শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রাণ-প্রকৃতি রক্ষায় ব্যক্তিগত পর্যায় থেকেই পরিবর্তন আনতে হবে: জাবি উপাচার্য
উন্নয়নের নামে গাছপালা কাটা বন্ধ এবং প্রাণ-প্রকৃতি সুরক্ষায় ব্যক্তিগত পর্যায় থেকে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।
শুক্রবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে ‘প্রজাপতি মেলা-২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
উপাচার্য বলেন, ‘উন্নয়নের নামে গাছপালা কেটে ফেলা বন্ধ করতে হবে। প্রাণ-প্রকৃতি সুরক্ষায় আমাদের ব্যক্তিগত পর্যায় থেকেই পরিবর্তন আনতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার দায়িত্ব পালনকালে আর কোনো অপরিকল্পিত গাছ কর্তন করতে দেওয়া হবে না। প্রকৃতি সংরক্ষণ আমাদের জীবনের সুরক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।’
তিনি আরও বলেন, ‘আমরা ক্যাম্পাসে এমন একটি প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে প্রজাপতিকে কৃত্রিম নেটের মধ্যে নয়, বরং ফুল ও গাছের সান্নিধ্যে মুক্তভাবে দেখা যাবে।’
এবারের মেলায় প্রকৃতি সংরক্ষণে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের বিশিষ্ট পানি সম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাতকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। বন্যপ্রাণী গবেষণায় অবদানের জন্য পুরস্কৃত হন নাবিলা জামান জ্যোতি। আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন অরুণাভো ব্রুনো, দ্বিতীয় হন মাসুক আহম্মেদ এবং তৃতীয় স্থান অর্জন করেন ইকবাল এইচ বাবু।
বন্যপ্রাণী সংরক্ষণে গণমাধ্যমের অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মিডিয়া অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। দিনব্যাপী এ আয়োজনে র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পাপেট শোসহ নানা আয়োজন ছিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা। এ ছাড়া মেলার আহ্বায়ক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মানছুরুল হক, আইইউসিএনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বিপাশা হোসাইন, বন অধিদপ্তরের কর্মকর্তারা, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক এবং তথ্য কমিশনের প্রধান অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান উপস্থিত ছিলেন।
ইএইচআর/ বিএন/ ডিসি









