শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
হামলার হুমকিতে বন্ধ ফার্মেসি, পুলিশের আশ্বাসে খোলার পরই মালিকের ছেলেকে গুলি
খুলনায় চাঁদা দাবি ও হত্যার হুমকিতে বন্ধ হয়ে যাওয়া একটি ফার্মেসি পুলিশের আশ্বাসে পুনরায় চালুর ১৩ দিনের মাথায় সেখানে গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের ‘চয়নিকা’ ফার্মেসিতে ঢুকে দোকানমালিকের ছেলে জারিফুজ্জামান জারিফকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে তার ডান পায়ের উরুতে গুলি লাগে। এ ঘটনার পর ফের বন্ধ করে দেওয়া হয়েছে ফার্মেসিটি।
প্রত্যক্ষদর্শী রিকশাচালক ওয়াসিক হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোরকা পরা এক ব্যক্তি ফার্মেসির সামনে আসে। তখন সেখানে কোনো পুলিশ সদস্য ছিলেন না। কিছুক্ষণ পর একটি মোটরসাইকেল এসে সেখানে দাঁড়ায়। এ সময় বোরকা পরা ওই ব্যক্তি অস্ত্র বের করে ফার্মেসির ভেতরে একটি গুলি করে মোটরসাইকেলে উঠে পালিয়ে যায়।
তিনি বলেন, গুলির শব্দের পর সেখানে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। পরে ফার্মেসির ভেতর থেকে একজনকে রক্তাক্ত অবস্থায় বের করা হয়। গুলির ঘটনায় আশপাশের লোকজন সরে গেলে তিনি রিকশা নিয়ে এগিয়ে যান। এরপর আহত জারিফুজ্জামানকে পাশের একটি ক্লিনিকে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, সন্ধ্যায় সন্ত্রাসীরা মোটরসাইকেল নিয়ে ফার্মেসির সামনে এসে গুলি করে চলে যায়। গুলিটি ফার্মেসির মালিক এ বি এম দৌলতুজ্জামানের ছেলে জারিফুজ্জামান জারিফের ডান পায়ের উরুতে বিদ্ধ হয়েছে।
তিনি বলেন, ‘ফার্মেসিতে নিয়মিত পাহারা রয়েছে। ঘটনার সময় পুলিশ সদস্যরা দূরে থাকতে পারে।’
ঘটনার পর ওই এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।
এর আগে, গত ২৮ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সন্ত্রাসীদের হুমকির মুখে ফার্মেসিটি বন্ধ ছিল। অভিযোগ রয়েছে, ঠিক এক মাস আগে সন্ত্রাসী বাহিনীর প্রধান নূর আজিম ফার্মেসির ম্যানেজারের কাছে নগদ ২০ লাখ টাকা ও ১০টি মোটরসাইকেল চাঁদা দাবি করেন। একই সঙ্গে চাঁদা না দিলে ফার্মেসির মালিককে হত্যার হুমকিও দেওয়া হয়। এতে আতঙ্কিত হয়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেন মালিক।
এ পরিস্থিতিতে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি প্রশাসনকে তিন দিনের আলটিমেটাম দেয়। পরে পুলিশের আশ্বাসে ১৪ নভেম্বর রাতে পুলিশি পাহারায় ফার্মেসিটি আবার চালু করা হয়। তবে চালুর ১৩ দিনের মাথায় সেখানে গুলির ঘটনা ঘটল। অন্যান্য দিনের মতো শুক্রবারও ফার্মেসিতে পুলিশি পাহারা ছিল বলে জানা গেছে। তবে হামলার সময় ঘটনাস্থলে কোনো পুলিশ সদস্য ছিলেন না।
ইএইচআর/ সিটি/ ডিসি









