শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শীত মৌসুমে উখিয়া-টেকনাফে সক্রিয় মানবপাচার চক্র
শীত মৌসুম শুরু হতেই কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র। সাগরপথে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন সংগ্রহ করছে চক্রটি। পরে তাদের টেকনাফের দুর্গম পাহাড়ের গোপন আস্তানায় আটকে রেখে চালানো হচ্ছে নির্যাতন। অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের কাছে দাবি করা হচ্ছে লাখ লাখ টাকা মুক্তিপণ। ভুক্তভোগীদের অভিযোগ, এসব আস্তানায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর সদস্যরাও ভারী অস্ত্র নিয়ে অবস্থান করছেন।
গত ৫ নভেম্বর টেকনাফের পাহাড়ি এলাকায় মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে ছয় রোহিঙ্গাসহ ৫৬ জনকে উদ্ধার করা হয়। এ সময় পাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলিতে শহীদ হন এক সেনাসদস্য। উদ্ধার হওয়া ব্যক্তিদের কয়েকজনের দাবি, পাহাড়ের এসব আস্তানায় ৪০টির বেশি ভারী অস্ত্র রয়েছে। চক্রের বড় একটি অংশ মিয়ানমারের নাগরিক বলেও তারা অভিযোগ করেছেন।
উদ্ধার হওয়া ফরিদপুরের কলাগাছিয়া গ্রামের এসএম আসাদুজ্জামান জানান, কক্সবাজারে কাজ করার সুবাদে তিনজন রোহিঙ্গার সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। পরে তাঁকে টেকনাফের পাহাড়ে নিয়ে ১০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়। এরপর তার পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
আরেক ভুক্তভোগী রিদুয়ান জানান, এক রাত পাহাড়ি আস্তানায় থাকার পর তারা জানতে পারেন, তাদের এক লাখ টাকায় বিক্রি করা হয়েছে। কুড়িগ্রামের সোহেল আহমেদ বলেন, আস্তানায় তাকে মারধরসহ শারীরিক নির্যাতন করা হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শীত মৌসুমে সাগর তুলনামূলক শান্ত থাকায় অবৈধভাবে মালয়েশিয়াগামী যাত্রার প্রবণতা বাড়ে। এ সুযোগ কাজে লাগিয়ে মানবপাচারকারীরা দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন সংগ্রহ করে। পাশাপাশি দীর্ঘদিনের প্রত্যাবাসন অনিশ্চয়তা, কর্মসংস্থানের অভাব ও জীবিকার সংকটে থাকা রোহিঙ্গাদেরও পাচারের ফাঁদে ফেলছে চক্রটি।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, দীর্ঘদিনের হতাশা ও প্রত্যাবাসন অনিশ্চয়তার কারণে রোহিঙ্গাদের একটি অংশ উন্নত জীবনের আশায় সমুদ্রপথে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন। মানবপাচারকারীরা তাদের অসহায়ত্বকে পুঁজি করে এ সুযোগ কাজে লাগাচ্ছে।
অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর বলেন, শীতকালে সমুদ্র তুলনামূলক শান্ত থাকায় অবৈধভাবে সাগরপথে যাত্রার প্রবণতা বাড়ে। মানবপাচার একটি আন্তদেশীয় অপরাধ। তাই এটি প্রতিরোধে সংশ্লিষ্ট দেশগুলোর গোয়েন্দা সংস্থার মধ্যে সমন্বয়, কার্যকর তদন্ত এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা জরুরি।
আইনজীবী মো. তৌহিদুল এহেছান বলেন, অপহরণ ও মুক্তিপণের আতঙ্কে টেকনাফের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
অপরাধীদের শক্ত ঘাঁটি ভেঙে দিয়ে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
এদিকে মানবপাচার ও অপহরণ দমনে টেকনাফে বিশেষ পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান বলেন, শীত মৌসুমে মানবপাচারকারীদের তৎপরতা বেড়ে যায়। এ কারণে অপরাধ দমনে বিশেষ পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ৬ হাজার ৫০১ জন রোহিঙ্গা সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করেন। তাঁদের মধ্যে ৮৯২ জনের মৃত্যু বা নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে।
বিশেষজ্ঞদের মতে, প্রত্যাবাসন অনিশ্চয়তা, জীবিকার সংকট, নিরাপত্তাহীনতা এবং আন্তদেশীয় অপরাধী চক্রের তৎপরতা- সব মিলিয়ে উখিয়া-টেকনাফে মানবপাচারের ঝুঁকি বাড়ছে। শুধু উদ্ধার অভিযান নয়, পাহাড়ি আস্তানাগুলোতে কারা অর্থ, অস্ত্র ও লোকবল সরবরাহ করছে, সেই নেপথ্যের হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা না গেলে এই অপরাধ নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে।
ইএইচআর/ সিটি/ ডিসি









