শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

দুই বছর পর বিজয় দিবসে ফিরছে শিক্ষার্থীদের কুচকাওয়াজ-ডিসপ্লে

দুই বছর পর বিজয় দিবসে ফিরছে শিক্ষার্থীদের কুচকাওয়াজ-ডিসপ্লে

দুই বছর বন্ধ থাকার পর এবার মহান বিজয় দিবসে দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হবে। আগামী ১৬ ডিসেম্বর এই আয়োজন ঘিরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরগুলো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নির্দেশনা পাঠিয়েছে।

কুচকাওয়াজ ও ডিসপ্লের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ, বিজয়মেলা, ক্রীড়া প্রতিযোগিতা, রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সুবিধাজনক সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে।

গত বৃহস্পতিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী মাদ্রাসা শিক্ষা বোর্ড এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। ১৯ দফা জাতীয় কর্মসূচি বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

শিক্ষা কর্মকর্তারা জানান, প্রশাসনের পক্ষ থেকে ধুমধামের সঙ্গে দিবসটি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। ডিসপ্লেতে যেন দেশবিরোধী কোনো বিষয় উপস্থাপিত না হয়, সে জন্য বাড়তি নজরদারি থাকছে। জেলা পর্যায়ে স্ক্রিপ্ট অনুমোদনের কাজ করবে একাধিক উপকমিটি। অন্তত চারজন জেলা শিক্ষা কর্মকর্তা জানান, দেশবিরোধী ডিসপ্লে উপস্থাপনের সুযোগ যেন কেউ নিতে না পারে, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে এবং স্থানীয় প্রশাসনও এ কাজে সহায়তা করবে।

২০২৪ খ্রিষ্টাব্দের ১০ ডিসেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম জানিয়েছিলেন, এবার বিজয় দিবসে কুচকাওয়াজের পরিবর্তে দেশজুড়ে বিজয়মেলা হবে এবং জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হবে না। এর বদলে স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছিল। পরের বছর ২০২৫ খ্রিষ্টাব্দের ১৯ নভেম্বর সচিবালয়ে এক সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, জাতীয় প্যারেড গ্রাউন্ডসহ জেলা ও উপজেলা পর্যায়েও কুচকাওয়াজ হবে না। এতে দুই বছর ধরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজয় দিবসের এই আয়োজন বন্ধ ছিল। এ নিয়ে বেশ সমালোচনাও হয়েছিল।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মো. নাজমুল হক বলেন, গত দুই বছর কুচকাওয়াজ ও ডিসপ্লে না হওয়ার কারণ তার জানা নেই। তবে বর্তমান পরিস্থিতি ভিন্ন হওয়ায় এবার এই আয়োজন না হওয়ার কোনো কারণ দেখেন না তিনি।

জাতীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ে তিন দিনব্যাপী বিজয়মেলার পাশাপাশি শিশু-কিশোরদের জন্য প্রীতি ফুটবল, টি-২০ ক্রিকেট, কাবাডি ও হা-ডু-ডু প্রতিযোগিতা থাকবে। ১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বেতার ও টেলিভিশনে মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠান প্রচার করা হবে। ১৬ ডিসেম্বর প্রকাশ করা হবে বিশেষ ডাকটিকিট। পাশাপাশি জাদুঘর, প্রত্নতাত্ত্বিক স্থাপনা ও বিনোদন কেন্দ্রগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে এবং শিক্ষার্থীদের বিনা টিকিটে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ও প্রামাণ্যচিত্র দেখানোর ব্যবস্থা রাখা হবে।

ইএইচআর/ বিএন/ ডিসি

নির্মাণ : REM Technology