শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

ড. ইউনূস মিঠা খেয়েছেন, কথা শোনেননি, দেশকে গভীর সংকটে রেখে চলে গেছেন

ড. ইউনূস মিঠা খেয়েছেন, কথা শোনেননি, দেশকে গভীর সংকটে রেখে চলে গেছেন
নুরুল ইসলাম সাদ্দাম ও ড. ইউনূস

ছাত্রদের রক্ত ও আন্দোলনের ফসলে দায়িত্ব পাওয়ার পর ড. মুহাম্মদ ইউনূস ছাত্র সংসদ প্রতিনিধিদের কথা শোনার প্রয়োজন বোধ করেননি এবং দেশকে গভীর সংকটে রেখে বিদায় নিয়েছেন বলে মন্তব্য করেছেন ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে আয়োজিত ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুুরুল ইসলাম সাদ্দাম বলেন, আমিরে জামায়াত যে আমন্ত্রণ জানিয়েছে, আমার বিশ্বাস ছিল, আমি চিন্তা করেছিলাম ছাত্র সংসদ নির্বাচিত হওয়ার পরে তৎকালীন সময়ে ইন্টেরিম গভর্নমেন্টে যিনি দায়িত্বে ছিলেন, ডক্টর ইউনুস—যে আন্দোলনের ফসল, যে ছাত্রদের রক্তের ফসল, যে ছাত্রদের আন্দোলনের ফসলে তিনি ওই চেয়ারে বসেছিলেন, তার একটা মৌলিক একটা দায়িত্ব ছিল এই ছাত্র সংসদের প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশ গড়ার জন্য তাদের কথাগুলো শুনে তৎকালীন সময়ে বাংলাদেশ পরিচালনায় তাদের সহযোগিতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। তিনি মিঠা খেয়েছেন, কিন্তু তাদেরকে একবার ডেকে নিয়ে সংবর্ধনা তো দূরের কথা, তাদের ন্যূনতম কথা শোনারও প্রয়োজনীয়তা তিনি বোধ করেন নাই। যার ফলে এই দেশকে একটা গভীর সংকটে তিনি রেখে দিয়ে চলে গিয়েছেন।

সাদ্দাম বলেন, গণভোটের কথা তিনি বলেছিলেন। বারবার আমাদের পক্ষ থেকে, ছাত্র সংসদের পক্ষ থেকে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করে বারবার বলেছিল—গণভোট অতি দ্রুত আয়োজন করেন এবং গণভোট বাস্তবায়ন করার পরে জাতীয় ইলেকশন আপনারা দেন। কিন্তু তখন ইন্টেরিম গভর্নমেন্ট এই ছাত্র সংসদের কথা শুনে নাই। ছাত্র প্রতিনিধিদের কথা তারা শুনে নাই। যা হওয়ার তাই হয়েছে। ওই কথাগুলো না শোনার কারণে আজকে যে পরিণতির দিকে আমরা বাংলাদেশ এক অনিশ্চিত পরিণতির দিকে ধাবিত করা হয়েছে, এজন্য দায়ী ইন্টেরিম গভর্নমেন্ট এবং তৎকালীন সময়ে যারা সরকার পরিচালনা করেছিল।

শিবির সভাপতি আরও বলেন, আমরা আশা করেছিলাম, নির্বাচিত হওয়ার পরে বর্তমান গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে ছাত্র সংসদ নির্বাচিত প্রতিনিধিদের ডেকে নিয়ে তারা মতামত শুনবে। কিন্তু এখনো পর্যন্ত হিংসার বশবর্তী হয়ে তারা এই ছাত্র সংসদ প্রতিনিধিদের তারা ডাকে নাই। যেই কাজটা সরকারের করার কথা ছিল, সেই কাজটা তারা না করার পরে আমাদের বিরোধীদলীয় নেতা, মানবিক নেতা, মজলুম জননেতা—তিনি এই প্রতিনিধিদের মূল্যায়ন করেছেন, তাদের কথা শুনেছেন, ডেকেছেন। আপনাদের পরামর্শগুলো আমাদের কাছে পাঠালে আমরা আমিরে জামাতের কাছে এটা আরও পৌঁছে দিব।

তিনি বলেন, আমরা আশা করি সংসদে, সংসদের বাইরে তরুণ প্রজন্মের ভয়েস হয়ে তিনি ভূমিকা পালন করবেন। এই জাতিকে নেতৃত্ব দিবেন। সামনের দিকে এই জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তরুণদের সংঘবদ্ধ এই শক্তিকে তিনি কাজে লাগাবেন।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology