শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

‘মানবিকতা যতদিন অবমানিত হবে, নজরুল ততদিন প্রাসঙ্গিক’

‘মানবিকতা যতদিন অবমানিত হবে, নজরুল ততদিন প্রাসঙ্গিক’
অধ্যাপক ড. বেলা দাস © টিসিডি ছবি

পৃথিবীতে মানবিকতা যতদিন অবমানিত হবে, কাজী নজরুল ইসলাম ততদিন প্রাসঙ্গিক থাকবেন বলে মন্তব্য করেছেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বেলা দাস। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই দিনব্যাপী ‘আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন’-এর উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুলের সাহিত্য ও দর্শনের গভীরতা তুলে ধরে ড. বেলা দাস বলেন, ‘কাজী নজরুল ইসলাম কেবল একজন কবি নন, তিনি ছিলেন অন্যায় ও অসাম্যের বিরুদ্ধে দ্রোহের প্রধান উৎস। শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার অন্ধকার দূর করতে তাঁর লেখনী যুগ যুগ ধরে মুক্তিকামী মানুষকে সাহস জুগিয়েছে। বর্তমান অস্থির সময়েও মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় নজরুলের চেতনা আমাদের সবচেয়ে বড় আশ্রয়।’

এ সময় সম্মেলনে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রিজাউল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, বাংলা একাডেমির মহাপরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আজম এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জসীম উদ্দীন।

আয়োজকবৃন্দ জানান, ১৯২৬ সালে ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা এবং একই বছরে কাজী নজরুল ইসলামের সিলেট আগমনের শতবর্ষপূর্তিকে কেন্দ্র করে এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ ও সিলেটে নজরুল: মুক্তচিন্তা ও দ্রোহের উত্তরাধিকার’।

আয়োজক সূত্রে আরও জানা গেছে, এবারের সম্মেলনে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে মোট ১৭০টি গবেষণাপত্র জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে নির্বাচিত ১২৬টি প্রবন্ধ ১৩টি প্যারালাল অধিবেশনে উপস্থাপন করা হচ্ছে।

ইএইচআর/ সিটি/ ডিসি

সংশ্লিষ্ট ক্যাম্পাস: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নির্মাণ : REM Technology