শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

এইচএসসির পর বিদেশে উচ্চশিক্ষা, প্রস্তুতি ও আবেদন নিয়ে যা জানা জরুরি

এইচএসসির পর বিদেশে উচ্চশিক্ষা, প্রস্তুতি ও আবেদন নিয়ে যা জানা জরুরি
আন্তর্জাতিক শিক্ষার্থী

এইচএসসি পাসের পর বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন দেখেন অনেক শিক্ষার্থী। তবে কোন দেশে পড়তে যাবেন, কীভাবে বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন, কী কী কাগজপত্র লাগবে এবং বৃত্তির সুযোগ কীভাবে পাওয়া যাবে এসব বিষয়ে স্পষ্ট ধারণা না থাকায় অনেকেই উদ্যোগ নিতে পারেন না। অথচ আগে থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নিলে উচ্চমাধ্যমিক শেষ করেই বিদেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করা সম্ভব।

বিদেশে উচ্চশিক্ষার জন্য শুধু ভালো ফলাফল থাকলেই হয় না; প্রয়োজন পাসপোর্ট, ভাষাগত দক্ষতা, প্রয়োজনীয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি, একাডেমিক কাগজপত্র এবং আর্থিক পরিকল্পনা। দেশ ও বিশ্ববিদ্যালয়ভেদে এসব শর্তের ভিন্নতা রয়েছে। তাই এইচএসসি পরীক্ষার পর থেকেই পরিকল্পিতভাবে প্রস্তুতি নেওয়া জরুরি।

পাসপোর্ট তৈরি করুন: বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করার পর প্রথমেই পাসপোর্ট আছে কি না, তা নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ে আবেদন ও পরবর্তী প্রক্রিয়ায় পাসপোর্ট প্রয়োজন হতে পারে। তাই আবেদনের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে আগেই পাসপোর্ট তৈরি করে রাখা ভালো। এতে আবেদন করার সময় তাড়াহুড়ো এড়ানো সম্ভব হবে।

ইংরেজি ভাষার দক্ষতা যাচাই: বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভাষাগত দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে দেশ ও বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতে চান, সেখানকার নির্ধারিত ভাষাগত যোগ্যতা পূরণ করতে হবে। ইংরেজি মাধ্যমে পড়াশোনার জন্য সাধারণত আইইএলটিএস, টোয়েফল আইবিটি ও পিটিই একাডেমিক পরীক্ষার ফলাফল গ্রহণ করা হয়। তবে বিশ্ববিদ্যালয়ভেদে পরীক্ষার গ্রহণযোগ্যতা ও প্রয়োজনীয় স্কোর আলাদা হতে পারে।

এখানে মনে রাখতে হবে, আইইএলটিএস, টোয়েফল ও পিটিই ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের পরীক্ষা। অন্যদিকে, স্নাতক পর্যায়ে ভর্তির জন্য যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয়ে স্যাট বা অ্যাক্ট প্রয়োজন হতে পারে। জিআরই সাধারণত স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন প্রোগ্রামে এবং জিম্যাট মূলত এমবিএ ও ব্যবসায়ভিত্তিক স্নাতকোত্তর প্রোগ্রামে ব্যবহৃত হয়।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইংরেজি দক্ষতার শর্ত আলাদা। কোনো বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ৬.০ গ্রহণযোগ্য হলেও অন্য বিশ্ববিদ্যালয়ে ৬.৫ বা ৭.০ প্রয়োজন হতে পারে। আবার কোনো কোনো বিশ্ববিদ্যালয় প্রতিটি ব্যান্ডে নির্দিষ্ট স্কোর চায়। জার্মানি, ফ্রান্স, জাপান, চীন ও দক্ষিণ কোরিয়ায় ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগ রয়েছে। তবে স্থানীয় ভাষায় পড়তে চাইলে সংশ্লিষ্ট ভাষায় দক্ষতার প্রমাণ দিতে হতে পারে।

তাই আগে বিশ্ববিদ্যালয় ও পছন্দের বিষয় নির্বাচন করে প্রয়োজনীয় ভাষাগত ও ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া উচিত।

লক্ষ্য নির্ধারণ করুন: কেউ এইচএসসি পাসের পর বিদেশে পড়তে যাচ্ছেন বলে আপনাকেও যেতে হবে বিষয়টি এমন নয়। বিদেশে উচ্চশিক্ষার সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের বয়স, শিক্ষাগত যোগ্যতা, আর্থিক সামর্থ্য ও পরিবারের সম্মতি বিবেচনায় নিতে হবে। কোন বিষয়ে পড়তে চান এবং ভবিষ্যতে কী ধরনের পেশায় যেতে চান, সেটিও আগে ঠিক করা প্রয়োজন।

পড়াশোনার ফলাফল গুরুত্বপূর্ণ: বিদেশের ভালো বিশ্ববিদ্যালয় বা পছন্দের বিষয়ে ভর্তির ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষাজীবনের ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিভাগে ইমেইল করে পরামর্শ নেওয়া যেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে ইংরেজি দক্ষতার পরীক্ষার স্কোরও ভর্তি বা পছন্দের বিষয় পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে।

ক্রেডিট ট্রান্সফারের সুযোগ: দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে একটি কোর্সে কিছুদিন পড়াশোনা করার পর একই বা সংশ্লিষ্ট কোর্সে বিদেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ থাকতে পারে। এ ক্ষেত্রে দেশে সম্পন্ন করা কোর্সের ক্রেডিট গ্রহণ করবে কি না, তা সংশ্লিষ্ট বিদেশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারণ করবে।

ক্রেডিট ট্রান্সফারের জন্য প্রয়োজনীয় কাগজপত্র: একাডেমিক সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট ও প্রত্যয়নপত্র।

কোর্সের আউটলাইন ও পাঠ্যতালিকা।

কোর্সের লেভেল সম্পর্কিত তথ্য।

কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অনুষদ কর্তৃক সুপারিশপত্র।

কোর্স মূল্যায়নের পদ্ধতি।

গ্রেডিং পদ্ধতি সম্পর্কিত তথ্য।

কোর্সের মেয়াদ, লেকচার, ল্যাবরেটরি ও ফিল্ডওয়ার্কের সময়সংক্রান্ত তথ্য।

পরীক্ষা, রচনা ও প্রজেক্টের বিবরণ।

কোন দেশে পড়তে যাবেন: বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাধারণত দুই ধরনের শিক্ষার্থী দেখা যায়। একদল ফুল ফান্ডেড বৃত্তি নিয়ে পড়তে যেতে চান, অন্যদল নিজস্ব অর্থায়নে পড়াশোনা করতে চান। এ ছাড়া তুলনামূলক কম খরচে ভালো মানের উচ্চশিক্ষার সুযোগ খুঁজছেন এমন শিক্ষার্থীও রয়েছেন।

এইচএসসির পর বৃত্তি নিয়ে বিদেশে পড়তে আগ্রহীরা কয়েকটি সরকারি বৃত্তির খোঁজ নিতে পারেন।

ইন্ডিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ (আইসিসিআর)

ইন্দোনেশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ (কেএনবি)

মিশরীয় সরকারি বৃত্তি

রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ

আজারবাইজান গভর্নমেন্ট স্কলারশিপ

চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ (সিএসসি)

জাপানিজ গভর্নমেন্ট স্কলারশিপ (মেক্সট)

রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ

হাঙ্গেরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ (স্টিপেনডিয়াম হাঙ্গেরিকাম)

ব্রুনেই দারুসসালাম গভর্নমেন্ট স্কলারশিপ

তুর্কিশ গভর্নমেন্ট স্কলারশিপ (তুর্কিয়ে স্কলারশিপস)

তবে সব বৃত্তিতে স্নাতক পর্যায়ে আবেদনের সুযোগ নেই। প্রতিটি বৃত্তির আবেদনের সময়, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত আলাদা। সাধারণত বছরের বিভিন্ন সময়ে এসব বৃত্তির আবেদন শুরু হয়। তাই এইচএসসি পরীক্ষার পর থেকেই প্রস্তুতি নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট দেশের দূতাবাস ও সরকারি ওয়েবসাইটে নজর রাখা উচিত।

