শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
ভালো ছাত্ররা রাজনীতিতে না এলে গুণগত পরিবর্তন হবে না: আইনমন্ত্রী
ভালো ছাত্ররা রাজনীতিতে না এলে রাজনীতির গুণগত পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সরকার সকল রকম অপরাধের বিচার করতে বদ্ধপরিকর।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, অগ্নিসন্ত্রাস পতিত আওয়ামী লীগের আসল চরিত্র। তাদের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার ভুল করেনি। কার্যক্রম নিষিদ্ধ দলের নৈরাজ্যের বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ‘অগ্নিসন্ত্রাস যেটা হচ্ছে, এটা আওয়ামী লীগের আসল চরিত্র এবং তাদেরকে কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছে, সেটা তারাই জাস্টিফাই করছে যে, সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। দেশ এবং গোটা জাতি জানছে যে, দেশ এবং এই সরকার কোন ভুল করেনি। কারণ ওদের রাজনীতি হলো জ্বালাও, পোড়াও এবং সন্ত্রাস। আমরা তার বিরুদ্ধে আইনগত যা যা পদক্ষেপ নেওয়া দরকার তার সব নেব।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হাসান, পুলিশ সুপার আসিস বিন হাসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ইএইচআর/ বিএন/ ডিসি









