শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
মামলায় গ্রেফতারের পর বরখাস্ত হয়েও সহকারী শিক্ষক পদে নিয়োগ
নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় গ্রেফতারের পর বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) নিম্নমান সহকারী পদ থেকে সাময়িক বরখাস্ত হয়েছিলেন মো. মাসুদ রানা। পরে বরখাস্তের আদেশ প্রত্যাহার হলেও মামলাটি এখনো বিচারাধীন। এর মধ্যেই তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পেয়েছেন। পুলিশ ক্লিয়ারেন্স সনদে মামলার তথ্য উল্লেখ থাকার পরও কীভাবে তাঁর নিয়োগ হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষ।
অভিযোগ উঠেছে, আগের সরকারি চাকরির ইতিহাস, সাময়িক বরখাস্ত এবং নিজের বিরুদ্ধে চলমান মামলার তথ্য নতুন চাকরির নিয়োগ প্রক্রিয়ায় গোপন করেছেন মাসুদ রানা। তবে তার বিরুদ্ধে থাকা মামলার তথ্য ঠাকুরগাঁও জেলা পুলিশের ইস্যু করা পুলিশ ক্লিয়ারেন্স সনদে উল্লেখ রয়েছে। এমনকি নতুন চাকরিতে যোগদানের সময়ও মামলাটি চলমান ছিল।
মাসুদ রানা বর্তমানে ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলার মধুপুর খাঁপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তিনি উপজেলার ঘনিবিষ্ণুপুর এলাকার মো. সরিফুল ইসলাম ও লিলিজান বেগম দম্পতির ছেলে।
বিপিএটিসির বরখাস্তের আদেশ, নতুন চাকরিতে যোগদানের চিঠি, পুলিশ ক্লিয়ারেন্স সনদ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পর্যালোচনায় তার নিয়োগ নিয়ে কয়েকটি প্রশ্ন সামনে এসেছে। পুলিশ ক্লিয়ারেন্সে ফৌজদারি মামলার তথ্য থাকার পরও কীভাবে তিনি নিয়োগ পেলেন, নিয়োগকারী কর্তৃপক্ষ এ তথ্য জানত কি না এবং আগের সরকারি চাকরির তথ্য আবেদনপত্রে উল্লেখ করেছিলেন কি না এসব প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়।
অনুসন্ধানে পাওয়া নথি অনুযায়ী, এক স্কুলশিক্ষিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মাসুদ রানার বিরুদ্ধে আদালতে মামলা হয়। ২০২৪ খ্রিষ্টাব্দের ২৭ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা ওই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় একই বছরের ২৬ জুন সরকারি কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯২-এর ৪১(৫) প্রবিধি অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বিপিএটিসির পরিচালক (প্রশাসন) মোহাম্মদ রাজিবুল ইসলামের স্বাক্ষরিত বরখাস্তের আদেশে এ তথ্য উল্লেখ রয়েছে।
পরবর্তী সময়ে তার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়। তবে বরখাস্তের আদেশ প্রত্যাহার হলেও সংশ্লিষ্ট ফৌজদারি মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়নি। মামলাটি এখনো আদালতে বিচারাধীন।
মাসুদ রানার নিয়োগ নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি হয়েছে পুলিশ ক্লিয়ারেন্স সনদকে ঘিরে। ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, পুলিশের ইস্যু করা পুলিশ ক্লিয়ারেন্স সনদে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকার তথ্য উল্লেখ রয়েছে। অর্থাৎ নতুন চাকরিতে যোগদানের আগে তার বিরুদ্ধে মামলার বিষয়টি পুলিশের নথিতে ছিল।
এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোদাদাদ হোসেন বলেন, আমরা পুলিশ ক্লিয়ারেন্স সনদে ফৌজদারি মামলার তথ্য উল্লেখ করেছি। পরবর্তী সময়ে তিনি কীভাবে চাকরিতে যোগদান করেছেন, সেটি আমাদের পক্ষে বলা সম্ভব নয়।
মাসুদ রানার দেওয়া তথ্য অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে যোগদানের ঠিক আগের দিন তিনি বিপিএটিসির চাকরি থেকে অব্যাহতি নেন। তার ভাষ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর বিপিএটিসি থেকে অব্যাহতি নেওয়ার পর ১ অক্টোবর ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে নিয়োগপত্র সংগ্রহ করে তিনি মধুপুর খাঁপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। তার নতুন চাকরিতে যোগদানের চিঠি পর্যালোচনা করেও ১ অক্টোবর যোগদানের তথ্য পাওয়া গেছে।
এদিকে বিপিএটিসির ওয়েবসাইটে তার কর্মচারী প্রোফাইল এখনো সক্রিয় এবং চাকরি-সংক্রান্ত তথ্য দৃশ্যমান রয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জারি করা নিয়োগ আদেশের ২-এর (ঙ) নম্বর শর্তে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত শিক্ষক কর্তৃক যে কোনো সময় সরবরাহ করা কোনো তথ্য বা সনদপত্র মিথ্যা, ভুয়া কিংবা ত্রুটিপূর্ণ প্রমাণিত হলে নিয়োগ আদেশ বাতিল করা হবে। একইসঙ্গে প্রচলিত আইনের বিধান অনুযায়ী তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে। নিয়োগ আদেশের এই শর্তের আলোকে মাসুদ রানার জমা দেওয়া আবেদনপত্র, ব্যক্তিগত তথ্যবিবরণী, পূর্ববর্তী চাকরির বিবরণ এবং পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অভিযোগের বিষয়ে মো. মাসুদ রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে দায়ের করা মামলাটিকে মিথ্যা বলে দাবি করেন। তবে তার বিরুদ্ধে মামলাটি চলমান থাকার বিষয়টি এবং পুলিশ ক্লিয়ারেন্স সনদে মামলার উল্লেখ থাকার বিষয়টি স্বীকার করেন তিনি। তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের আগে তিনি বিপিএটিসির চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) বন্ধু সংগঠনের ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি মঈনুদ্দীন তালুকদার হিমেল বলেন, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে একজন প্রার্থীর ব্যক্তিগত তথ্য, পূর্ববর্তী চাকরির ইতিহাস ও আইনগত বিষয়গুলো যথাযথভাবে যাচাই করা কর্তৃপক্ষের দায়িত্ব। পুলিশের নথিতেই যদি কোনো প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলার তথ্য থাকে, তাহলে সেটি উপেক্ষা করে কীভাবে তাকে নিয়োগ দেওয়া হলো, তা খতিয়ে দেখা জরুরি। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য বের করা এবং অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।
অন্যদিকে ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে। নিয়োগ-সংক্রান্ত কাগজপত্র ও পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন যাচাই করে নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক আজিজুর রহমান বলেন, যাদের বিরুদ্ধে মামলা-মোকদ্দমা রয়েছে, তাদের তো নিয়োগ পাওয়ার কথা নয়। মাসুদ রানার নিয়োগের বিষয়টি আমাদের নজরে আসেনি। আর পুলিশ সনদে যদি ফৌজদারি মামলার তথ্য উল্লেখ করা থাকে, তাহলে তার চাকরি পাওয়ার কথা নয়। বিষয়টি আমরা খোঁজ নিয়ে দ্রুতই ব্যবস্থা নেবো।
ইএইচআর/ বিএন/ ডিসি








