শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
ফের বাড়ল সোনার দাম, ভরিতে ২ লাখ ছাড়াল
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা। শনিবার (২৮ নভেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শনিবার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার অলংকারের নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে।
বাজুসের নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ২৮০ টাকা। সে হিসাবে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ১৬ হাজার ৫০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি ভরির দাম পড়বে ১ লাখ ৯২ হাজার ৫১০ টাকা।
১৮ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ১৭৫ টাকা। সে হিসাবে প্রতি ভরি সোনার দাম দাঁড়াবে ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা।
অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৫৫৫ টাকা। এ হিসাবে প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ২৬০ টাকা। প্রতি ভরির দাম পড়বে ৩ হাজার ৩৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ২৫০ টাকা, প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ২১৫ টাকা, প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার দাম ১৬৫ টাকা, প্রতি ভরি ১ হাজার ৯২৫ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে নিজ প্রতিষ্ঠানের স্বর্ণালংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পুরোনো স্বর্ণালংকার কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও কেনার ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন নির্ধারিত দাম কার্যকর থাকবে।
ইএইচআর/ সিটি/ ডিসি









