শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে হেনস্তা, মামলার আসামিরা আগাম জামিনে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে হেনস্তা, মামলার আসামিরা আগাম জামিনে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে (ভিসি) হেনস্তা ও অবরুদ্ধ করার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার সপ্তাহের আগাম জামিন পেয়েছেন চাকরিতে পুনর্বহাল হওয়া ২০ কর্মকর্তা-কর্মচারী আসামি। গত ২৪ নভেম্বর হাইকোর্ট তাদের এ জামিন মঞ্জুর করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরিতে পুনর্বহালের পর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে আন্দোলন করেছিলেন তারা।

শনিবার (২৮ নভেম্বর) জামিন পাওয়া একাধিক আসামি ক্যাম্পাস টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তারা অভিযোগ করেন, উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর কাছ থেকে তাদের দূরে সরিয়ে রাখতে একটি চক্র সক্রিয় রয়েছেনি। তাদের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া একটি পক্ষ শক্তিশালী চক্র গড়ে তুলে বিভিন্নভাবে তাদের হয়রানি করছে।

আগাম জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলমগীর হোসেন, অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আকরাম হোসেন, পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মিয়া হোসেন রানা, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মামুনুর রহমান, অতিরিক্ত কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. ইলিয়াস হোসেন, সেকশন অফিসার ইয়াকুব আলী, অতিরিক্ত রেজিস্ট্রার সাজ্জাদ হোসেন, অতিরিক্ত কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ওয়াহিদুজ্জামান নান্নু, উপ-কলেজ পরিদর্শক হাবিবা ফাতেমা সম্পা এবং অতিরিক্ত রেজিস্ট্রার মোহা. আজিজুল হকসহ মামলার এজাহারভুক্ত ২০ জন।

এদিকে গত ২৫ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি পর্যালোচনায় ক্যাম্পাস পরিদর্শন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ে যান।

পরিদর্শনকালে তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারী—উভয় পক্ষের বক্তব্য শোনেন।

এ সময় আন্দোলনকারীদের পক্ষ থেকে তদন্ত কমিটির কাছে লিখিত বক্তব্য জমা দেয়া হয়। সেখানে তিনি অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের রায়ে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা ও বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করে আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া জুনিয়র কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হচ্ছিল।

আরো বলা হয়, এসব অনিয়মের বিরুদ্ধে হাইকোর্টে রিট ও আদালত অবমাননার মামলা করায় এবং উপাচার্যের চাপের মুখেও মামলা প্রত্যাহার না করায় তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি করা হয়েছে। এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মামলা থেকে অব্যাহতির দাবি জানানো হয়।

অন্যদিকে ২৬ নভেম্বর ক্যাম্পাসে ‘ফ্যাসিস্টবিরোধী কর্মসূচি’ পালনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অনুমতি চেয়েছিলেন আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা। তবে প্রশাসন তাদের কর্মসূচি পালনের অনুমতি দেয়নি।

গত ১৬ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনভর বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এ সময় উপাচার্যকে অবরুদ্ধ করে রাখার ঘটনাও ঘটে। এর জেরে গত ১৮ নভেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. সালাহ্ উদ্দিন বাদী হয়ে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের গাছা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন। মামলায় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।

ইএইচআর/ বিএন/ ডিসি

সংশ্লিষ্ট ক্যাম্পাস: জাতীয় বিশ্ববিদ্যালয়
নির্মাণ : REM Technology