শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তনের ফি কমানোর দাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তনের নিবন্ধন ফি কমিয়ে শিক্ষার্থীদের আর্থিক সামর্থ্যের মধ্যে নিয়ে আসার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) শাখা। একই সঙ্গে ইতোমধ্যে যারা সমাবর্তনের ফি পরিশোধ করেছেন, ফি পুনর্নির্ধারণের পর তাদের অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া এবং সমাবর্তন আয়োজনের কেনাকাটা ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
শনিবার (২৮ নভেম্বর) সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক আকাশ আলী এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, আগামী ২৬ জানুয়ারি ২০২৭ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন অনুষ্ঠিত হবে। এ সমাবর্তনে স্নাতক পর্যায়ে ৩ হাজার ৫০০ টাকা, স্নাতকোত্তরে ৫ হাজার টাকা, এমবিবিএস, এমফিল ও পিএইচডিতে ৬ হাজার টাকা এবং ইভিনিং ও এক্সিকিউটিভ প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য ৮ হাজার টাকা নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত এই ফি অধিকাংশ শিক্ষার্থীর আর্থিক সামর্থ্যের বাইরে হওয়ায় তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলে উল্লেখ করেন নেতারা।
তারা বলেন, সমাবর্তন শিক্ষার্থীদের দীর্ঘ শিক্ষাজীবনের অর্জন, আনন্দ ও সাফল্য উদযাপনের একটি গুরুত্বপূর্ণ আয়োজন। কিন্তু অতিরিক্ত ফি নির্ধারণের ফলে অনেক শিক্ষার্থী এতে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হবেন। সমাবর্তনের মতো শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ আয়োজনে উচ্চ ফি নির্ধারণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে আয়োজনটির মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের অংশগ্রহণ, আনন্দ ও উদযাপনের সুযোগ ব্যাহত হবে। তাই সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে অতিরিক্ত ফি প্রত্যাহার করে অবিলম্বে ফি পুনর্নির্ধারণ করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, সমাবর্তনের অতিরিক্ত ফি নির্ধারণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং শিক্ষার ক্রমাগত বেসরকারীকরণ ও বাণিজ্যিকীকরণেরই অংশ। এ কারণে শিক্ষার সামগ্রিক ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে শিক্ষার্থীদের সোচ্চার হওয়া জরুরি।
নেতারা আরও দাবি জানান, ফি পুনর্নির্ধারণের পর যারা ইতোমধ্যে সমাবর্তনের নিবন্ধন ফি পরিশোধ করেছেন, তাদের অতিরিক্ত অর্থ ফেরত দিতে হবে। একই সঙ্গে সমাবর্তন সংশ্লিষ্ট কেনাকাটা ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে।
ইএইচআর/ সিটি/ ডিসি