কোন কোন ভর্তি পরীক্ষা দিতে হবে: বিদেশে স্নাতক পর্যায়ে ভর্তির জন্য সব দেশে একই ধরনের পরীক্ষা দিতে হয় না। কোন পরীক্ষা প্রয়োজন হবে, তা নির্ভর করে দেশ, বিশ্ববিদ্যালয় ও পছন্দের বিষয়ের ওপর।

যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে ভর্তির জন্য স্যাট অথবা অ্যাক্ট প্রয়োজন হতে পারে। তবে বর্তমানে অনেক বিশ্ববিদ্যালয়ে টেস্ট-অপশনাল নীতি চালু রয়েছে। অর্থাৎ, কিছু বিশ্ববিদ্যালয়ে এসব পরীক্ষার স্কোর ছাড়াও আবেদন করা যায়।

যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও ইউরোপের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি মাধ্যমে পড়াশোনার জন্য আইইএলটিএস, টোয়েফল অথবা পিটিই একাডেমিক পরীক্ষার স্কোর প্রয়োজন হতে পারে। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, রাশিয়া ও তাইওয়ানেও স্থানীয় ভাষার পাশাপাশি ইংরেজি মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামে পড়ার সুযোগ রয়েছে। ইংরেজি মাধ্যমে পড়তে চাইলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভাষাগত শর্ত পূরণ করতে হবে। স্থানীয় ভাষায় পড়াশোনা করতে চাইলে সেই ভাষায় দক্ষতার প্রমাণ দিতে হবে।

এ ছাড়া কিছু বিশেষায়িত বিষয়ে ভর্তির জন্য আলাদা ভর্তি পরীক্ষা, সাক্ষাৎকার, পোর্টফোলিও বা অন্যান্য যোগ্যতা প্রয়োজন হতে পারে। তাই আবেদন করার আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নির্দিষ্ট কোর্সের ভর্তি-সংক্রান্ত শর্ত দেখে নেওয়া জরুরি।

একাডেমিক ও প্রফেশনাল রাইটিংয়ের প্রস্তুতি: বিদেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও বৃত্তির আবেদনে একাডেমিক এবং প্রফেশনাল রাইটিংয়ের প্রয়োজন হতে পারে। অনেক বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময় স্টেটমেন্ট অব পারপাস (এসওপি), রাইটিং স্যাম্পল এবং অন্যান্য লিখিত উপকরণ জমা দিতে হয়। এসব লেখায় শিক্ষার্থীর একাডেমিক আগ্রহ, লক্ষ্য ও প্রস্তুতির বিষয় তুলে ধরতে হয়।

বিশ্ববিদ্যালয় ও বিভাগভেদে রাইটিং স্যাম্পলের ধরন আলাদা হতে পারে। তাই আবেদনের আগে থেকেই একাডেমিক লেখালেখির চর্চা করা প্রয়োজন।

কীভাবে ডকুমেন্ট পাঠাবেন: বিদেশের বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ আবেদন অনলাইনে করা যায়। তবে কোনো কোনো ক্ষেত্রে অনলাইনে আবেদন করার পর তার প্রিন্ট কপি এবং প্রয়োজনীয় কাগজপত্র কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হয়। বিশেষ করে ক্রেডিট ট্রান্সফারের ক্ষেত্রে একাডেমিক কাগজপত্র ও কোর্সসংক্রান্ত তথ্য পাঠানোর প্রয়োজন হতে পারে।

কুরিয়ারে ডকুমেন্ট পাঠানোর আনুমানিক খরচ: এশিয়ার দেশগুলোতে প্রায় ১ হাজার ৩০০ টাকা।

ইউরোপের দেশগুলোতে প্রায় ১ হাজার ৪০০ টাকা।

আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে প্রায় ১ হাজার ৫০০ টাকা।

ডেলিভারিতে এশিয়ার দেশগুলোতে দুই থেকে চার কর্মদিবস এবং ইউরোপ ও আমেরিকায় চার থেকে পাঁচ কর্মদিবস লাগতে পারে। তবে কুরিয়ার প্রতিষ্ঠান ও গন্তব্যভেদে খরচ ও সময়ের পরিবর্তন হতে পারে।

