শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

শরীরে ৮টি গুলি, ডান পায়েও আঘাত—চিকিৎসার ১০ দিন পর লোকালয়ে ফিরে বন্য হাতির তাণ্ডব

শরীরে ৮টি গুলি, ডান পায়েও আঘাত—চিকিৎসার ১০ দিন পর লোকালয়ে ফিরে বন্য হাতির তাণ্ডব
আহত বন্য হাতি

শরীরে আটটি গুলির ক্ষত, ডান পায়েও গুরুতর আঘাত। চিকিৎসার পর বনের ভেতরে পর্যবেক্ষণে রাখা হয়েছিল হাতিটিকে। কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে ওঠার আগেই ১০ দিনের মাথায় আবারও লোকালয়ে ফিরে এসেছে গুলিবিদ্ধ সেই বন্য হাতি।

শনিবার (২৮ নভেম্বর) ভোরে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হোলবনিয়াপাড়া এলাকায় ঢুকে কয়েকটি বসতঘর ভাঙচুর করেছে হাতিটি। নষ্ট করেছে শতাধিক সুপারি গাছ। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় কয়েকজন হাতিটিকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। এমনকি তার লেজে আগুন ধরিয়ে দেওয়ারও চেষ্টা করেন।

আহত হাতিটিকে দেখতে ঘটনাস্থলে ভিড় করেন দুই থেকে তিন’শ মানুষ। উৎসুক মানুষের ভিড় ও হাতিটিকে উত্যক্ত করার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হয় বন বিভাগের সদস্যদের। পরে তাঁরা হাতিটিকে লোকালয় থেকে সরিয়ে জাহাজপুরা গর্জন বাগানের ভেতরে নিয়ে যান।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের শিলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তহিদুল ইসলাম বলেন, শনিবার ভোর পাঁচটার দিকে হাতিটি লোকালয়ে প্রবেশ করে। সকাল থেকে আশপাশের কয়েকটি বসতঘরে ভাঙচুর চালানোর পাশাপাশি বন বিভাগের জায়গা ও ব্যক্তিমালিকানাধীন জমির সুপারি বাগানে ঢুকে শতাধিক গাছ নষ্ট করে।

তহিদুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৯টা থেকে ১০টার দিকে হাতিটিকে বনের দিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় ক্ষতিগ্রস্ত কয়েকজন বাসিন্দা ক্ষুব্ধ হয়ে হাতিটিকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। উৎসুক মানুষের ভিড় ও হাতিটিকে উত্যক্ত করার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। পরে হাতিটিকে জাহাজপুরা গর্জন বাগানের ভেতরে নেওয়া হয়।

এর আগে গত ১৮ নভেম্বর টেকনাফের জাহাজপুরা গর্জন বাগানের দুর্গম পাহাড়ি এলাকায় টানা তিন দিনের অভিযান চালিয়ে হাতিটির সন্ধান পায় বন বিভাগ। পরে ট্রাঙ্কুইলাইজার প্রয়োগ করে অচেতন অবস্থায় হাতিটির চিকিৎসা করা হয়। এ সময় চিকিৎসকেরা তার শরীরে আটটি গুলির ক্ষত শনাক্ত করেন। এর মধ্যে ছয়টি ছিল ছররা গুলির ক্ষত। ডান পায়ের হাড়েও ছিল দুটি গুলির আঘাত। চিকিৎসা শেষে হাতিটিকে বনের ভেতরে পর্যবেক্ষণে রাখা হয়।

রেঞ্জ কর্মকর্তা তহিদুল ইসলাম বলেন, হাতিটির ডান পায়ের টারসাল জয়েন্টে গুরুতর আঘাত রয়েছে। আগের চিকিৎসার সময় চিকিৎসকেরা জানিয়েছিলেন, এ আঘাতের কারণে হাতিটির পুরোপুরি সুস্থ হয়ে ওঠা কঠিন হতে পারে। শনিবারও হাতিটিকে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে দেখা যায়নি।

তিনি আরও বলেন, বর্তমানে হাতিটিকে বনের ভেতরে নিরাপদ পরিবেশে রাখা হয়েছে। বন বিভাগের তিন থেকে চারজন সদস্য সেখানে অবস্থান করছেন, যাতে কেউ হাতিটিকে বিরক্ত করতে বা তার ক্ষতি করতে না পারে। পরবর্তী চিকিৎসার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

হাতিটির কারণে বসতঘর ও শতাধিক সুপারি গাছ ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠেন বলে জানান তহিদুল ইসলাম। একপর্যায়ে তারা বন বিভাগের সদস্যদের ওপরও চড়াও হন। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology