শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

শিক্ষক নিয়োগে রায় জালিয়াতি, ওকালতি নিষিদ্ধ ছিদ্দিক উল্লাহ ও কামালের

শিক্ষক নিয়োগে রায় জালিয়াতি, ওকালতি নিষিদ্ধ ছিদ্দিক উল্লাহ ও কামালের
সাবেক বিচারপতি নাইমা হায়দার (মাঝে), তার ডানে ছিদ্দিক উল্লাহ মিয়া ও বাঁয়ে কামাল হোসেন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিষয়ে হাইকোর্টের একটি বেঞ্চে রিটের রায় এবং দুজন আইনজীবীর বিরুদ্ধে অপেশাদার আচরণ ও অনিয়ম খুঁজে পেয়েছে আপিল বিভাগ। তাই তাদের পেশাগত কার্যক্রম নিষিদ্ধ করেছে। একইসঙ্গে ওই মামলার বিচারক (বর্তমানে সাবেক বিচারপতি) কাছে এ ব্যাপারে ব্যাখ্যা চাওয়া হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন।

অনিয়মে জড়িত দুই আইনজীবী হলেন- মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া ও মো. কামাল হোসেন। তাদেরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগে পেশাগত কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছেন আদালত। তাদের বিষয়ে বার কাউন্সিলকে তদন্ত করে আগামী ৩১ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একই ঘটনায় হাইকোর্টের সাবেক বিচারপতি নাইমা হায়দারকে ওই একই সময়ের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে ব্যাখ্যা জমা দিতে বলেছেন আদালত।

নাইমা হায়দারের নেতৃত্বাধীন তৎকালীন হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানির পর ৫৭৪ জন আবেদনকারীকে সহ-আবেদনকারী হিসেবে যুক্ত করার অনুমতি দেয়া হয়। ওই সিদ্ধান্তকে ‘অত্যন্ত অস্বাভাবিক’ বলে বর্ণনা করেছেন বিচারপতি। তাদের বিরুদ্ধে অভিযোগ খুঁজতে গত ২ নভেম্বর তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।

তার আগে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ তদন্তাধীন থাকা হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি নাইমা হায়দার ‘ব্যক্তিগত সমস্যা’ উল্লেখ করে গত ৫ ফেব্রুয়ারি পদত্যাগ করেন।

গত বৃহস্পতিবার আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক এবং আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়ার পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ৯টি মামলায় শুনানি ও রায়ে জালিয়াতির অভিযোগ ওঠে সুপ্রিম কোর্টের আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়া ও কামাল হোসেনের বিরুদ্ধে। গত ২৮ অক্টোবর অভিযুক্ত আইনজীবীকে তলব করে জালিয়াতির ঘটনার ব্যাখ্যা জানতে চান আপিল বিভাগ।

আদালত বলেন, প্রয়োজনে সংশ্লিষ্ট বেঞ্চের বিচারপতিদের কাছ থেকেও বিষয়টি জানতে চাওয়া হবে। পরদিন ২৯ অক্টোবর প্রধান বিচারপতির নেতৃতাধীন আপিল বিভাগে বিষয়টি আদেশের জন্য রাখা হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ খ্রিষ্টাব্দের ৯১৯ নম্বর রিটে হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ ২০২৩ খ্রিষ্টাব্দের ১৬ অক্টোবর রায় ঘোষণা করেন। ওই রায়ে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৩’-এর ৭ নম্বর বিধি অনুযায়ী ৬০ শতাংশ নারী কোটা সঠিকভাবে অনুসৃত হয়নি উল্লেখ করে তৎকালীন চূড়ান্ত ফল বাতিল করা হয় এবং ৬ মাসের মধ্যে নতুন মেধা তালিকা প্রণয়ন করে রিটকারীদের নিয়োগের নির্দেশ দেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, মূল ৫৮ জন পিটিশনারের বাইরে অতিরিক্ত ৬৪ জন নতুন সহ-পিটিশনার অন্তর্ভুক্ত করার জন্য এফিডেভিট সম্পন্ন করা হয়। তবে তা নিয়মিত সেকশন প্রসেস, নাম তালিকাভুক্তকরণ কিংবা বিবাদী পক্ষকে (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অধিদফতর) নোটিশ পাঠানো ছাড়াই ফাইল সরাসরি বিচারকের কাছে রেখে মাত্র একদিনের মধ্যে আবেদন মঞ্জুর ও শুনানি গ্রহণ করা হয়।

মূল শুনানির মাত্র ৪ দিনের মাথায় হাইকোর্ট বিভাগ রায় ঘোষণা করেন। অভিযোগ রয়েছে, ওই রায়ে মূল আবেদনকারীদের বাদ রেখে পরবর্তীতে যুক্ত হওয়া নতুন সহ-পিটিশনারদের পক্ষে আদেশ দেওয়া হয়। প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত এমন মোট ৯টি মামলায় জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করেন রাষ্ট্রপক্ষ। আপিল বিভাগে শুনানিকালে নথিপত্রে দৃশ্যমান এই নজিরবিহীন দ্রুতি, প্রক্রিয়ার অনিয়ম ও জালিয়াতির চিত্র সামনে এলে আদালত তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

পরে তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া অবধি ঢাকা ছাড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দেয়া হয়।

ওই সময়ে ছিদ্দিক উল্লাহ মিয়া সংবাদমাধ্যমকে বলেন, মূল পিটিশনারদের কিছু বাদ দেওয়া হয়েছিল, আবার কিছু যুক্তও হয়েছিল। আমি প্রক্রিয়া অনুসরণ করেছি, তবে সেকশনে কিছু জটিলতা ছিল।

ইএইচআর/ বিএন/ ডিসি

নির্মাণ : REM Technology