে, উলিপুর উপকেন্দ্র-১-এর ১ নম্বর ফিডারের আওতায় ১১ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালা কাটার জন্য সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
উলিপুরের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না, সেগুলো হলো—মধ্যবাজার থেকে হাসপাতাল সড়ক, আজমের মোড়, খাওনার দরগা, মধ্যপাড়া, বলদিপাড়া ও ডারার পাড় এলাকা।
উলিপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মোসাদ্দেকুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, কাজের অগ্রগতির ভিত্তিতে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে।
রাজারহাট উপকেন্দ্রের ইনচার্জ হাফিজুল ইসলাম জানান, রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার পরপরই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে আগেই বিদ্যুৎ চালু করে দেওয়া হবে।
রাজশাহীর যেসব এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ থাকবে না
রাজশাহীর বিভিন্ন এলাকায় শনিবার পর্যায়ক্রমে সাড়ে ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (২৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর কাশিয়াডাঙ্গা বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি লাইনের আশপাশের গাছপালার শাখা-প্রশাখা কাটার কাজ করা হবে। এ জন্য শনিবার পর্যায়ক্রমে নেসকোর কাশিয়াডাঙ্গা বিক্রয় ও বিতরণ বিভাগের (বিবিবি) আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এর মধ্যে সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত মিয়াপুর টু কাশিয়াডাঙ্গা ৩৩ কেভি এবং সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হড়গ্রাম টু কাশিয়াডাঙ্গা ৩৩ কেভি ফিডারের আওতাধীন ১১ কেভি মিয়াপুর, দামকুড়া, কসবা, নবগঙ্গা, আই-বাঁধ ও রায়পাড়া ফিডারের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া একই দিন দুপুর ১২টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত ৩৩ কেভি এসিআই গোদরেজ ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না।
তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
ইএইচআর/ সিটি/ ডিসি