বিদেশে পড়তে কত খরচ হতে পারে: নিজস্ব অর্থায়নে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের খরচ নির্ভর করে দেশ, বিশ্ববিদ্যালয়, শহর ও পছন্দের বিষয়ের ওপর। তুলনামূলক কম খরচে পড়াশোনার জন্য মালয়েশিয়া ও চীনকে বিকল্প হিসেবে বিবেচনা করা যেতে পারে।

প্রদত্ত তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় নিজ খরচে পড়াশোনার জন্য প্রথম বছরে প্রায় ৮ থেকে ১৬ লাখ টাকা এবং চীনে প্রায় ৮ থেকে ১৪ লাখ টাকা বাজেট রাখতে হতে পারে। তবে ব্যবসায় শিক্ষা, মানবিক, বিজ্ঞান, প্রকৌশল ও চিকিৎসাবিজ্ঞানের মতো বিষয়ভেদে খরচের পার্থক্য রয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ব্যয়বহুল শহরে পড়াশোনার খরচ আরও বেশি হতে পারে।

অন্যদিকে, ইউরোপ, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের মতো দেশে নিজস্ব অর্থায়নে পড়তে গেলে সাধারণত আরও বেশি অর্থের প্রয়োজন হয়। ফুল ফান্ডেড বৃত্তি পেলে টিউশন ফি ও আবাসন খরচের বড় অংশ কিংবা সম্পূর্ণটাই বৃত্তির আওতায় আসতে পারে। কোনো কোনো বৃত্তিতে মাসিক হাতখরচ ও স্বাস্থ্যবিমার ব্যবস্থাও থাকে।

রিকমেন্ডেশন লেটার সংগ্রহ: বিদেশে উচ্চশিক্ষার আবেদনে লেটার অব রিকমেন্ডেশন গুরুত্বপূর্ণ। সাধারণত শিক্ষার্থীকে ভালোভাবে চেনেন এমন দুই থেকে তিনজন ব্যক্তির কাছ থেকে সুপারিশপত্র নেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে শিক্ষক, মেন্টর কিংবা চাকরি করলে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে সুপারিশপত্র নেওয়া যেতে পারে। সুপারিশপত্রে শিক্ষার্থীর যোগ্যতা, দক্ষতা ও সম্ভাবনা যথাযথভাবে তুলে ধরা গুরুত্বপূর্ণ।

কীভাবে বৃত্তির খোঁজ পাবেন: বিভিন্ন দেশের বৃত্তির যোগ্যতা ও আবেদনের শর্ত আলাদা। তাই প্রথমেই কোন দেশের কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে চান, তা নির্ধারণ করতে হবে। এরপর সংশ্লিষ্ট দেশের সরকারি ওয়েবসাইট ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে বৃত্তির তথ্য সংগ্রহ করতে হবে। বাংলাদেশে অবস্থিত সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা যেতে পারে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের বৃত্তির তথ্য পাওয়া যেতে পারে।

আরও দেখুন: সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও এমবিএ করার সুযোগ দিচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, মিলবে বিভিন্ন ভাতা

বিদেশে উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা: বিদেশে উচ্চশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক শিক্ষাব্যবস্থা, গবেষণার সুযোগ ও আন্তর্জাতিক পরিবেশের সঙ্গে পরিচিত হতে পারেন। পাশাপাশি নিজের কাজ নিজে করার অভ্যাস তৈরি হয় এবং আত্মনির্ভরশীলতা বাড়ে।

বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দেশে ও বিদেশে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে সহায়ক হতে পারে। অনেক দেশে শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট শর্তে খণ্ডকালীন কাজের সুযোগও রয়েছে। ফলে পড়াশোনার পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ পাওয়া যেতে পারে। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের শিক্ষার্থী ভিসা ও কাজের নিয়ম মেনে চলতে হবে।

বিভিন্ন দেশে ভর্তির প্রক্রিয়া: যুক্তরাজ্যে স্নাতক পর্যায়ে পড়তে আগ্রহীরা ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিশন সার্ভিসের (ইউকাস) ওয়েবসাইটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত তথ্য ও আবেদনপ্রক্রিয়া জানতে পারেন। পাশাপাশি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও ভর্তি, খরচ ও আবেদনের বিস্তারিত তথ্য পাওয়া যায়।

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য ঢাকায় আমেরিকান সেন্টার থেকে পরামর্শ ও তথ্য সহায়তা নেওয়া যেতে পারে। দেশটির বিশ্ববিদ্যালয়, ভর্তি, আবেদনের সময়সীমা ও প্রক্রিয়া সম্পর্কে এডুকেশনইউএসএ ওয়েবসাইটেও তথ্য পাওয়া যায়।

কানাডার বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ইংরেজি ভাষার দক্ষতা গুরুত্বপূর্ণ। আইইএলটিএসসহ প্রয়োজনীয় ভাষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয়ভেদে নির্ধারিত হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি ও আবেদনের বিস্তারিত তথ্য পাওয়া যায়।

জার্মানিতে ইংরেজি ও জার্মান—দুই ভাষাতেই পড়াশোনার সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামভেদে টিউশন ফি দিতে হতে পারে। তবে কিছু জার্মান ভাষার প্রোগ্রামে টিউশন ফি ছাড়াই পড়ার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে জার্মান ভাষায় দক্ষতার প্রমাণ প্রয়োজন হতে পারে। পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগও রয়েছে।

মালয়েশিয়ায় বাংলাদেশের অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষা নিতে যাচ্ছেন। দেশটিতে অস্ট্রেলিয়ার কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসও রয়েছে।

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার ক্ষেত্রে আইইএলটিএস স্কোর ও এইচএসসির ফলাফল গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় ও কোর্সভেদে ভর্তির যোগ্যতা আলাদা। ফলাফল তুলনামূলক কম হলে কেউ কেউ সরাসরি স্নাতক কোর্সের পরিবর্তে ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়ে পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রোগ্রামে যাওয়ার সুযোগ খুঁজতে পারেন।

আরও দেখুন: সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তরের সুযোগ দিচ্ছে সুইডেনের চালমার্স ইউনিভার্সিটি অব টেকনোলজি

পরিচিত কয়েকটি বৃত্তি: বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীরা বিভিন্ন আন্তর্জাতিক বৃত্তির খোঁজ নিতে পারেন। ডাড (ডিএএডি) স্কলারশিপ, ফুলব্রাইট স্কলারশিপ, শেভেনিং স্কলারশিপ, কমনওয়েলথ মাস্টার্স স্কলারশিপ, ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ, প্রিমর্স্কা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ, লুব্লিয়ানা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ, বিলাটেরাল স্কলারশিপ, জিইএ কলেজ স্কলারশিপ, ইউরোপিয়ান কংগ্রেস অব ম্যাথমেটিক্যাল স্কলারশিপ, জোজেফ স্টেফান ইনস্টিটিউট পিএইচডি ফেলোশিপ, আইইডিসি ব্লেড স্কুল অব ম্যানেজমেন্ট স্কলারশিপ, স্লোভেনীয় মানবসম্পদ উন্নয়ন স্কলারশিপ।

বিশ্বের পরিচিত কয়েকটি বিশ্ববিদ্যালয়: বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য পরিচিত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে— হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্যালিফোর্নিয়া, ইউনিভার্সিটি অব ওয়াশিংটন, সিয়াটল, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ইম্পেরিয়াল কলেজ লন্ডন, ইটিএইচ জুরিখ, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, সুইস ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজি, ইউনিভার্সিটি অব শিকাগো।

বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা বাস্তবায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আগে থেকেই লক্ষ্য নির্ধারণ, বিশ্ববিদ্যালয় ও কোর্স সম্পর্কে তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা। পাশাপাশি বৃত্তি ও ভর্তির শর্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইট থেকে যাচাই করে আবেদন করা উচিত।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology