শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
গণভোট অস্বীকার ও ফ্যাসিবাদের লালন-পালন করায় তারা ফেরার পায়তাঁরা করছে
জাতীয় নির্বাচনে একটি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর গণভোট অস্বীকার এবং ফ্যাসিবাদীদের লালন-পালন করায় ফ্যাসিবাদীরা আবার ফিরে আসার পায়তাঁরা করছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সাথে যুবসমাজ বাংলার জমিনে আর ফ্যাসিবাদকে আসতে দেবে না বলেও উল্লেখ করেছেন তিনি।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে আয়োজিত ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় জামায়াত ও শিবির এবং ৫ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, গণভোট অনুষ্ঠিত হয়েছিল রাষ্ট্র সংস্কারের জন্য, পরিচালনার জন্য না। রাষ্ট্র পরিচালনার জন্য সংসদ নির্বাচন। তার সাথে গণভোট হয়েছিল রাষ্ট্র সংস্কারের জন্য, মেরামতের জন্য। দুইটা মেনেই আমরা সবাই নির্বাচনে অংশগ্রহণ করেছি। কিন্তু যেই একটা দল তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেলেন, সাথে সাথে তারা আরেকটা নির্বাচনকে অস্বীকার করে বসলেন। সংকট সেই দিনই তৈরি হয়েছে। একদিকে এই সংকটটা তৈরি করা, আরেকদিকে ফ্যাসিবাদীদেরকে লালন-পোষণ করা। এই দুইটার কারণে আজকে ফ্যাসিবাদীরা আবার ফিরে আসার পায়তারা করছে। আমরা বিশ্বাস করি এই জাতি, বিশেষ করে যুবসমাজ—যারা বুকের রক্ত দিয়ে, বুক চিতিয়ে লড়াই করে তাড়িয়েছে—তারা কোনো ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে আসতেও দিবে না, বসতেও দিবে না।
এ সময় ছাত্র সংসদ নেতাদের উদ্দেশ্যে তিনটি বার্তা দেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, প্রথম, একটা মডেল আপনারা উপস্থাপন করেছেন কলুষিত বাংলাদেশের বুকের ওপর। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, মাদক, অস্ত্র, কিশোর গ্যাং, আইনশৃঙ্খলার চরম অবনতি—মানুষ অতিষ্ঠ। সেই জায়গায় অস্ত্রের ক্যাম্পাসগুলোকে তোমাদের হাতের ছোঁয়ায় তোমরা এখন স্থির করে দিয়েছ। শান্তি ফিরিয়ে এনেছ, নিরাপত্তা ফিরিয়ে এনেছ, শিক্ষার পরিবেশ তোমরা নিশ্চিত করেছ। কিন্তু শেষ হয়নি, আরও অনেক কাজ বাকি রয়ে গেছে। আমরা জানি এক বছরে এগুলা সব সম্পন্ন করা সম্ভব না। কিন্তু তোমরা দরজা খুলে দিয়েছ সামনে এগিয়ে যাওয়ার।
তিনি বলেন, অনেকে এখনো শিক্ষার্থী রয়ে গেছ, অনেকের শিক্ষাজীবন শেষ হয়ে যাচ্ছে। যারা শিক্ষার্থী রয়ে গেছ, তাদের জন্য আমাদের অনুরোধ—এই যে দরজাটা শিক্ষাপ্রতিষ্ঠানে খোলা হলো, শুধু পাঁচটা বিশ্ববিদ্যালয় না, সারা বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান তোমাদের হাত ধরে, পথ ধরে এই রকমই নিরাপদ ক্যাম্পাসে পরিণত হোক, এই ব্যাপারে তোমাদেরকে আরও অবদান রাখতে হবে। কারণ তারাও তোমাদের ভাই-বোন। ওই প্রতিষ্ঠানে যারা পড়ে, তারাও এ দেশের নাগরিক।
তিনি আরও বলেন, যারা ছাত্রজীবন শেষ করেছ, তাদেরকে অনুরোধ করব—দেশ গড়ার কাজে জামায়াতে ইসলামী আজকে যে অঙ্গীকার জাতির প্রতি করছে এবং অনেক সুযোগ থাকা সত্ত্বেও ডানে-বামে তাকায়নি, সততার মানদণ্ডে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেই বাংলাদেশে তোমরা এসে যুক্ত হও। এটাই হচ্ছে বিয়ন্ড ক্যাম্পাস লিডিং টুমরো। যেদিন ক্যাম্পাস তোমার শেষ, হলে আর এক সেকেন্ডও থাকবা না। সেই উদাহরণ ছাত্রশিবিরের প্রত্যেকটা নেতাকর্মী ইতিমধ্যেই পেশ করতে সক্ষম হয়েছে, তোমাদেরকে মোবারকবাদ। তোমরা ছাত্র না, ক্যাম্পাসে থাকবা না। তোমরা ছাত্র না, হলের সিটে এক সেকেন্ডও বেশি থাকবা না। পরবর্তী যে হকদার, তার জন্য ছেড়ে দিয়ে চলে আসো। তার অধিকার তার হাতে তুলে দাও।
তিনি বলেন, দ্বিতীয়ত, আমরা তোমাদেরকে কারো অধীনে চাকরিজীবী দেখতে চাই না। আমরা চাই লিডার ইজ লিডার, এভরিহোয়ার লিডার। তোমরা সকল ক্ষেত্রে লিড দিবা ইনশাআল্লাহ। তোমরা উদ্যোক্তা হবা বিভিন্ন ব্যবসা-বাণিজ্যের। তোমরা উদ্যোক্তা হবা শিক্ষাপ্রতিষ্ঠানের। তোমরা উদ্যোক্তা হবা স্বাস্থ্যসেবার। তোমরা উদ্যোক্তা হবা জনকল্যাণের। তোমরা উদ্যোক্তা হবা বাংলাদেশকে রাস্তা দেখানোর। সেই সাথে আমরা সবাই মিলে একসাথে পরামর্শ করে কাজ করব।
বৃহত্তর আঙিনায় ‘ওয়েলকাম, স্বাগতম’ উল্লেখ করে জামায়াত আমির বলেন, তোমরা ইতিমধ্যেই দেখেছ তোমাদের অবদানকে সম্মান এবং স্বীকৃতি দিয়ে তোমাদেরই একজনকে ঢাকা বা বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশনে আমরা মেয়র ক্যান্ডিডেট ঘোষণা করেছি। এটার মাধ্যমে আমরা এই বার্তা দিচ্ছি—এই বাংলাদেশ, আগামীর বাংলাদেশ যুবকদের বাংলাদেশ। যুবকরাই বাংলাদেশকে গড়ে দিবে ইনশাআল্লাহ। এই দিয়ে শুরু, এটা শেষ নয়। এটা ছড়িয়ে পড়বে সারা বাংলাদেশে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, সবাই রাজধানী ঢাকা কিংবা বড় টাউনে পড়ে থাকলে হবে না, গ্রাম-বাংলাকেও বদলাতে হবে। যার যেখানে ন্যাচারাল আইডেন্টিটি, অ্যাড্রেস, ঠিকানা—তোমরা তার সাথে নাড়ির সংযোগ আরও শক্তিশালী করো। কারণ সমাজের সকল স্তরে হুতুম পেঁচা বসে আছে, ওদেরকে তাড়াতে হবে। ওই বাগানগুলা পরিচ্ছন্ন করতে হবে, নিরাপদ করতে হবে। তোমরা গেলেই নিরাপদ হবে। এখন থেকে যার যেখানে আল্লাহ যতটুকু মানবিক যোগ্যতা দিয়েছেন, তাই নিয়ে জনগণের পাশে এইভাবেই তোমাদেরকে থাকতে হবে।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, তৃতীয়ত, আমরা চিরদিন একটা অনুসরণকারী জাতি হিসেবে বাঁচতে চাই না। আমরা চাই যে এই জাতির মধ্যে এমন পরিবর্তন আসুক যে এই জাতিকে অন্যরা অনুসরণ করবে। আমরা এখন পিছনে পড়ে আছি, দেখি যে ও কী করে, এই কী করে, পশ্চিম কী করে, উত্তর কী করে, দক্ষিণ কী করে, পূর্ব কী করে। আমরা সেই জায়গাটা তৈরি করতে চাই যে অন্যরা দেখবে যে বাংলাদেশ কী করে। এই জায়গা তৈরি করতে হলে তোমাদেরকে লাগবে।
ইএইচআর/ সিটি/ ডিসি









