শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

পড়াশোনা ঘণ্টার ফ্রেমে বন্দি নয়, টার্গেট থাকা উচিত টপিক শেষ করা—চবিতে ভর্তিচ্ছুদের পরামর্শ আরাফাতের

পড়াশোনা ঘণ্টার ফ্রেমে বন্দি নয়, টার্গেট থাকা উচিত টপিক শেষ করা—চবিতে ভর্তিচ্ছুদের পরামর্শ আরাফাতের
ছবি © ক্যাম্পাস টাইমস সম্পাদিত

২৩শ’ একরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাহাড়ঘেরা সবুজ ক্যাম্পাসে পা রাখার স্বপ্ন দেখে দেশের হাজারো ভর্তিচ্ছু শিক্ষার্থী। কিন্তু সেই স্বপ্নের পথটা কখনোই মসৃণ হয় না। গ্রাম থেকে নতুন শহরে পাড়ি জমানো, পরিবার থেকে দূরে থাকার নীরব কষ্ট, আর রুমমেটদের কটু কথা সামলে নিজের লক্ষ্য অটুট রাখা—এমনই এক সংগ্রামী পথচলার গল্প এস এম আরাফাতের। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তৃতীয় বর্ষে অধ্যয়নরত এই শিক্ষার্থী কীভাবে নিজেকে গড়ে তুলেছিলেন, ভর্তি প্রস্তুতির কৌশল, দৃঢ় মনোবল, প্রশ্নব্যাংকের ভূমিকা থেকে শুরু করে শেষ মুহূর্তের করণীয়—সবকিছু নিয়ে তার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন ক্যাম্পাস টাইমসের সঙ্গে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির শুরুটা কীভাবে হয়েছিল—এর জবাবে আরাফাত বলেন, প্রস্তুতির শুরুটা হয়েছিল কলেজে থাকা অবস্থায়, দ্বিতীয় বর্ষে। তখন আমার কলেজের ইংরেজি শিক্ষকের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে অনুপ্রেরণা পাই। পরবর্তীতে আমি বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ে গাইডলাইনমূলক ভিডিওগুলো ইউটিউবে দেখা শুরু করি। তারপর এইচএসসি পরীক্ষার পর পুরোদ্যমে ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু করে দেই। গ্রাম ছেড়ে শহরে পাড়ি দেই প্রস্তুতি নেওয়ার জন্য। প্রতিদিন পড়তে বসার আগে কাগজে লিখে রাখতাম আজকে কী কী পড়ব। নির্ধারিত সেই পড়াগুলো শেষ করার চেষ্টা করতাম প্রতিদিনই।

তবে প্রস্তুতি নিতে গিয়ে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছিল জানিয়ে তিনি বলেন, প্রস্তুতি নিতে গিয়ে খুব বেশি একটা হিমশিম খেতে হয়নি। তবে বাড়ি ছেড়ে শহরে চলে আসায় খুব খারাপ লাগত। আব্বু-আম্মুর কথা মনে পড়তেই কান্না চলে আসত। এর থেকেই মনে জন্ম নেয় তীব্র জেদ যে, আমাকে চান্স পেতে হবে, আমি চান্স পেয়েই দেখাব। তবে সমস্যা হচ্ছিল আমার রুমমেটদের নিয়ে। আমরা একসাথে প্রস্তুতি নিচ্ছিলাম। একই জায়গায় কোচিং করতাম। কিন্তু রুমে আমি পড়তে বসলে, তারা আমাকে নিয়ে নানান কটু কথা ও ঠাট্টা-বিদ্রুপ করত। যদিও তাদের কথা গায়ে লাগাইনি, তবে পরিবার থেকে দূরে থাকা অবস্থায় তাদের এমন কথায় মাঝে মাঝে ভীষণ কষ্ট লাগত।

বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন আগে থেকেই ছিল কি না—তা নিয়ে আরাফাত বলেন, হ্যাঁ। যখন আমার কলেজের ইংরেজি শিক্ষকের কাছ থেকে বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে পারি, তখন থেকেই অর্থাৎ এইচএসসি ২য় বর্ষ থেকেই বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখতে শুরু করি। আবার আমার কলেজের প্রিন্সিপাল স্যার ছিলেন আমার আব্বুর বন্ধু। তিনিও আমাকে নানাভাবে উৎসাহিত করতেন। তখন ইউটিউবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিডিও দেখতাম। আর তখনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আমার অনেক ভালো লাগে। এই ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমে পড়ে যাই।

প্রস্তুতির জন্য কোচিংয়ের প্রয়োজনীয়তা তুলে ধরে আরাফাত বলেন, একটা পরিপূর্ণ গাইডলাইনের জন্য কোচিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সম্পূর্ণ প্রস্তুতির জন্য কোচিং করতেই হবে, এমনটা নয়। আমার ক্ষেত্রে যদি বলি, শহরে এসে কোচিংয়ে ভর্তি হওয়াতে নতুন জায়গা, নতুন পরিবেশ, বাড়ির জন্য খারাপ লাগা ইত্যাদি কারণে ভালোভাবে পড়াশোনায় মনোযোগ দিতে পারিনি। যদি কোচিং না করে বাড়িতে থেকে নিজের মতো করে পড়তাম, তাহলে হয়ত আরও ভালো প্রস্তুতি নিতে পারতাম। তবে কোচিংয়ের মূল্যায়ন পরীক্ষাগুলো খুব কাজে লেগেছে।

বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য দৈনিক কয় ঘণ্টা পড়া প্রয়োজন— এ বিষয়ে আরাফাত বলেন, আসলে পড়াটাকে ঘণ্টার ফ্রেমে বন্দি করার পক্ষে আমি কখনোই না। লেখাপড়া করার জন্য নির্দিষ্ট কোনো ঘণ্টা বা সময় নেই। এটা সম্পূর্ণ নিজের সন্তুষ্টির ওপর। আমি খাতায় যে টপিকগুলো লিখে রাখতাম, সেগুলো শেষ না হওয়ার আগ পর্যন্ত পড়তে থাকতাম, তাতে যত ঘণ্টাই লাগত না কেন। আমার টার্গেট থাকত নির্ধারিত বিষয়গুলো শেষ করা।

চবির ভর্তি পরীক্ষার জন্য কোন কোন বিষয়ে গুরুত্ব দিতে হবে—এ প্রসঙ্গে তিনি বলেন, উচ্চ মাধ্যমিকের মূল পাঠ্যবইয়ের (বাংলা, ইংরেজি) প্রতিটি অধ্যায় ও খুঁটিনাটি তথ্য ভালোভাবে পড়তে হবে। নবম-দশমের বাংলা ব্যাকারণও গুরুত্বপূর্ণ। পাশাপাশি বিগত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করলে প্রশ্নের ধরন ও পুনরাবৃত্তি হওয়া টপিকগুলো বোঝা যায়। এর বাইরে ইংরেজি অংশ ভালোভাবে বুঝে বুঝে পড়তে হবে। আর ডি ইউনিটের জন্য মানসিক দক্ষতার প্রস্তুতি ভালোভাবে নেওয়া উচিত।

প্রশ্নব্যাংক সমাধানের গুরুত্ব তুলে ধরে আরাফাত বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য প্রশ্নব্যাংক সমাধান খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিগত বছরগুলোতে কেমন প্রশ্ন এসেছে ও পুনরাবৃত্তি হওয়া প্রশ্নগুলো ভালোভাবে বুঝে পড়লে, বেশি কমন পাওয়া যায়। তাই চবির জন্য প্রশ্নব্যাংক পড়তেই হবে এবং বারবার রিভিশন দিতে হবে।

পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট কীভাবে করেছিলেন—তার জবাবে আরাফাত বলেন, আমি পরীক্ষার হলে যেগুলো আগে কমন ছিল, সেগুলো উত্তর দিয়ে ফেলেছিলাম। পুরো প্রশ্নপত্র শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে দেখলাম ৬০% এর মতো উত্তর করতে পেরেছি। বাকি যেগুলো বাদ ছিল, সেগুলো পরবর্তীতে আবার পড়ে উত্তর করেছি। আর অবশ্যই প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে, সেটা মাথায় রেখেই দাগানো উচিত। না হলে পরবর্তীতে সঠিক উত্তরের নম্বরও কাটা যায় নেগেটিভ মার্কিংয়ের জন্য।

একদম শেষ সময়ে প্রস্তুতি কীভাবে নেওয়া উচিত—এ বিষয়ে আরাফাত বলেন, শেষ সময়ে সবকিছু নয়, শুধু যেগুলো দরকার সেটুকুই পড়া উচিত। অর্থাৎ যে অংশ গুরুত্বপূর্ণ সেটা পড়া। এরপর পুরোদমে রিভিশন শুরু করা উচিত। আর নতুন কোনো টপিক আর না পড়া, যা পড়া হয়েছে, সেগুলো বেশি বেশি করে রিভিশন দেওয়া, যেন এগুলো থেকে আসলে অন্তত মিস না হয়। আর শেষ সময়ে প্রশ্নব্যাংক সমাধান করতে হবে বেশি করে।

সবশেষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উদ্দেশে পরামর্শ দিয়ে আরাফাত বলেন, একটাই কথা বলব— Believe in Yourself. মন থেকে চাইলে, সবকিছুই পাওয়া সম্ভব। শুধু নিজের প্রতি বিশ্বাসটা থাকা জরুরি। আর এডমিশনের সময়টাতে বন্ধু-বান্ধব, আড্ডা, সোশাল মিডিয়ায় স্ক্রলিং, সময় নষ্ট— পুরোপুরি বাদ দিতে হবে। অর্থাৎ সেল্ফ ডিস্ট্র্যাক্ট হয় এমন সব জিনিস থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নিতে হভে। একাধিক দিকে মনোযোগ না দিয়ে, নির্দিষ্ট টার্গেটে মনোযোগ দিন। ধৈর্য নিয়ে পড়াশোনা ঠিকঠাক চালিয়ে যেতে হবে, নিয়মিত নামাজ আদায় ও আল্লাহর ওপর ভরসা রাখতে হবে। আর একটা খুব জরুরি বিষয় হলো— খুব বেশি চিন্তা করা যাবে না, অর্থাৎ পরীক্ষার টেনশনে যেন পরীক্ষা খারাপ না হয়। তাই চাপ নেওয়া যাবে না, তাকদিরে বিশ্বাস রাখতে হবে। বাকিটা আল্লাহ ভরসা।

ইএইচআর/ সিটি/ ডিসি

সংশ্লিষ্ট ক্যাম্পাস: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
নির্মাণ : REM Technology