শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

নির্বিকার জাতীয় বিশ্ববিদ্যালয়

বিএড কলেজের মানহীন সনদে সরকারের কোটি টাকা গচ্চা

বিএড কলেজের মানহীন সনদে সরকারের কোটি টাকা গচ্চা

ভর্তির মৌসুমে শুরুতে শিক্ষকদের চটকদার তালিকা দেখানো হয়; কিন্তু তাদের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয় না পুরো টাকা শোধ করে ভর্তি না হওয়া অবধি। ভর্তির পরে দেখা যায়, তালিকাভুক্ত শিক্ষকদের কেউ ওই বিএড কলেজের সঙ্গে নেই। কারণ, টানা চার বছর পড়ানোর পর শুধু শিক্ষক নামটাই জুটেছে কপালে। বেতন-ভাতার খবর নেই; কিন্তু এসব কলেজের ডক্টরেট ডিগ্রিধারী মালিকরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বেসরকারি কলেজ শাখার পিওন থেকে ডিডি ও ডাইরেক্টর সবার জন্য উপঢৌকন নিয়ে হাজির হন ভর্তি মৌসুমের শুরুতেই। একই উপঢৌকন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের জন্যও। এমন রেওয়াজ চলছে বহু বছর ধরে।

এদিকে প্রতিমাসেই সরকার মানহীন বেসরকারি বিএড কলেজ থেকে জোগাড় করা সার্টিফিকেট দেখিয়ে কোষাগার থেকে বাড়তি টাকা নিচ্ছেন এমপিওর সঙ্গে। কোটি কোটি টাকা অপচয় দেখার যেন কেউ নেই! বিএড স্কেল পেতে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বিএড সনদ বাধ্যতামূলক। মানসম্পন্ন হওয়ায় সরকারি টিটিসিতে যেতে চান না এমপিওভুক্তদের অধিকাংশ। তাদের পছন্দ বেসরকারি বিএড কলেজ বা বেসরকারি বিশ্ববিদ্যালয়।

দৈনিক আমাদের বার্তার অনুসন্ধানে জানা যায়, মানহীন বিএড কলেজ থেকে দামি উপঢৌকন পেয়ে সবচেয়ে মারাত্মক ও বেপরোয়া কাজ করেছে পলাতক সাবেক ভিসি ও অধ্যাপক ড. হারুন অর রশীদ ও মশিউর রহমান। তাদের নির্দেশে শাখা থেকে ২০১৮ ও ২০১৯ খ্রিষ্টাব্দ থেকে জারি করা ভর্তি আদেশ ও কলেজের তালিকায় গণমাধ্যমের কণ্ঠরোধী নির্দেশনাও ছিল! সাংবাদিকদের তীব্র প্রতিবাদের মুখে ওই আদেশ চাপা রাখলেও গত অক্টোবর মাসে আবার বিএড কলেজের তালিকার সঙ্গে সেই লাইন যুক্ত করে তালিকা প্রকাশ করা হয়। কয়েকঘণ্টার মধ্যে উপাচার্যের নির্দেশে তালিকা সংশোধন করা হলেও বিতর্কিত ও মানহীন কলেজগুলো ভর্তিচ্ছুকদের পুরোনো আদেশটাই দেখাচ্ছেন।

অনুসন্ধানে জানা যায়, বিগত আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকারের সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বেসরকারি কলেজ শাখার কর্মচারী পারভেজের বিরুদ্ধে ঘরে বসেই বিএড সার্টিফিকেট পাওয়ার অভিযোগ রয়েছে। কিছুদিন অন্য শাখায় থেকে গত এক বছরের বেশি সময় ধরে বেসরকারি শাখায় কর্মরত সেই পারভেজ গং, যাদের প্রধান দায়িত্ব মানহীন বিএড কলেজের বিরুদ্ধে মাউশি অধিদপ্তরের মহাপরিচালকের কাছে যত লিখিত অভিযোগ আসে, সব গায়েব করে দেওয়া। পারভেজ গংদের বিএড সার্টিফিকেট যাচাই করলে পাওয়া যাবে চোখ কপালে ওঠা তথ্য। এমনটাই দাবি নাম প্রকাশে অনিচ্ছুক অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তার। যদিও দৈনিক আমাদের বার্তার প্রশ্নের জবাবে পারভেজ দাবি করেছেন মানহীন বিএড কলেজের কয়েকজন ভুয়া ডক্টরেট ডিগ্রিধারী ডিজি অফিসে আসেন এমপিওভুক্তির ধান্দায়। আমি যেহেতু বহুদিন ডিজির পিএ পদে ছিলাম, তাই তাদের সঙ্গে পরিচয়মাত্র।

অনুসন্ধানে জানা যায়, ২০২৪ খ্রিষ্টাব্দের ৫ আগস্টের পর মানহীন বিএড কলেজে সরেজমিন অনুসন্ধান চালিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ও মন্ত্রণালয়; কিন্তু পরে উভয় সংস্থার কতিপয় ব্যক্তি ম্যানেজ হয়েছেন মর্মে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের সত্যতা মেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শাখার কর্তাদের প্রতিক্রিয়া ও কলেজের তালিকা ও চিঠির ভাষায়।

গত ১৯ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোতে বিএড-এ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এদিকে বারবার অভিযোগ করার পরও তা গায়েব হয়ে যায় যেসব কলেজের, সেগুলোর মধ্যে কয়েকটি নাম নিশ্চিত হওয়া গেছে।

মর্ডান টিচার্স ট্রেনিং কলেজ, নিউ সার্কুলার রোড, মৌচাক মার্কেট, ঢাকা। তাদের মালিকপক্ষের একজন রাতের ভোটের এমপি ছিলেন ঢাকার বাইরের নির্বাচনি এলাকা থেকে। মাস্তানি করতেন এ কলেজের শিক্ষকরা। ৫ আগস্টের পর কলেজটিকে পলাতকদের আখড়া বানিয়েছিলেন। পুলিশ মালিক পক্ষকে খুঁজলেও মাউশি অধিদপ্তরে কলেজটির বিরুদ্ধে করা কোনো অভিযোগেরই কপি থাকে না। সব গায়েব।

এমনই আরেকটি কলেজে গতকাল শুক্রবার সকালে সদ্য এমপিওভুক্ত ও ভর্তিচ্ছুক কয়েকজন প্রতারণার শিকার হয়েছেন। নাম তার মহানগর টিচার্স ট্রেনিং কলেজ, আজিমপুর, ঢাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভর্তিচ্ছুক জানান, তারা ভর্তির জন্য টাকা পয়সা আগেই বিকাশে জমা দিয়েছেন। আজকে গিয়ে জানতে পারেন তাদের পিরোজপুরের একটা বেসরকারি বিএড কলেজ থেকে নিবন্ধন করিয়ে দেওয়া হবে। এতে ভর্তিচ্ছুরা নারাজি দেন। প্রতিষ্ঠানটির কর্ণধারদের প্রতিক্রিয়া জানতে চাইলে তারা কোনো উত্তর দেননি। প্রায় একই রকম অভিযোগ আরও কয়েকটি কলেজের বিরুদ্ধে।

এ ছাড়া সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুসরণ করে শিক্ষা কার্যক্রম পরিচালিত করার জন্য বলা হয়েছে।

ইএইচআর/ বিএন/ ডিসি

সংশ্লিষ্ট ক্যাম্পাস: জাতীয় বিশ্ববিদ্যালয়
নির্মাণ : REM Technology