শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

পরীক্ষায় ২৭ শতাংশ খাদ্যপণ্যে অনিয়ম, দেশে বাজার থেকে প্রত্যাহার ৩৭টি

পরীক্ষায় ২৭ শতাংশ খাদ্যপণ্যে অনিয়ম, দেশে বাজার থেকে প্রত্যাহার ৩৭টি
ছবি: এআই নির্মিত

দেশে খাদ্যপণ্যের মান নিয়ে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) পরীক্ষায়। নয় মাসে পরীক্ষা করা খাদ্য নমুনার প্রায় ২৭ শতাংশে অনিয়ম শনাক্ত হয়েছে। এ সময়ে নিম্নমানের ও সম্ভাব্য ঝুঁকিপূর্ণ ৩৭টি খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার সংসদ ভবনে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব তথ্য উপস্থাপন করা হয়। বিএফএসএর প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত তিন ধরনের পরীক্ষাগারে মোট ২৫ হাজার ৫২১টি খাদ্য নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬ হাজার ৯২৮টি নমুনায় অনিয়ম পাওয়া যায়।

প্রত্যাহার করা পণ্যের তালিকায় রয়েছে ভোজ্য তেল, রুটি, কেক, গুড়, আচার, শিশুখাদ্য, সেমাই, চকোলেট, পানীয় ও গুঁড়ো দুধসহ বিভিন্ন খাদ্যপণ্য।

এত বিপুলসংখ্যক নমুনায় অনিয়ম পাওয়ার পরও কেন মাত্র ৩৭টি পণ্য প্রত্যাহার করা হয়েছে, এমন প্রশ্নের জবাবে বিএফএসএ চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, সব ধরনের অনিয়মের ক্ষেত্রে একই ব্যবস্থা নেওয়া হয় না। দূষণের মাত্রা, পণ্যের ব্যবহার এবং কারা সেটি গ্রহণ করছেন—এসব বিবেচনায় নিয়ে ব্যবস্থা নেওয়া হয়। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য তৈরি খাবারের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

তিনি জানান, সাধারণত কোনো ব্র্যান্ডের সব পণ্য নয়, বরং উৎপাদনের নির্দিষ্ট ব্যাচ প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। উৎপাদককে লিখিতভাবে জানানো হয় এবং কর্তৃপক্ষের ৭২টি মাঠ কার্যালয় বাজার থেকে পণ্য সরানোর কার্যক্রম তদারক করে।

প্রতিবেদনে বলা হয়, সরকার-স্বীকৃত পরীক্ষাগারে ১ হাজার ৬১৭টি নমুনার মধ্যে ৬১৮টিতে অনিয়ম পাওয়া গেছে। ভ্রাম্যমাণ পরীক্ষাগারে ৯ হাজার ৬৭৯টি নমুনার মধ্যে ৯০১টি এবং ছোট পরীক্ষাগারে ১৪ হাজার ২২৫টি নমুনার মধ্যে ৫ হাজার ৪০৯টিতে সমস্যা শনাক্ত হয়েছে।

এ সময়ে খাদ্য উৎপাদনকেন্দ্রে ১৪৩টি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে বিএফএসএ। এসব অভিযানে ১৩৭টি মামলা, ১ কোটি ৯৫ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এবং সাতজনকে কারাদণ্ড দেওয়া হয়।

খাদ্যে ভেজাল রোধে আরও কঠোর আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রাখার কথাও বলেছেন তিনি। এদিকে খাদ্য মন্ত্রণালয় গুরুতর অনিয়মের ক্ষেত্রে ১০ লাখ টাকা পর্যন্ত প্রশাসনিক জরিমানার বিধান রেখে আইন সংশোধনের প্রস্তাব দিয়েছে।

খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারি জানিয়েছেন, ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় বড় পরীক্ষাগার স্থাপনের পাশাপাশি জেলা পর্যায়ে ছোট পরীক্ষাগার ও ভ্রাম্যমাণ পরীক্ষাকেন্দ্র বাড়ানোর পরিকল্পনা রয়েছে। আমদানি করা খাদ্যপণ্য বাজারে প্রবেশের আগে বাধ্যতামূলক পরীক্ষা ও ছাড়পত্র দেওয়ার উদ্যোগও নেওয়া হচ্ছে। সূত্র: বিডিনিউজ২৪.কম।

এসআইবি/ সিটি

নির্মাণ : REM Technology