শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

৬২’র শিক্ষা আন্দোলনসহ শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানতে হবে: ঢাবি ভিসি

৬২’র শিক্ষা আন্দোলনসহ শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানতে হবে: ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এ উপমহাদেশ ভাগ হয়। সে সময়ে শাসনের নামে শোষণ, কুশাসন, আর বঞ্চনা চলত। ৫২’র ভাষা আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশ স্বাধীন হয়। তিনি ৯০’র গণঅভ্যুত্থান এবং ২৪’র গণঅভ্যুত্থানের কথা তুলে ধরেন। আমাদের সঠিক ইতিহাস জানতে হবে। আমাদের মধ্যে ঐক্য এবং একতা থাকতে হবে। সাম্য, ন্যায় বিচার, মূল্যবোধ প্রতিষ্ঠায় এবং মানবিক বাংলাদেশ গঠনে আমাদের কাজ করতে হবে।

আজ শনিবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আরো বলেন, মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। তিনি একজন দেশ প্রেমিক অফিসার ছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করে মুক্তিযুদ্ধ করেন এবং জেড ফোর্স গঠন করেন। তার মধ্যে ছিল সাম্য, উদারতা, দেশ প্রেম, উন্নয়ন এবং সততা। তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্র এবং বাঙালি জাতীয়তাবাদের প্রবর্তক। তার অবদান এবং সঠিক বাংলাদেশ বিনির্মাণে তাকে আমাদের আলোচনা এবং স্মরণ করতে হবে।

উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম সভাপতির বক্তব্যে অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন যুদ্ধের একজন সম্মুখসারির নেতা। তার প্রতি রয়েছে মানুষের অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা। তিনি খাল খনন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠাসহ অসংখ্য কাজ করে দেশকে এগিয়ে নিয়ে গেছেন। তিনি বাংলাদেশ জাতীতাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার মাধ্যমে নতুন রাজনৈতিক ধারা তৈরি করেছেন। তিনি সবার সমান অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। জনগণের ভোটাধিকার নিশ্চিত করেছেন এবং জাতীয় স্বার্থ রক্ষা করেছেন।

উপাচার্য অধ্যাপক ড. তাহমিনা আখতার বলেন, ৭ নভেম্বর ছিল বাংলাদেশের জন্য এক টার্নিং পয়েন্ট। দেশের স্বাধীনতা, উন্নয়ন, সার্বভৌমত্ব এবং দেশের যেকোনো সংকটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পথ দেখিয়েছেন। তিনি দলমত সবার কাছেই প্রিয় ছিলেন। বাক স্বাধীনতা এবং বহুদলীয় গণতন্ত্র তিনি প্রবর্তন করেন। তিনি আত্মনির্ভরশীল ও আত্মমর্যাশীল বাংলাদেশ গঠনে কাজ করে গেছেন। জিয়াউর রহমান ছিলেন সৎ। তিনি কৃষক, শ্রমিক, গরিব মেহনতি মানুষসহ সবার প্রেসিডেন্ট ছিলেন। তিনি বলেন, জিয়া মানে বাংলাদেশ, বাংলাদেশ মানেই জিয়া। আরো বলেন, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যেকোনো ষড়যন্ত্র আমাদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, বাংলাদেশ যখনই বিপদে পড়েছে, তখনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এগিয়ে এসেছেন। তার অবদান কেউ অতিক্রম করতে পারবেনা, ভবিষতেও কেউ পারবেনা। তার দেশ প্রেম, সততা, তার আদর্শ আমাদের অনুসরণ করতে হবে। অনুষ্ঠান শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ইএইচআর/ বিএন/ ডিসি

সংশ্লিষ্ট ক্যাম্পাস: ঢাকা বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নির্মাণ : REM Technology