শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
দেশে আবারও আওয়ামী লীগ আমলের মতো ট্যাগিংয়ের রাজনীতি ফিরে এসেছে: শিক্ষক নেটওয়ার্ক
দেশে আবারও আওয়ামী লীগ আমলের মতো ট্যাগিংয়ের রাজনীতি ফিরে এসেছে বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। অধ্যাপক আনু মুহাম্মদ ও অধ্যাপক সামিনা লুৎফাকে সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণ এবং তাদের অবৈধকরণ ও অপ্রাসঙ্গিককরণ প্রক্রিয়া যেন এক নৈমিত্তিক সংস্কৃতিতে পরিণত হয়েছে বলেও মনে করে সংগঠনটি।
শনিবার (২৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করে সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, দেশে আবারও আওয়ামী লীগ আমলের মতো ট্যাগিংয়ের রাজনীতি ফিরে এসেছে। রাজনৈতিক মত প্রকাশের কারণে শিক্ষক ও নাগরিকদের বিরুদ্ধে সাইবার আক্রমণ, হয়রানি, লাঞ্ছনা ও মববাজির ঘটনা ঘটছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে ইন্ধন বা অংশগ্রহণ না করলে প্রত্যেকেরই যেকোনো ধরনের রাজনৈতিক মতামত প্রকাশের অধিকার রয়েছে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক জানায়, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই নতুন করে ট্যাগিংয়ের রাজনীতি শুরু হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আওয়ামী লীগ-ট্যাগ দিয়ে মব করে লাঞ্ছিত করা, তালিকা তৈরি এবং ক্লাস-পরীক্ষার কার্যক্রমে অবাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। ভিন্নমতাবলম্বীদের ওপর হামলার পাশাপাশি গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
বিবৃতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের বিরুদ্ধে সাম্প্রতিক আক্রমণ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধাকে সাইবার বুলিং এবং দায়িত্ব থেকে অপসারণের বিষয়টি উল্লেখ করা হয়। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে নীল দলের সদস্যদের তালিকা তৈরি এবং অধ্যাপক আনিছা পারভীন জলির বিরুদ্ধে সাইবার আক্রমণের বিষয়েও উদ্বেগ জানানো হয়।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাইবার হয়রানির প্রসঙ্গ তুলে বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতি আরা নাসরীন, কামরুল হাসান মামুন, তানজীমউদ্দীন খান ও কাজলী শেহরীন ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ-আল মামুনের নাম উল্লেখ করা হয়।
সংগঠনটি অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধাসহ বিভিন্ন মত ও পথের শিক্ষক-নাগরিকদের বিরুদ্ধে সাইবার আক্রমণ, হয়রানি, লাঞ্ছনা ও মববাজির নিন্দা জানায়। একই সঙ্গে এসব ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অগণতান্ত্রিক আচরণেরও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, একদিকে নির্বাহী আদেশে একটি বড় রাজনৈতিক বর্গকে নিষিদ্ধ রাখা, গণহারে মামলা ও গ্রেপ্তার-বাণিজ্য; অন্যদিকে জুলাই ও পূর্ববর্তী অপরাধের জন্য ক্ষমা না চেয়ে আওয়ামী লীগপন্থীদের সন্ত্রাসী পথে ফিরে যাওয়ার প্রবণতা—দুই দিকের পরিস্থিতিই উদ্বেগজনক।
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের মতে, জুলাই হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি বিবদমান রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে মীমাংসা জরুরি। শিক্ষাঙ্গন ও জাতীয় পর্যায়ে গণতান্ত্রিক সহিষ্ণুতার পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
বিবৃতিতে বলা হয়, দ্বন্দ্ব, সংঘাত, মামলা, হামলা, ট্যাগিং ও অপসারণের রাজনীতি কোনো রাষ্ট্রের একমাত্র ও অনন্ত পথ হতে পারে না। জুলাই-কেন্দ্রিক ঘটনাবলির বিচার, রাজনৈতিক মীমাংসা এবং গণতান্ত্রিক সহিষ্ণুতার পথনকশা বাস্তবায়নের মাধ্যমে দেশে প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করতে হবে।
‘আমরা শান্তি চাই, সংঘর্ষ ও সহিংসতা নয়’—উল্লেখ করে সব মত ও পথের সমন্বয়ে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশের পূর্ণ বিকাশের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
ইএইচআর/ বিএন/ ডিসি









