শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

কুবি শিক্ষার্থীকে ছুরি দেখিয়ে ৫ হাজার টাকা ছিনতাই, আটক ১

কুবি শিক্ষার্থীকে ছুরি দেখিয়ে ৫ হাজার টাকা ছিনতাই, আটক ১
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীর কাছ থেকে পাঁচ হাজারের বেশি টাকা ছিনতাইকারী বাদশাহ আটক

কুমিল্লা শহরের সালাউদ্দিন মোড়ে চলন্ত মিশুকে ছুরি দেখিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীর কাছ থেকে পাঁচ হাজারের বেশি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। ছিনতাইয়ে জড়িত অন্যরা টাকা নিয়ে পালিয়ে গেছেন।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সালাউদ্দিন মোড়ের একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী ফাহিম মিয়া সরকার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ফাহিম জানান, সন্ধ্যা ছয়টার দিকে টিউশন শেষ করে কান্দিরপাড় থেকে মিশুকে করে টমছম ব্রিজের দিকে যাচ্ছিলেন তিনি। সালাউদ্দিন মোড়ে যানজটের কারণে মিশুকটি ধীরগতিতে চলতে থাকলে হঠাৎ দুই ব্যক্তি সেটিতে উঠে পড়েন। এ সময় তারা ছুরি দেখিয়ে তার কাছে থাকা টাকা ও মুঠোফোন দিতে বলেন। তিনি দিতে অস্বীকৃতি জানালে জোর করে তাঁর কাছে থাকা টিউশনের টাকা ছিনিয়ে নেন তারা।

ফাহিম বলেন, ‘আজকে পাওয়া টিউশনের পাঁচ হাজারের বেশি টাকা আমার কাছে ছিল। এর সঙ্গে ব্যক্তিগত টাকাও ছিল। টাকা নিয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে আমি পেছন থেকে তাদের ধরার চেষ্টা করি। সালাউদ্দিন মোড় থেকে একটু ভেতরের দিকে গেলে স্থানীয় লোকজন একজনকে ধরে ফেলেন। অন্যজন টাকা নিয়ে পালিয়ে যায়।’

পরে স্থানীয় লোকজন আটক ব্যক্তিকে মারধর করেন। তাকে প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। আটক ব্যক্তির নাম বাদশাহ বলে জানিয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন বলেন, ছিনতাইয়ের ঘটনায় কয়েকজন জড়িত ছিলেন। তাদের মধ্যে একজনকে শিক্ষার্থী ও স্থানীয় লোকজনের সহায়তায় আটক করা হয়েছে। তাকে প্রথমে চিকিৎসার জন্য কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে কোতোয়ালি থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আরও দুই-তিনজন জড়িত ছিলেন। তারা পালিয়ে গেছেন। তাদের আটকের জন্য পুলিশ অভিযান পরিচালনা করবে। তবে এখনো ছিনতাই হওয়া টাকা ও মানিব্যাগ উদ্ধার করা সম্ভব হয়নি। বাকিদের আটক করা গেলে সেগুলো উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।

ইএইচআর/ সিটি/ ডিসি

সংশ্লিষ্ট ক্যাম্পাস: কুমিল্লা বিশ্ববিদ্যালয়
নির্মাণ : REM Technology