শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
ফেসবুকে সরকারবিরোধী প্রচারণার অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট ও প্রচার-প্রচারণা চালানোর অভিযোগে পাবনায় রাশিদুল হাসান নামের এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় পাবনার সাঁথিয়া পৌরসভার ইতালি মার্কেটে নিজের চেম্বার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। প্রতি শুক্রবার তিনি ঢাকা থেকে সাঁথিয়ায় এসে রোগী দেখতেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, রাশিদুল হাসান একজন সরকারি চাকরিজীবী এবং (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগপন্থী চিকিৎসক হিসেবে পরিচিত। তিনি নিয়মিত ফেসবুকে সরকারবিরোধী পোস্ট ও প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে এ ধরনের প্রচার চালানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
ওসি আরও বলেন, সাঁথিয়া থানায় দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর শুক্রবার রাতেই তাঁকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে পাঠানো হয়। পরে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
ইএইচআর/ সিটি/ ডিসি









