শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

১০ বছরেও হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই

১০ বছরেও হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই
শেখ হাসিনা

আগামী ১০ বছরের মধ্যেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা দেখছেন না জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নিজের রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে এমন মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাকিস্তানের ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথা বলেন স্পিকার। তার বক্তব্যের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি উর্দু।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা মূলত আওয়ামী লীগের কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা। আগামী ১০ বছরেও তিনি বাংলাদেশে ফিরবেন না।

এদিকে, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন শেখ হাসিনা। তবে বর্তমান বিএনপি সরকার তার এ ঘোষণা প্রত্যাখ্যান করেছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আইনগত প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই কেবল তার দেশে ফেরা গ্রহণযোগ্য হবে।

বিবিসি উর্দুর প্রতিবেদন অনুযায়ী, স্পিকার আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। ভারত তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর না করলে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) যাওয়ার কথাও জানান তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology