শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

ভিকারুননিসায় চার শাখায় প্রথম শ্রেণিতে ভর্তি, এবার আসন ১৫৪৫

ভিকারুননিসায় চার শাখায় প্রথম শ্রেণিতে ভর্তি, এবার আসন ১৫৪৫
ভিকারুননিসার মূল শাখা

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর। প্রতিষ্ঠানটির চারটি শাখায় বাংলা ও ইংরেজি ভার্সনে এবার মোট ১ হাজার ৫৪৫টি আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। অনলাইনে আবেদন চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত এবং আগামী ১৫ ডিসেম্বর ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আবেদনের সময়সূচি ও ফি
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্ধারিত ভর্তি ব্যবস্থাপনার আওতায় [https://gsa.teletalk.com.bd](https://gsa.teletalk.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আগামী ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ থাকবে।

আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা, যা টেলিটকের প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে পরিশোধ করতে হবে। প্রতিষ্ঠানটির সব শাখায় বাংলা ভার্সন এবং মূল শাখায় ইংরেজি ভার্সনের প্রভাতি ও দিবা শিফটে শিক্ষার্থী ভর্তি করা হবে। আবেদনকারীদের মধ্য থেকে আগামী ১৫ ডিসেম্বর ডিজিটাল লটারির মাধ্যমে চূড়ান্তভাবে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

শাখাভিত্তিক আসন বিন্যাস
প্রতিষ্ঠানটির চারটি শাখায় আসন সংখ্যা ভিন্ন ভিন্নভাবে নির্ধারণ করা হয়েছে। মূল শাখায় মোট আসন রয়েছে ৭১৫টি। এর মধ্যে বাংলা ভার্সনের প্রভাতি শিফটে ২৭৫টি ও দিবা শিফটে ২২০টি আসন রয়েছে। পাশাপাশি মূল শাখায় ইংরেজি ভার্সনের প্রভাতি ও দিবা উভয় শিফটেই ১১০টি করে আসন বরাদ্দ রাখা হয়েছে।

অন্য শাখাগুলোর মধ্যে বসুন্ধরা শাখায় মোট আসন ৩৩০টি, যেখানে প্রভাতি ও দিবা প্রতিটি শিফটে ১৬৫টি করে আসন রয়েছে। একইভাবে আজিমপুর শাখায়ও মোট আসন ৩৩০টি, যার মধ্যে প্রভাতি ও দিবা শিফটে ১৬৫টি করে আসন নির্ধারিত আছে। অন্যদিকে ধানমন্ডি শাখায় মোট আসন ১৭০টি এবং এখানে প্রভাতি ও দিবা শিফটে ৮৫টি করে আসন রয়েছে।

নির্ধারিত ক্যাচমেন্ট এলাকা
আবেদনকারীদের সুবিধার্থে শাখা অনুযায়ী নির্দিষ্ট থানাগুলো ক্যাচমেন্ট এলাকা হিসেবে নির্ধারণ করা হয়েছে। মূল শাখার জন্য রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা ক্যাচমেন্ট এলাকা হিসেবে নির্ধারিত রয়েছে। ধানমন্ডি শাখার ক্ষেত্রে ধানমন্ডি ও কলাবাগান থানা ক্যাচমেন্ট এলাকার অন্তর্ভুক্ত।

বসুন্ধরা শাখার জন্য ভাটারা, খিলক্ষেত ও গুলশান থানা ক্যাচমেন্ট এলাকা হিসেবে নির্ধারণ করা হয়েছে। আর আজিমপুর শাখার জন্য নির্ধারিত ক্যাচমেন্ট এলাকা হলো লালবাগ, চকবাজার ও নিউ মার্কেট থানা।

দ্বিতীয় থেকে নবম শ্রেণির ভর্তি কার্যক্রম
প্রথম শ্রেণির পাশাপাশি উচ্চতর শ্রেণিগুলোতেও ভর্তির বিষয়ে বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে। দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে কেবল আসন শূন্য থাকা সাপেক্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে। বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর এসব শ্রেণিতে শূন্য আসনের সংখ্যা ঘোষণা করা হবে। এসব শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ, ভর্তি পরীক্ষা এবং ভর্তি সংক্রান্ত অন্যান্য কার্যক্রম প্রতিষ্ঠানটির নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology