শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে প্রজাপতি মেলা
‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে ১৬তম প্রজাপতি মেলা ২০২৬।
শুক্রবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সম্মুখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম মেলার উদ্বোধন করেন।
উপাচার্য বলেন, উন্নয়নের নামে গাছপালা কেটে ফেলা বন্ধ করতে হবে এবং প্রাণ-প্রকৃতি সুরক্ষায় ব্যক্তিগত পর্যায় থেকে পরিবর্তন আনতে হবে।
তিনি আরও বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দায়িত্বে থাকা অবস্থায় আর কোনো অপরিকল্পিত গাছ কর্তন করতে দেওয়া হবে না। প্রকৃতি সংরক্ষণ করা আমার জীবনের সুরক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা ক্যাম্পাসে এমন প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে প্রজাপতিকে কৃত্রিম নেটের মধ্যে নয়, বরং ফুল ও গাছের সান্নিধ্যে মুক্তভাবে দেখা যাবে।
আয়োজক কমিটির সভাপতি ও প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেন বলেন, মূলত মেলার আয়োজন করি প্রজাপতির গুরুত্ব ও প্রকৃতিতে তাদের ভূমিকা সম্পর্কে মানুষকে জানাতে। প্রজাপতি পরাগায়নের মাধ্যমে সবুজ বনভূমি ও উদ্ভিদজগৎ টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
তিনি আরও বলেন, এ মেলার মাধ্যমে আমরা সবাইকে প্রজাপতি সম্পর্কে জানার এবং তাদের সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানাই। যেন আগামী দিনগুলোতে প্রজাপতির পাশাপাশি গাছপালা ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণেও ভূমিকা রাখতে পারি। আজকের এ আয়োজনে শিশুদের অংশগ্রহণ ও ছোটবেলা থেকেই তাদের মধ্যে প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের বোধ তৈরি করতে পারলে ভবিষ্যতে তারাই এ কাজে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, প্রজাপতি মেলার আহ্বায়ক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মানছুরুল হক, আইইউসিএন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বিপাশা হোসাইন, বন অধিদপ্তরের কর্মকর্তাগণ, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য কমিশনের প্রধান অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এবারের মেলায় প্রকৃতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য বাংলাদেশের বিশিষ্ট পানি সম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাতকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বন্য প্রাণী গবেষণায় অবদান রাখায় নাবিলা জামান জ্যোতিকে পুরস্কৃত করা হয়। এছাড়া আলোকচিত্র প্রতিযোগিতায় পুরস্কৃত করা হয় ইকবাল এইচ বাবু (৩য় স্থান), মাসুক আহাম্মেদ (২য় স্থান), অরুণাভো ব্রুনো (১ম স্থান)।
বন্য প্রাণী সংরক্ষণে মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয় ব্রডকাস্ট ক্যাটাগরিতে আকিব সুলতান অর্ণব (এনটিভি), প্রিন্ট ক্যাটাগরিতে যুগ্মভাবে ওসমান সরদার (দৈনিক যায় যায়দিন), বেনজির হোসেন (দৈনিক ইত্তেফাক), ডিজিটাল ক্যাটাগরিতে যুগ্মভাবে মো. আতাউর রহমান (দৈনিক বণিক বার্তা) ও সাগর হোসাইন (দৈনিক নিউ এইজ)।
ইএইচআর/ বিএন/ ডিসি









