শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
পরিবারের হাল ধরতে স্কুল ছেড়ে কঠিন শ্রমে গাজার শিশুরা
যুদ্ধের কারণে ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে চরম সংকটে পড়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষ। পরিবারের খাবারের জোগান দিতে এবার স্কুল ছেড়ে কঠিন শ্রমে যুক্ত হচ্ছে অনেক শিশু। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করেও তাদের জীবনে ফিরছে না স্বস্তি।
গাজার ১৫ বছর বয়সী কিশোর আহমেদ আল-জাবদার জীবনেও এসেছে এমন পরিবর্তন। একসময় স্কুলে পড়াশোনা, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করেই কাটত তার দিন। কিন্তু যুদ্ধ কেড়ে নিয়েছে সেই স্বাভাবিক জীবন। গাজা সিটির শুজাইয়া এলাকা থেকে বাস্তুচ্যুত হওয়ার পাশাপাশি ইসরায়েলি হামলায় ঘরবাড়ি ও পরিবারের আয়ের উৎস হারিয়েছে সে। এখন পরিবারের খরচ জোগাতে কঠোর পরিশ্রম করতে হচ্ছে তাকে।
আহমেদ জানায়, প্রতিদিন সকাল ৭টায় কাজে বের হতে হয়। সূর্য ডোবার পরও কাজ চালিয়ে যেতে হয় তাকে। পরিবারের ভরণপোষণের জন্য আয় করা ছাড়া তার সামনে আর কোনো উপায় নেই। সারাদিনের পরিশ্রমের কারণে রাতে শরীরের ব্যথায় ঘুমাতেও পারে না সে।
আহমেদ বলে, ‘সকাল ৭টায় কাজে যাই, সূর্য ডোবার পরও কাজ করতে হয়। উপায় নেই, নিজের ও পরিবারের খরচ চালাতে আয় করতে হবে। রাতে ব্যথায় ঘুমাতে পারি না। পিঠ, পা আর হাতে খুব যন্ত্রণা হয়।’
শুধু শারীরিক কষ্টই নয়, শৈশবের স্বাভাবিক আনন্দ থেকেও বঞ্চিত হচ্ছে আহমেদ। তার বয়সী শিশুদের যেখানে স্কুলে যাওয়ার, খেলাধুলা করার এবং স্বাধীনভাবে বেড়ে ওঠার কথা, সেখানে তাকে ভাবতে হচ্ছে পরিবারের খাবারের ব্যবস্থা নিয়ে।
নিজের পরিস্থিতি তুলে ধরে আহমেদ বলে, ‘আমার বয়সী কোনো শিশুরই এমন কাজ করার কথা নয়। আমাদের স্কুলে পড়ার কথা, খেলাধুলা করে স্বাধীনভাবে বেড়ে ওঠার কথা। কিন্তু এখানে আমাদের কোনো স্বাধীনতা নেই। হয় কাজ করতে হবে, নয়তো খাবার জুটবে না।’
ছেলের এমন পরিস্থিতি মেনে নিতে পারছেন না তার মা। তিনি চান, আহমেদ আবার পড়াশোনায় ফিরে যাক। তার ভাষ্য, ছেলে পড়াশোনায় ভালো ছিল এবং শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের একজন। কিন্তু পরিবারের ছোট ছোট সন্তানদের ভরণপোষণের কথা ভেবে এখন তাকে কাজে নামতে হয়েছে।
আহমেদের মা বলেন, ‘আমি চাই না ও কাজ করুক। চেয়েছিলাম পড়াশোনা চালিয়ে যাক। ও খুব ভালো ছাত্র, ক্লাসের সেরাদের একজন। কিন্তু ওর ভাইবোনরা এখনো ছোট। তাদের খরচ চালাতে ও আমাদের সাহায্য করছে।’
আহমেদ একা নয়, যুদ্ধবিধ্বস্ত গাজায় তার মতো বহু শিশু পরিবারের আর্থিক সংকট মোকাবিলায় শ্রমের বাজারে যুক্ত হচ্ছে। কেউ ধ্বংসস্তূপ থেকে নির্মাণসামগ্রী সংগ্রহ করছে, কেউ পানি বহন করছে। আবার অনেক শিশু জীবনের ঝুঁকি নিয়ে কঠিন ও কষ্টকর কাজে নিয়োজিত হচ্ছে।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের হিসাব অনুযায়ী, গাজায় প্রায় ৮ লাখ বাস্তুচ্যুত শিশু মানবেতর পরিস্থিতিতে দিন কাটাচ্ছে। তাদের অনেকেই তাঁবু কিংবা ক্ষতিগ্রস্ত ভবনে আশ্রয় নিয়েছে। এসব শিশুর জন্য প্রয়োজনীয় মৌলিক সেবার পর্যাপ্ত ব্যবস্থাও নেই। ফলে যুদ্ধের ধ্বংসযজ্ঞের পাশাপাশি দারিদ্র্য ও অনিশ্চয়তার মধ্যে হারিয়ে যাচ্ছে তাদের শৈশব, শিক্ষা ও স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ।
সূত্র: রয়টার্স
ইএইচআর/ বিএন/ ডিসি









