শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

কৃষক কার্ডের দ্বিতীয় ধাপ শুরু ২ ডিসেম্বর, পাবেন যেসব এলাকার কৃষক

কৃষক কার্ডের দ্বিতীয় ধাপ শুরু ২ ডিসেম্বর, পাবেন যেসব এলাকার কৃষক
ছবি: এআই নির্মিত

কৃষকদের সরকারি সহায়তা সরাসরি পৌঁছে দেওয়া এবং কৃষিসেবা সহজ করতে ‘কৃষক কার্ড’ কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু হচ্ছে আগামী ২ ডিসেম্বর। এদিন কুষ্টিয়া সদর উপজেলায় কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ পর্যায়ে খুলনা ও ঢাকা বিভাগের প্রায় দুই লাখ ৯০ হাজার কৃষককে অন্তর্ভুক্ত করা হবে।

কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, খুলনা ও ঢাকা বিভাগের ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের কৃষি উপকরণ কেনার সহায়তা হিসেবে প্রায় ৬৭ কোটি ২০ লাখ টাকা দেওয়া হবে। এরপর আগামী ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর বিভাগের কৃষকদের জন্য কৃষক কার্ড বিতরণ ও কৃষি উপকরণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

রংপুর বিভাগের প্রায় এক লাখ ৫৪ হাজার কৃষক এ কর্মসূচির আওতায় আসবেন। তাঁদের মধ্যে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র এক লাখ ৩৭ হাজার কৃষকের ব্যাংক হিসাবে প্রায় ৩৪ কোটি ৪৩ লাখ টাকা দেওয়া হবে। দুই পর্যায়ে মোট প্রায় ১০১ কোটি ৬৩ লাখ টাকা কৃষি উপকরণ সহায়তা হিসেবে বরাদ্দ দেওয়া হচ্ছে।

কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, খুলনা, ঢাকা ও রংপুর বিভাগের প্রায় চার লাখ ৪৪ হাজার কৃষককে কর্মসূচির আওতায় আনা হবে। এর মধ্যে প্রায় চার লাখ ছয় হাজার কৃষক বছরে জনপ্রতি দুই হাজার ৫০০ টাকা করে কৃষি উপকরণ কেনার সহায়তা পাবেন। সরকারি আইবাস ব্যবস্থার মাধ্যমে সরাসরি তাঁদের ব্যাংক হিসাবে অর্থ পাঠানো হবে।

কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, দেশের কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে অর্থনীতির প্রধান খাতে পরিণত করতে সরকার কাজ করছে। আধুনিক চাষাবাদ পদ্ধতি ও প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে চাহিদা অনুযায়ী কৃষিপণ্য উৎপাদন নিশ্চিত করতেই কৃষক কার্ড কর্মসূচি চালু করা হয়েছে।

কৃষি সচিব সেলিম খান জানান, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের জমির পরিমাণ, ফসলের বৈচিত্র্য, কৃষিপণ্যের চাহিদা ও মাটির স্বাস্থ্যসহ বিভিন্ন তথ্য নিয়ে সমন্বিত তথ্যভান্ডার তৈরি করা হচ্ছে। এতে কৃষি ব্যবস্থাপনা আরও আধুনিক ও তথ্যনির্ভর হবে।

সরকারের লক্ষ্য, আগামী চার বছরে পর্যায়ক্রমে দেশের প্রায় দুই কোটি ৩৫ লাখ কৃষককে কৃষক কার্ডের আওতায় আনা। এ কার্ডের মাধ্যমে সার, বীজ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, সেচসেবা, সহজ শর্তে কৃষিঋণ, কৃষিযন্ত্র, প্রশিক্ষণ এবং আবহাওয়া ও বাজারদরের তথ্যসহ বিভিন্ন সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। সূত্র: আমার দেশ।

এসআইবি/ সিটি

নির্মাণ : REM Technology