শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

নওগাঁয় খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ২২ হাজার কেজি চাল মজুদের ঘটনায় মামলা

নওগাঁয় খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ২২ হাজার কেজি চাল মজুদের ঘটনায় মামলা
খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত বস্তায় ২২ হাজার ২০ কেজি চাল মজুদ। © ক্যাম্পাস টাইমস সম্পাদিত

নওগাঁর মহাদেবপুরে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত বস্তায় ২২ হাজার ২০ কেজি চাল মজুদ এবং লাইসেন্স ছাড়াই চালকল পরিচালনার অভিযোগে মামলা হয়েছে। প্রায় ১০ দিন আগে গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের তথ্যের ভিত্তিতে একটি চালকলের গুদাম থেকে এসব চাল জব্দ করেছিল উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৭ নভেম্বর) আদালতের নির্দেশে খাদ্য পরিদর্শক মো. সোহেল রানা বাদী হয়ে মহাদেবপুর থানায় মামলাটি দায়ের করেন।

এর আগে গত ১৬ নভেম্বর দিবাগত রাত পৌনে ১১টার দিকে উপজেলার শরিফপুর মোড় এলাকার একটি চালকলের গুদামে অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৩০ কেজি ওজনের ৭৩৪ বস্তা চাল পাওয়া যায়। পরে মোট ২২ হাজার ২০ কেজি চাল জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। প্রাথমিকভাবে জব্দ করা চালের মালিক হিসেবে চৌমাশিয়া মোড় (নওহাটা) এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে মিলন ইসলামের নাম জানা যায়। পরে উপজেলা প্রশাসন চালগুলো জব্দ করে এবং সংশ্লিষ্ট খাদ্য কর্মকর্তাকে নিয়মিত মামলা করার নির্দেশ দেয়।

তবে জব্দ করা চাল সরকারি গুদামের চাল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে অভিযোগ ও সংশ্লিষ্ট প্রতিবেদন পর্যালোচনার পর আদালত পর্যবেক্ষণে বলেন, চালগুলো সরকারি গুদামের না হলেও খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত বস্তায় চাল মজুদ এবং লাইসেন্সবিহীন চালকল পরিচালনার অভিযোগে অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ নভেম্বর মহাদেবপুর থানায় করা জিডি নম্বর ৯৬৭-এর পরিপ্রেক্ষিতে থানার উপপরিদর্শক মো. শফিউল ইসলাম জিডিটি তদন্তের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। পরে আদালত খাদ্য পরিদর্শক মো. সোহেল রানার জবানবন্দি গ্রহণ এবং জিডিতে উল্লেখ করা অভিযোগ ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের প্রতিবেদন পর্যালোচনা করেন।

পর্যালোচনা শেষে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (নিয়ন্ত্রণ) আইন, ২০২৩-এর ৪, ৬ ও ৭ ধারায় অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আদালত পর্যবেক্ষণ করেন। এরপর খাদ্য পরিদর্শককে এজাহারকারী করে নিয়মিত মামলা রুজুর জন্য মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। একই সঙ্গে মামলা দায়েরের পর এজাহার ও সংশ্লিষ্ট কাগজপত্র ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, আদালতের নির্দেশনার পর খাদ্য পরিদর্শক সোহেল রানা বাদী হয়ে শুক্রবার থানায় মামলাটি দায়ের করেন।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology