শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

৯ মাসেও প্রকাশ হয়নি ফল, নিজ বিভাগে শিক্ষক পদে আবেদন করতে পারছেন না শিক্ষার্থীরা

৯ মাসেও প্রকাশ হয়নি ফল, নিজ বিভাগে শিক্ষক পদে আবেদন করতে পারছেন না শিক্ষার্থীরা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় © টিসিডি ছবি ও সম্পাদিত

এই বছরের ফেব্রুয়ারী মাসে সকল একাডেমিক কার্যক্রম শেষ হওয়ার ০৯ মাস পার হলেও ফলাফল প্রকাশ নিয়ে অনিশ্চিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। এতে নিজ বিভাগের প্রভাষক পদে আবেদনেই বঞ্চিত হোন তারা। এ নিয়ে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।

গত অক্টোবরের ১০ তারিখে স্মারক নং: জাককানইবি/রেজি:/নবিজনি/১৬৩২/২২/৬৮০৬ এ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে নৃবিজ্ঞান বিভাগের জন্য ০২টি প্রভাষক পদের জন্য আবেদন আহ্বান করা হয়। যা নভেম্বরের ১৯ তারিখে আবেদনের সময় শেষ হয়।

ঐ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী দৈনিক কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের নৃবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ফলাফল প্রায় নয় মাস ধরে আটকে ছিল। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও মাস্টার্সের ফলাফল না থাকায় আমরা সেখানে আবেদন করতে পারিনি। আমাদের সুনির্দিষ্টভাবে মনে হয়েছে, আমাদের ক্যারিয়ারকে কোণঠাসা বা দমিয়ে রাখার উদ্দেশ্যেই দীর্ঘদিন ধরে ফলাফল আটকে রাখা হয়েছে।’

ঐ বর্ষের আরেক শিক্ষার্থী জানান, ‘সর্বশেষ আমাদের জানানো হয়েছিল, ফলাফল পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে পাঠানো হয়েছে। কিন্তু এরপরও প্রায় এক মাস পেরিয়ে গেলেও ফলাফল প্রকাশিত হয়নি। আদৌ ফলাফল প্রশাসনিক ভবনে পাঠানো হয়েছে কি না, সেটিও আমরা নিশ্চিতভাবে জানতে পারছি না। যারাই শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করেছেন, তাদের প্রত্যেককেই আশ্বাস দেওয়া হয়েছে যে পরবর্তী সপ্তাহে ফলাফল প্রকাশিত হবে। এভাবে দীর্ঘদিন ধরে শুধু আশ্বাসই দেওয়া হচ্ছে, কিন্তু ফলাফল প্রকাশের বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।’

ঐ শিক্ষার্থী আরো জানান, ‘ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রতার কারণে যেসব শিক্ষার্থীর প্রভাষক পদে আবেদন করার যোগ্যতা ছিল, তারাও বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেননি। ফলে তারা একটি গুরুত্বপূর্ণ চাকরির সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।’

এ নিয়ে উক্ত শিক্ষাবর্ষের পরীক্ষা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক জুয়েল মোল্যা বলেন, ‘আমাদের সঙ্কটের জায়গা আমরা ফ্যাকাল্টির মাত্র ০৩ জন। তাছাড়া মাস্টার্সের থিসিস পর্যালোচনার জন্য বাহিরের শিক্ষকদের কাছে পাঠানো হয়, সেগুলো আসতেও দেরি হয়। আমাদের ফলাফল পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে পাঠানো হয়েছে। আশা করি আগামী সপ্তাহে ফলাফল হয়ে যাবে। এখানে আসলে দায় এক অর্থে কারো নয়, আমরা আসলে ০৩ জনের বডি। একজনের অনুপস্থিতি এখানে কাজ অনেক দেরি করে দেয়।’

এদিকে এই আবেদনের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তরে ন্যুনতম ৩.৬০ সিজিপিএ (৪ স্কেলে) এবং সনাতনী পদ্ধতিতে সকল পর্যায়ে প্রথম বিভাগ চাওয়া হয়েছে। অথচ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অন্য বিভাগগুলোর ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জন্য আলাদা মানদণ্ড থাকলেও নৃবিজ্ঞান বিভাগ এ ক্ষেত্রে কোন শর্ত রাখেনি।

এ বিষয়ে নৃবিজ্ঞান বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক স্বপ্না পাপুল বলেন, “এই নিয়োগ বিজ্ঞপ্তি ইউজিসির নীতিমালা মেনেই করা হয়েছে, নীতিমালায় বলা আছে ন্যূনতম ৩.৫০ সিজিপিএ রাখার কথা। এখন বিশ্ববিদ্যালয়গুলোতে পরিবর্তন আসছে। আমরা ৩.৬০ করেছি। তাছাড়া ইউজিসির নীতিমালায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ফলাফলের ব্যাপারে কোনকিছু বলা নেই।”

তিনি আরও বলেন, ‘আমরা চেয়েছি ভালোরা আসুক। ৩.৬০ রেজাল্ট আমার বিভাগে অনেক আছে। এই শর্ত আবেদনের ক্ষেত্রে আমার বিভাগের শিক্ষার্থীদের বঞ্চিত করছে না, তো এটাতে আমি কোন সমস্যা দেখছি না

ফলাফল প্রকাশে বিলম্বতায় ঐ বর্ষের শিক্ষার্থীদের আবেদন না করতে পারার দায় কার এই বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ‘ফলাফল প্রকাশ একটা সমন্বিত প্রয়াস। এখানে পরীক্ষা নিয়ন্ত্রকের একটা বিষয় আছে। আমাদের একাডেমি কমিটির মিটিংয়ে দ্রুত ফলাফল প্রকাশের জন্য ঐ বর্ষের পরীক্ষা কমিটির সভাপতিকে কয়েকবার বলেছি। আমার জায়গা থেকে আমি চেয়েছিলাম ১৪ ব্যাচের (স্নাতকোত্তর ২০২৩-২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীরা যেন আবেদন করতে পারে।’

ইএইচআর/ সিটি/ ডিসি

সংশ্লিষ্ট ক্যাম্পাস: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
নির্মাণ : REM Technology