শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গায় লটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রী নিহত
চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধ বাহন লটাহাম্বারের ধাক্কায় তাসফিয়া ফারিহা (১০) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মৃত তাসফিয়া প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শেণির শিক্ষার্থী। এ ঘটনায় সম্রাট নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা মসজিদ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
তাসফিয়া ফারিহা একই ইউনিয়নের ছটেঙ্গাপাড়া গ্রামের খবির হোসেনের মেয়ে। আহত সম্রাট একই গ্রামের আব্দুল গফুরের ছেলে।
জানা গেছে, ফারিহা প্রতিদিনের মতো আজ শনিবার সকালে সম্রাটের বাইসাইকেলে চড়ে একটি অনুষ্ঠানে অংশ নিতে স্কুলে যাচ্ছিল। সে কালা মসজিদের কাছে পৌঁছলে জীবননগর থানার দিক থেকে আসা মাটিভর্তি দ্রুতগতির একটি লটাহাম্বার ফারিহার বহনকারী সাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাইকেলচালক সম্রাটের হাত ভেঙে যায়। একই সঙ্গে শরীরের বিভিন্ন যায়গায় আঘাত পায়।
এদিকে ঘটনার পরপরই মাটিভর্তি অবৈধ লটাহাম্বারের চালক ও গাড়িতে থাকা অন্যরা পালিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ওসি শেখ সোলায়মান জানান, মাটিভর্তি লটাহাম্বারের ধাক্কায় ফারিহা নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়। লটাহাম্বারটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। চালককে আইনের আওতায় আনতে ইতোমধ্যে কাজ শুরু করেছে একটি টিম।
ইএইচআর/ সিটি/ ডিসি









