বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
জার্মানিতে উচ্চশিক্ষা: যাওয়ার আগে যে ৯টি বিষয় জানা জরুরি
উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় গন্তব্যগুলোর একটি জার্মানি। দেশটির উন্নত শিক্ষাব্যবস্থা, বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ এবং সমৃদ্ধ অর্থনীতি শিক্ষার্থীদের আকৃষ্ট করছে। পাশাপাশি জার্মানির সাংস্কৃতিক মূল্যবোধ, সময়ানুবর্তিতা ও সামাজিক সংহতিও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশেষ আকর্ষণ তৈরি করেছে।
তবে উচ্চশিক্ষার উদ্দেশ্যে জার্মানি যাওয়ার আগে কিছু বিষয়ে প্রস্তুতি নেওয়া জরুরি। এতে নতুন পরিবেশে মানিয়ে নেওয়া এবং পড়াশোনা চালিয়ে যাওয়া সহজ হবে।
১. আবাসন বা বাসস্থানের ব্যবস্থা
জার্মানিতে পৌঁছানোর পর বাসস্থান খুঁজে পাওয়া বেশ চ্যালেঞ্জিং এবং ব্যয়বহুল হতে পারে। বিশেষ করে বড় শহরগুলোতে আবাসনসংকটের কারণে শিক্ষার্থীদের সমস্যায় পড়তে হয়। তাই দেশটিতে যাওয়ার আগেই আবাসনের ব্যবস্থা করে রাখা ভালো। এতে সেখানে পৌঁছানোর পর নতুন পরিবেশে জীবনযাপন শুরু করা অনেক সহজ হবে।
২. জার্মান ভাষা শেখা
জার্মানিতে উচ্চশিক্ষার জন্য যাওয়ার আগে দেশটির ভাষা সম্পর্কে প্রাথমিক ধারণা রাখা জরুরি। যদিও অনেক বিশ্ববিদ্যালয়ে ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগ রয়েছে, তবে দৈনন্দিন জীবনযাপন, যোগাযোগ ও সামাজিক পরিবেশে মানিয়ে নিতে জার্মান ভাষা জানা বেশ সহায়ক। ভাষার প্রাথমিক জ্ঞান থাকলেও কেনাকাটা, যাতায়াত ও বিভিন্ন ব্যবহারিক কাজে সুবিধা পাওয়া যায়।
৩. পছন্দের প্রোগ্রাম সম্পর্কে গবেষণা
আবেদনের আগে নিজের পছন্দ ও যোগ্যতা অনুযায়ী বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাপ্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানা প্রয়োজন। কোন বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ে পড়ার সুযোগ রয়েছে, কোর্সের পাঠ্যক্রম কী এবং ভর্তির যোগ্যতা কী—এসব বিষয় আগেই যাচাই করতে হবে। পাশাপাশি আবেদনের সময়সীমা সম্পর্কেও সচেতন থাকতে হবে। এতে পছন্দের বিষয়ে আবেদনের সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা কমবে।
আরও দেখুন: স্নাতকোত্তরে ফেলোশিপ দিচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়
৪. ভিসা ও রেসিডেন্স পারমিট
ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর শিক্ষার্থীদের জার্মানিতে উচ্চশিক্ষার জন্য সাধারণত শিক্ষার্থী ভিসা প্রয়োজন হয়। তাই ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র, আর্থিক সক্ষমতার প্রমাণ এবং অন্যান্য শর্ত সম্পর্কে আগে থেকেই ধারণা রাখতে হবে। জার্মানিতে পৌঁছানোর পর দীর্ঘমেয়াদি অবস্থানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে রেসিডেন্স পারমিট বা আবাসিক অনুমতিও নিতে হবে।
৫. স্বাস্থ্যবিমা
জার্মানিতে বসবাস ও পড়াশোনার ক্ষেত্রে স্বাস্থ্যবিমা বাধ্যতামূলক। তাই দেশটিতে যাওয়ার আগে স্বাস্থ্যবিমা সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে। শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সাশ্রয়ী স্বাস্থ্যবিমার ব্যবস্থা রয়েছে। নিজের বয়স, শিক্ষাপ্রতিষ্ঠান ও অবস্থানের ধরন অনুযায়ী উপযুক্ত বিমা নির্বাচন করা জরুরি।
৬. সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে অভিযোজন
জার্মানির সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ বাংলাদেশের তুলনায় অনেকটাই আলাদা। দেশটির মানুষ ব্যক্তিগত গোপনীয়তা, সময়ানুবর্তিতা এবং নিয়মকানুন মেনে চলাকে বিশেষ গুরুত্ব দেন। তাই এসব মূল্যবোধ সম্পর্কে আগে থেকে ধারণা রাখা প্রয়োজন। স্থানীয় সংস্কৃতি ও সামাজিক রীতিনীতি বুঝতে পারলে নতুন পরিবেশে মানিয়ে নেওয়া সহজ হবে।
৭. খণ্ডকালীন কাজের সুযোগ
জার্মানিতে অনেক আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন কাজ করেন। এর মাধ্যমে তাঁরা নিজেদের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয়ের একটি অংশ বহন করতে পারেন। তবে কাজের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত আইনি সীমাবদ্ধতা সম্পর্কে জানতে হবে। পাশাপাশি পড়াশোনার ক্ষতি না করে কাজের সময় ও একাডেমিক দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি।
আরও দেখুন: সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ দিচ্ছে চীন
৮. নেটওয়ার্কিং ও সামাজিক যোগাযোগ
নতুন দেশে পড়াশোনা করতে গিয়ে একাকিত্ব ও সামাজিক বিচ্ছিন্নতা তৈরি হতে পারে। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব, সংগঠন ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা যেতে পারে। সহপাঠী, শিক্ষক এবং অন্যান্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ তৈরি করলে নতুন পরিবেশে মানিয়ে নেওয়া সহজ হয়। পাশাপাশি ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনের জন্যও এসব যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
৯. আর্থিক প্রস্তুতি
জার্মানিতে উচ্চশিক্ষার জন্য যাওয়ার আগে সম্ভাব্য খরচ সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি বা সেমিস্টার কন্ট্রিবিউশন, বাসাভাড়া, খাবার, যাতায়াত, স্বাস্থ্যবিমা এবং অন্যান্য প্রয়োজনীয় খরচের হিসাব করতে হবে। পাশাপাশি শিক্ষার্থী ভিসার আবেদনের সময় নিজের জীবনযাত্রার ব্যয় বহনের আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হয়। তাই যাওয়ার আগেই প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা ও একটি বাস্তবসম্মত বাজেট তৈরি করা জরুরি।
আরও দেখুন: ফুল ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
সব মিলিয়ে, জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ কাজে লাগাতে শুধু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াই যথেষ্ট নয়; প্রয়োজন সঠিক পরিকল্পনা ও আগাম প্রস্তুতি। আবাসন, ভাষা, ভিসা, স্বাস্থ্যবিমা এবং আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে আগে থেকেই ধারণা থাকলে নতুন দেশে পড়াশোনা ও জীবনযাপন অনেকটাই সহজ হয়ে উঠবে।
ইএইচআর/ সিটি/ ডিসি









