শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
‘ব্যাচেলর পয়েন্ট’-এ শেষ বিদায়, বাস্তবেও বেঁচে নেই কাবিলার মায়ের চরিত্রে অভিনয় করা সেই অভিনেত্রী
‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের শেষ পর্বে কাবিলার মায়ের মৃত্যুর দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়েছেন দর্শকেরা। তবে পর্দার বাইরেও কাবিলার মায়ের চরিত্রে অভিনয় করা অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর বেঁচে নেই। ২০২৫ সালের ১৫ এপ্রিল মারা যান তিনি। ফলে ধারাবাহিকের শেষ পর্বে তাঁর অভিনীত চরিত্রের মৃত্যু আর বাস্তব জীবনে অভিনেত্রীর না থাকার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
কাজল আরেফিন অমি পরিচালিত ধারাবাহিকটির শেষ পর্ব প্রচারিত হয় গত ২৬ নভেম্বর। দীর্ঘদিন ধরে কাবিলার নানা কর্মকাণ্ডে দর্শকদের হাসানো চরিত্রটি শেষ পর্বে এসে একের পর এক বিপর্যয়ের মুখে পড়ে। মায়ের মৃত্যু, ইভার সঙ্গে দূরত্ব, রোকেয়ার সঙ্গে বিয়ে না হওয়া এবং সম্পত্তির জন্য মামার হাতে নির্যাতিত হওয়ার মধ্য দিয়ে কাবিলার জীবনের করুণ পরিণতি দেখানো হয়েছে।
শেষ পর্বের এই দৃশ্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন দর্শকেরা। কেউ লিখেছেন, বাংলাদেশের কোনো নাটক দেখে এভাবে চোখ ভিজবে, তা তাঁরা ভাবেননি। আবার অনেকের কাছে ‘ব্যাচেলর পয়েন্ট’ হয়ে উঠেছে জীবনের ফেলে আসা সময় ও স্মৃতির প্রতিচ্ছবি।
জাহিদ তুষার নামের এক দর্শক ফেসবুকে লিখেছেন, ‘ব্যাচেলর পয়েন্ট যেন আমাদের ২০১৬-২০২২ সালের ঢাকার জীবন।’ নিজের ব্যাচেলর জীবনের স্মৃতিচারণা করে তিনি জানান, ঢাকায় প্রথমবার রুম ভাগাভাগি করে থাকা, ধীরে ধীরে বন্ধুদের একত্র হওয়া এবং একসঙ্গে আড্ডা ও সময় কাটানোর দিনগুলো তাঁর কাছে নাটকটির গল্পের মতোই। বর্তমানে তাঁদের কেউ দেশের বাইরে, কেউ কানাডায়, কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত, আবার কেউ অন্য শহরে স্থায়ী হয়েছেন। সেই সময় আর ফিরে পাওয়ার সুযোগ নেই বলে মনে করেন তিনি। তাঁর ভাষায়, ‘ব্যাচেলর পয়েন্ট আমাদের যেন প্রতিচ্ছবি।’
আরেক দর্শক লিখেছেন, এত দিন কাবিলাকে নিয়ে হাসাহাসি করেছেন, তাঁকে ধমকেছেনও। কিন্তু মায়ের মৃত্যুর দৃশ্য দেখে সবার চোখ ভিজেছে। তাঁর মতে, নাটকটি দর্শকদের যেমন হাসিয়েছে, তেমনি কাঁদিয়েছে। জীবনের কত সকাল, রাত আর আড্ডার স্মৃতি যে এই ধারাবাহিকের সঙ্গে জড়িয়ে আছে, শেষ পর্বে এসে তা আরও গভীরভাবে উপলব্ধি করছেন তিনি।
পঞ্চম সিজনের শেষ পর্বে শুধু কাবিলার গল্পের পরিণতিই দেখানো হয়নি, অন্যান্য চরিত্রের ভবিষ্যৎও তুলে ধরেছেন নির্মাতা। নিজের ব্যবসার কাজে নেহাল আবার যুক্তরাষ্ট্রে ফিরে গেছে। যাওয়ার আগে বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখার প্রতিশ্রুতি দিয়েছে সে। অন্যদিকে আরেফিন ফিরে এসেছে সেই ব্যাচেলর হাউসে, যেখান থেকে তার গল্পের শুরু। বাচ্চুর প্রতিষ্ঠানে চাকরি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে হাবু ভাই। ব্যবসায় সাফল্য পেলেও পাশা ভাইয়ের আন্তর্জাতিক অর্ডারের শেষ পরিণতি কী হয়েছে, তা নিয়ে দর্শকেরা নিজেদের মতো করে ভাবছেন।
কাবিলার করুণ পরিণতি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়ার মধ্যেও উঠে এসেছে জীবনের কঠিন বাস্তবতার কথা। অনেকের মতে, চরিত্রটির জীবনে একের পর এক বিপর্যয়ের মধ্য দিয়ে আপনজন হারানো, সম্পর্কের দূরত্ব এবং সম্পত্তির লোভে পরিবারের সদস্যদের বদলে যাওয়ার মতো বাস্তবতাই তুলে ধরা হয়েছে।
আমিমুল ইসলাম নামের এক দর্শকের কাছে ‘ব্যাচেলর পয়েন্ট’ কেবল একটি ধারাবাহিক নয়; এর সঙ্গে জড়িয়ে আছে শৈশবের আবেগ ও কৈশোরের স্মৃতি। নাটকটি দেখে যেমন অনেকবার হেসেছেন, তেমনি মন খারাপও হয়েছে তাঁর। কাবিলার মায়ের মৃত্যুর দৃশ্য দেখে নিজের মাকে হারানোর আশঙ্কা অনুভব করেছেন তিনি। শেষ পর্বগুলো দেখে তাঁর মনে হয়েছে, বাস্তব জীবনেও একদিন হয়তো প্রিয় ভাই-ব্রাদার ও বন্ধুদের কাছ থেকে এভাবেই বিচ্ছিন্ন হয়ে পড়বেন।
ধারাবাহিকটির বিভিন্ন চরিত্র থেকে জীবনের নানা শিক্ষাও পেয়েছেন দর্শকেরা। আমিমুলের ভাষ্য, হাবুর চরিত্র তাঁকে শিখিয়েছে লোভ করা উচিত নয়, আর বাচ্চুর চরিত্র বুঝিয়েছে কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক নয়। কাবিলার গল্প থেকে তাঁর উপলব্ধি, সম্পত্তির লোভে আপনজনও বদলে যেতে পারে। অন্যদিকে পাশা, শুভ, আরেফিন ও নেহালদের বন্ধুত্ব তাঁকে মনে করিয়ে দিয়েছে, জীবনে ভালোবাসার মতো কিছু মানুষ থাকা কতটা গুরুত্বপূর্ণ।
২০১৭ সালের নভেম্বরে প্রচার শুরু হয়েছিল ‘ব্যাচেলর পয়েন্ট’। প্রায় নয় বছর ধরে দর্শকদের সঙ্গে ছিল ধারাবাহিকটি। কাবিলা, নেহাল, পাশা ভাই, হাবু ভাই ও আরেফিনের মতো চরিত্রগুলো অনেক দর্শকের কাছে পরিচিত বন্ধুর মতো হয়ে উঠেছে। গত ২৬ নভেম্বর প্রচারিত পঞ্চম সিজনের শেষ পর্বের মধ্য দিয়ে আপাতত শেষ হয়েছে ধারাবাহিকটির দীর্ঘ যাত্রা।
‘ব্যাচেলর পয়েন্ট’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, তৌসিফ মাহবুব, মিশু সাব্বির, শামীম হাসান সরকার, শিমুল শর্মা, মুকিত জাকারিয়া, সাবিলা নূর, মনিরা মিঠু, পারসা ইভানা, অর্চিতা স্পর্শিয়া, ফারিয়া শাহরিন, গুলশান আরা আহমেদ ও শামীমা নাজনীনসহ অনেকে। ধারাবাহিকটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি।
ইএইচআর/ সিটি/ ডিসি









