শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান কাজে লাগাতে হবে মানুষের কল্যাণে: ইউজিসি চেয়ারম্যান
বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের প্রশ্ন করতে উৎসাহিত করার পাশাপাশি অর্জিত জ্ঞান মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেন, বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে প্রশ্ন করা। বিজ্ঞান থেকে অর্জিত জ্ঞান নিজের, প্রকৃতির ও সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে, অকল্যাণে নয়। একই সঙ্গে বাবা-মা, শিক্ষক, সমাজ ও দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।
শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে ইউজিসির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে ইউজিসি চেয়ারম্যান বলেন, জীবনে এগিয়ে যেতে এবং নিজের, প্রকৃতি ও দেশের জন্য ভূমিকা রাখতে সুনির্দিষ্টভাবে প্রশ্ন করার অভ্যাস গড়ে তুলতে হবে। ‘কেন’ ও ‘কীভাবে’—এই প্রশ্নের মধ্যেই বিজ্ঞানের ভিত্তি নিহিত।
বিজ্ঞানের জ্ঞান ব্যবহারের বিষয়ে তিনি বলেন, বিজ্ঞানের অর্জন মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। বিজ্ঞান যেমন কল্যাণের সূচনা করতে পারে, তেমনি অকল্যাণেরও কারণ হতে পারে। এ দুইয়ের পার্থক্য উপলব্ধি করা জরুরি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের সভাপতি অধ্যাপক ড. এমরান কাইয়ুম, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সাইদ আলম।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, বিজ্ঞানমনস্ক জাতি গঠন এবং শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে বর্তমান সরকার গুরুত্ব দিচ্ছে। দেশকে এগিয়ে নেওয়া ও বিজ্ঞানমনস্ক তরুণ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি বলেন, রসায়নের প্রতি শিক্ষার্থীদের গভীর আগ্রহ তৈরি এবং দক্ষ রসায়নবিদ হিসেবে গড়ে উঠতে এ আয়োজন সহায়তা করবে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদেরও রসায়ন অলিম্পিয়াডে যুক্ত করার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান তিনি।
১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডে দেশের বিভিন্ন কলেজের এইচএসসি পর্যায়ের চার হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন। বিভিন্ন ধাপের প্রতিযোগিতা শেষে চূড়ান্ত পর্বে অংশ নেন ২১৩ জন। তাদের মধ্য থেকে সেরা ১০ জন নির্বাচিত হন। নির্বাচিত শিক্ষার্থীরা তাইওয়ান ও রাশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে অংশ নেওয়ার সুযোগ পাবেন। আন্তর্জাতিক পর্যায়ে দেশের শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা তুলে ধরার ক্ষেত্রে এ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।
ইএইচআর/ বিএন/ ডিসি









