শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে সাবেক রাষ্ট্রপতির শ্যালককে প্রার্থী করল জামায়াত

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে সাবেক রাষ্ট্রপতির শ্যালককে প্রার্থী করল জামায়াত
কর্নেল (অব.) অধ্যাপক জিহাদ খান © ক্যাম্পাস টাইমস সম্পাদিত

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচনে প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অধ্যাপক জিহাদ খানের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক এবং দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য। খ্যাতিমান এই হৃদ্রোগ বিশেষজ্ঞ দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবায় নিয়োজিত রয়েছেন। এবার নিজ এলাকার মানুষের পাশে দাঁড়াতে রাজনৈতিক অঙ্গনে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

এদিকে, চলমান রাজনৈতিক সংকট নিরসনে প্রধানমন্ত্রীর আহ্বানে অনুষ্ঠিতব্য সংলাপে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট একসঙ্গে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একইভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মতবিনিময়েও জোটবদ্ধভাবে অংশ নেবে দলগুলো।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব তথ্য জানান। এ সময় কিশোরগঞ্জ-৩ আসনে জিহাদ খানের প্রার্থিতার বিষয়টিও আলোচনায় আসে।

জামায়াতের প্রার্থিতার বিষয়টি শুক্রবার বিকেলে নিশ্চিত করেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির মো. রমজান আলী। তিনি জানান, বৃহস্পতিবার কেন্দ্র থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অধ্যাপক জিহাদ খানের নাম ঘোষণা করা হয়েছে।

জিহাদ খান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য। পারিবারিক সম্পর্কের সূত্রে তিনি সাবেক দুবারের রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক। এ ছাড়া তিনি প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক চিকিৎসক আ ন ম নৌশাদ খানের ছোট ভাই।

বর্তমানে জিহাদ খান ইবনে সিনা হাসপাতালে কার্ডিওলজিস্ট হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে দীর্ঘদিন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হৃদ্রোগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সেখানে বিভাগের প্রধান হিসেবেও কাজ করেছেন।

প্রার্থিতার বিষয়ে জিহাদ খান বলেন, দীর্ঘদিন ধরে দেশ-বিদেশের অনেক মানুষকে চিকিৎসাসেবা দেওয়াসহ বিভিন্নভাবে সহযোগিতা করার সুযোগ হয়েছে তার। তবে নিজ এলাকার মানুষকে এভাবে সেবা করার সুযোগ পাননি। এবার সেই সুযোগ কাজে লাগাতে চান তিনি।

তিনি বলেন, করিমগঞ্জ ও তাড়াইলের মানুষের সেবা করতে চান। এর আগেও এলাকা থেকে আওয়ামী লীগ, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন তার কাছে গেছেন। ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়াসহ তাদের যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করেছেন।

এ ছাড়া গত ১৫-১৬ বছর ধরে কিশোরগঞ্জ জামায়াতে ইসলামীর নিয়মিত খোঁজখবর নেওয়া এবং বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন বলেও জানান তিনি।

এদিকে, চলমান রাজনৈতিক সংকট নিরসনে প্রধানমন্ত্রীর আহ্বানে অনুষ্ঠিতব্য সংলাপে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট একসঙ্গে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একইভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মতবিনিময়েও জোটবদ্ধভাবে অংশ নেবে তারা।

বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক শেষে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমাদের নির্বাহী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা ১১ দলীয় জোট জোটবদ্ধভাবেই আমরা এই সংলাপে অংশগ্রহণ করব। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময়ের জন্য চিঠি দিয়েছে সব দলকে। আমরা সেখানেও ১১ দলীয় ঐক্য জোটবদ্ধভাবে অংশ নেব।’

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের দিনক্ষণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। দিনক্ষণ হলে আমরা জানাব। সংলাপের সূচনা তো আমরাই করেছি, দাওয়াত এখানে কোন মুখ্য বিষয় না। খুব শীগগির দিনক্ষণ ঠিক হবে।’

তিনি জানান, বিরোধীদলীয় নেতা বিদেশ সফরে থাকায় সংলাপের দিনক্ষণ চূড়ান্ত হয়নি।

জুলাই সনদ বাস্তবায়নে জামায়াতের অবস্থান তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় মেনে নেওয়া হলে জাতীয় ঐক্যের জন্য আলাদাভাবে আহ্বান জানানোর প্রয়োজন হবে না।

এ সময় শেখ হাসিনার বিষয়ে ভারত সরকারের আগ্রহ এবং তাকে দেশে ফেরানোর বিষয়ে বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন তিনি।

পরওয়ার বলেন, ভারত একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে সহায়তা করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। ভারতের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ‘এই দেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। এটার আমরা তীব্র নিন্দা জানাই।’

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology