শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

তিন বছর ধরে ভাঙা সেতু, লোহার কাঠামো দিয়েই ঝুঁকি নিয়ে পারাপার

তিন বছর ধরে ভাঙা সেতু, লোহার কাঠামো দিয়েই ঝুঁকি নিয়ে পারাপার
মিয়ারচর খালের ওপর নির্মিত লোহার সেতুটি প্রায় তিন বছর ধরে চলাচলের অনুপযোগী © টিসিডি ছবি

বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের মিয়ারচর খালের ওপর নির্মিত লোহার সেতুটি প্রায় তিন বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। সেতুর কংক্রিটের মেঝের অধিকাংশই ভেঙে খালে পড়ে গেছে। এখন শুধু টিকে আছে লোহার কাঠামো। ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়েই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুলাদী ও গৌরনদী উপজেলার সীমান্তবর্তী নাজিরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মিয়ারচর গ্রামে সেতুটির অবস্থান। ২০১৯ সালে ইউনিয়ন পরিষদের অর্থায়নে মিয়ারচর খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়। তবে নির্মাণের কয়েক বছরের মধ্যেই স্রোতের তোড়ে সেতুর খুঁটি দেবে যায়। এতে কংক্রিটের মেঝেতে ফাটল দেখা দেয় এবং পরবর্তী সময়ে এর অধিকাংশ ভেঙে পড়ে।

সেতুটি দিয়ে প্রতিদিন নাজিরপুর ইউনাইটেড ডিগ্রি কলেজ, মিয়ারচর মাধ্যমিক বিদ্যালয়, মিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিয়ারচর দাখিল মাদ্রাসা ও নুরানি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা যাতায়াত করে। বিশেষ করে শিশু শিক্ষার্থীদের জন্য সেতুটি পার হওয়া অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দা রাসেল মুক্তাদির বলেন, দীর্ঘদিন ধরে সেতুটি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। লোহার কাঠামো ও অবশিষ্ট মেঝেতে সাবধানে পা ফেলে পারাপার হতে হয়। দ্রুত নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার পাশাপাশি আপাতত খাল পারাপারের নিরাপদ অস্থায়ী ব্যবস্থা করা প্রয়োজন।

মিয়ারচর গ্রামের বাসিন্দা আলী আশ্রাফ ব্যাপারী বলেন, নির্মাণের কয়েক বছরের মধ্যেই সেতুর খুঁটি দেবে যায়। এরপর কংক্রিটের মেঝে ভাঙতে শুরু করে। সেতুটি নতুন করে নির্মাণের উদ্যোগ নিয়ে ভাঙার কাজও শুরু হয়েছিল। কিন্তু পরে সেই কাজ বন্ধ হয়ে যায়। এতে স্থানীয়দের দুর্ভোগ আরও বেড়েছে।

স্থানীয়দের অভিযোগ, সেতুর মেঝে না থাকায় পারাপারের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সরু লোহার কাঠামোর ওপর দিয়ে চলাচল করতে গিয়ে পা পিছলে পড়ে আহত হচ্ছে শিশুরা। গত বর্ষা মৌসুমে মিয়ারচর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রবিন হোসেন ও জুনায়েদ সিদ্দিকীসহ কয়েকজন সেতু থেকে পিছলে পড়ে আহত হয়। বৃষ্টি হলে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এ সময় অভিভাবকেরা শিশুদের হাত ধরে সেতু পার করে দেন।

নাজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল খান বলেন, সেতুটি মুলাদী উপজেলার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও প্রয়োজনীয় বরাদ্দের অভাবে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

নাজিরপুর ইউনিয়নের প্রশাসক ও মুলাদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, সেতুটি ভেঙে সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ সম্পন্ন করা হবে।

মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সরওয়ার বলেন, মিয়ারচর সেতুটি সংস্কারের জন্য স্থানীয় বাসিন্দারা আবেদন করেছেন। শিগগিরই সেতুটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology