শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
রাজশাহী কলেজে মানুষ-কবুতরের ভালোবাসার সংসার
সকালের আলো ফুটতেই রাজশাহী কলেজের পুরোনো ভবনের কার্নিশে শুরু হয় এক চেনা কোলাহল। দল বেঁধে উড়ে বেড়ায় কবুতর। কেউ খাবারের খোঁজে ছুটে যায়, কেউ আবার ফিরে আসে পুরোনো ঠিকানায়। আর তাদের অপেক্ষায় থাকেন ক্যাম্পাসের কিছু মানুষ। কারও হাতে গম, কারও চোখে মমতা। নিজের টাকায় কেনা গম ছড়িয়ে দেন, কেউ দায়িত্বের ফাঁকে সময় বের করে খাওয়ান পাখিগুলোকে। প্রতিদিনের এই ছোট্ট আয়োজনেই গড়ে উঠেছে মানুষ আর পাখির এক মায়ার সম্পর্ক।
নগরজুড়ে আধুনিক ভবন আর কংক্রিটের বিস্তারে কমছে পাখিদের আশ্রয়। হারিয়ে যাচ্ছে বাসা বাঁধার নিরাপদ জায়গা। অথচ রাজশাহী কলেজের পুরোনো ভবনগুলো এখনো আগলে রেখেছে জালালী কবুতরের আবাস। শুধু ভবনের কার্নিশ নয়, এখানকার মানুষের ভালোবাসাও যেন তাদের বেঁচে থাকার আরেকটি আশ্রয়।
১৮৭৩ সালে প্রতিষ্ঠিত রাজশাহী কলেজের প্রশাসনিক ভবন, হাজী মুহম্মদ মুহসীন ভবন ও দ্বিতীয় বিজ্ঞান ভবনসহ কয়েকটি পুরোনো ভবনে দীর্ঘদিন ধরে বসবাস করছে এসব কবুতর। দেয়ালের খাঁজ, কার্নিশ আর ছাদের নিচে বাসা বেঁধে বংশবিস্তার করছে তারা। কলেজের কর্মচারীদের ধারণা, বর্তমানে ক্যাম্পাসে কবুতরের সংখ্যা প্রায় ৪০০।
একমুঠো গমে ভালোবাসা
এই কবুতরগুলোর কাছে প্রতিদিনের সকাল মানেই পরিচিত কিছু মানুষের অপেক্ষা। তাঁদের একজন কলেজের নিরাপত্তাকর্মী মোহাম্মদ রাসেল। সকাল ৬টায় দায়িত্বে যোগ দেন তিনি। এর কিছুক্ষণ পরই নিজের টাকায় কেনা গম নিয়ে হাজির হন কবুতরগুলোর কাছে।
“কবুতরগুলোও তো প্রাণী। আমি তাদের খুব ভালোবাসি। আমার যতটুকু সামর্থ্য আছে, তা দিয়েই তাদের খাওয়ানোর চেষ্টা করি। কেউ কেউ আমাকে টাকা দিতে চান, আমি নিই না। তবে কেউ যদি টাকার পরিবর্তে একটু গম কিনে দেন, তাহলে সেটা নিয়ে তাদের খাওয়াই।”— মোহাম্মদ রাসেল, নিরাপত্তাকর্মী, রাজশাহী কলেজ
দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিদিনই সময় বের করেন তাদের খাবার দিতে। কবুতরগুলো কখনো তাঁর আশপাশে ঘুরে বেড়ায়, কখনো খাবারের অপেক্ষায় জড়ো হয়। দীর্ঘদিনের এই অভ্যাসে তৈরি হয়েছে এক অন্যরকম সম্পর্ক।

রাসেল বলেন, “কবুতরগুলোও তো প্রাণী। আমি তাদের খুব ভালোবাসি। আমার যতটুকু সামর্থ্য আছে, তা দিয়েই তাদের খাওয়ানোর চেষ্টা করি। কেউ কেউ আমাকে টাকা দিতে চান, আমি নিই না। তবে কেউ যদি টাকার পরিবর্তে একটু গম কিনে দেন, তাহলে সেটা নিয়ে তাদের খাওয়াই।”
কবুতরগুলোর প্রতি ভালোবাসা থেকেই এই দায়িত্ববোধ বলে জানান রাসেল। কোনো বিনিময়ের আশা নেই তাঁর। শুধু প্রতিদিন পাখিগুলোর মুখে খাবার তুলে দিতে পারলেই ভালো লাগে।
দুপুরে দায়িত্বে যোগ দেন আরেক কর্মচারী বাদল হোসেন। হাজিরা দিয়েই প্রশাসন ভবনের সামনে কবুতরগুলোকে খাবার দেন তিনি। এই খাবারও কেনা হয় নিজের টাকায়। দুই কর্মচারীর সামান্য এই উদ্যোগেই প্রতিদিন খাবার জোটে শত শত পাখির।
৩৫ বছরের স্মৃতিতে কবুতর
রাজশাহী কলেজের পরিচ্ছন্নতাকর্মী শ্রী অজয় ৩৫ বছর ধরে কাজ করছেন এই ক্যাম্পাসে। তাঁর বাড়িও কলেজের কাছাকাছি। তাঁর বাবাও কলেজের সঙ্গে যুক্ত ছিলেন। অজয়ের ভাষ্য, জন্মের পর থেকেই এসব কবুতর দেখে আসছেন তিনি। পরিবারের কাছ থেকে শুনেছেন, তাঁর দাদার সময়ের আগেও ক্যাম্পাসে কবুতর ছিল।
তাই কবুতরগুলো তাঁর কাছে শুধু পাখি নয়, দীর্ঘদিনের পরিচিত প্রতিবেশী। প্রতিদিন তাদের উড়ে বেড়ানো, কার্নিশে বসা কিংবা বাসায় ফিরে আসার দৃশ্য তাঁর কাছে চেনা জীবনের অংশ।
শিক্ষার্থীদেরও ভালো লাগার অংশ
কবুতরগুলোর আনাগোনা শুধু কর্মচারীদের নয়, শিক্ষার্থীদের মনেও তৈরি করেছে আলাদা ভালো লাগা। ক্লাসে যাওয়ার পথে কিংবা অবসর সময়ে দল বেঁধে উড়ে বেড়ানো কবুতর দেখতে থেমে যান অনেকেই। কেউ মুঠোফোনে ছবি তোলেন, কেউ ভিডিও করেন। আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন নিজের অনুভূতি। শিক্ষার্থীদের কাছে এসব কবুতর ক্যাম্পাসের সৌন্দর্যের পাশাপাশি ভালোবাসারও একটি অংশ। তাদের উপস্থিতি যেন ব্যস্ত শিক্ষাজীবনের মাঝে এনে দেয় একটু প্রশান্তি।
“কবুতরের আনাগোনা ক্যাম্পাসের সৌন্দর্য বাড়িয়ে তোলে। প্রতিদিন তাদের দল বেঁধে উড়ে বেড়ানোর দৃশ্য দেখতে ভালো লাগে। দীর্ঘদিন ধরে তারা এই ক্যাম্পাসে বসবাস করছে। তাই কবুতরগুলোও রাজশাহী কলেজের ঐতিহ্যের একটি অংশ।”— আশিক, দর্শন বিভাগ, রাজশাহী কলেজ
দর্শন বিভাগের শিক্ষার্থী আশিক বলেন, “রাজশাহী কলেজের পুরোনো ভবনগুলোতে কবুতরের আনাগোনা ক্যাম্পাসের সৌন্দর্য বাড়িয়ে তোলে। প্রতিদিন তাদের দল বেঁধে উড়ে বেড়ানোর দৃশ্য দেখতে ভালো লাগে। দীর্ঘদিন ধরে তারা এই ক্যাম্পাসে বসবাস করছে। তাই কবুতরগুলোও রাজশাহী কলেজের ঐতিহ্যের একটি অংশ।”
বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নওশীন চৌধুরী বলেন, “কর্মচারীদের নিয়মিত কবুতরগুলোকে খাবার দেওয়ার বিষয়টি খুব ভালো লাগে। মানুষের সঙ্গে পাখিদের এমন সহাবস্থান সত্যিই সুন্দর। তবে তাদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করাও জরুরি। পুরোনো ভবনগুলোর সংস্কারের সময় যেন কবুতরগুলোর বাসা ও বংশবিস্তারের বিষয়টি বিবেচনায় রাখা হয়।”
পুরোনো ভবনেই নিরাপদ আবাস
প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. সারওয়ার জাহান জানান, স্থানীয়ভাবে এসব কবুতর জালালী বা গোলা কবুতর নামে পরিচিত। এদের বৈজ্ঞানিক নাম Columba livia। ইংরেজিতে বলা হয় Rock Pigeon বা Rock Dove।
তিনি বলেন, রাজশাহী কলেজের পুরোনো ভবনগুলোর স্থাপত্যশৈলীতে থাকা বিভিন্ন খাঁজ ও আশ্রয়স্থল কবুতরের বাসা বাঁধার উপযোগী। আধুনিক ভবনগুলোতে এমন জায়গা কম থাকায় শহরে পাখিদের আবাসস্থলও সংকুচিত হচ্ছে।

কর্মচারী রাসেল জানান, কয়েক বছর আগে কবুতরের সংখ্যা অনেক কমে গিয়েছিল। ২০১৮ সালের দিকে ভবনগুলোতে রং করার সময় বাসা বাঁধতে সমস্যায় পড়ে কবুতরগুলো। একই সময়ে আশপাশের মাঠ ভরাট হওয়ায় ধান উৎপাদনের জায়গাও কমে যায়। ফলে খাবারের সংকটে অনেক কবুতর ক্যাম্পাস ছেড়ে চলে যায়। তখন মাত্র কয়েক জোড়া কবুতর ছিল বলে তাঁর মনে পড়ে। পরে ধীরে ধীরে আবার তাদের সংখ্যা বাড়তে থাকে।
“পুরোনো ভবনগুলোতে দীর্ঘদিন ধরেই কবুতরগুলোর বসবাস। আমি শিক্ষার্থী থাকাকালেও এসব কবুতর দেখেছি। পরে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে, এখন অধ্যক্ষ হিসেবেও দেখছি।”— অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী, অধ্যক্ষ, রাজশাহী কলেজ
ঐতিহ্যের সঙ্গে সহাবস্থান
রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী বলেন, “পুরোনো ভবনগুলোতে দীর্ঘদিন ধরেই কবুতরগুলোর বসবাস। আমি শিক্ষার্থী থাকাকালেও এসব কবুতর দেখেছি। পরে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে, এখন অধ্যক্ষ হিসেবেও দেখছি।”
তিনি জানান, প্রশাসন ভবন ও হাজী মুহম্মদ মুহসীন ভবনসহ বিভিন্ন পুরোনো ভবনের ছাদের নিচে কবুতরগুলো বাসা বাঁধে ও বংশবিস্তার করে। কলেজের শুভাকাঙ্ক্ষী ও কর্মচারীরা নিয়মিত তাদের খাবার দেন।
অধ্যক্ষ বলেন, কলেজ কর্তৃপক্ষ ক্যাম্পাসের জীববৈচিত্র্য রক্ষাকে গুরুত্ব দেয়। পাখি, গাছপালা ও অন্যান্য প্রাণীর স্বাভাবিক পরিবেশ যেন বিঘ্নিত না হয়, সে বিষয়ে সচেতন থাকার চেষ্টা করা হয়। তাদের ক্ষতি না করে মানুষের সঙ্গে সহাবস্থান বজায় রাখাই লক্ষ্য।
শহরের একের পর এক আধুনিক ভবন পাখিদের পুরোনো ঠিকানা কেড়ে নিচ্ছে। কিন্তু রাজশাহী কলেজে এখনো প্রতিদিন কেউ না কেউ অপেক্ষা করেন কবুতরগুলোর জন্য। নিজের পকেটের টাকায় কেনা একমুঠো গম, কিছুটা সময় আর সামান্য মমতায় টিকে আছে মানুষ ও পাখির এই গভীর সম্পর্ক।
ইএইচআর/ সিটি/ ডিসি









