শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
জয়ের পরও রাগে ফুঁসছেন রোনালদো, কী হয়েছিল?
সৌদি প্রো লিগে আল হাজমের বিপক্ষে জয় পেয়েছে আল নাসর। তবে দলের জয়ের পরও সন্তুষ্ট হতে পারেননি অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচ শেষে তাকে বেশ ক্ষুব্ধ অবস্থায় দেখা গেছে।
শনিবার (২৮ নভেম্বর) সৌদি প্রো লিগের ১৩তম রাউন্ডের ম্যাচে বুরাইদাহর কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে স্বাগতিক আল হাজমকে ১-০ গোলে হারায় আল নাসর।
ম্যাচের শেষ বাঁশি বাজার পর সাংবাদিক রাতিবান আল-দোসারি নিজের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে মাঠের এক পাশে রাগান্বিত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় রোনালদোকে।
এ সময় নিজে নিজে কথা বলছিলেন এবং হাত নেড়ে নিজের হতাশা প্রকাশ করছিলেন পর্তুগিজ এই তারকা। ম্যাচ শেষে আল হাজমের খেলোয়াড়েরা তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে এগিয়ে এলেও রোনালদোর অঙ্গভঙ্গিতে অসন্তোষের ছাপ স্পষ্ট ছিল।
এই ম্যাচে গোলের দেখা পাননি রোনালদো। এতে ক্যারিয়ারের ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করার অপেক্ষা আরও দীর্ঘ হলো তার। রোনালদোর গোলসংখ্যা এখনো ৯৮৭।
চলতি মৌসুমে সৌদি প্রো লিগে তার গোলসংখ্যা ৯-এ আটকে আছে। ফলে গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। শীর্ষে থাকা আল আহলির ইংলিশ স্ট্রাইকার ইভান টনির চেয়ে পাঁচ গোল পিছিয়ে আছেন রোনালদো।
আল নাসরের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন দলের আরেক পর্তুগিজ ফুটবলার মিডফিল্ডার সামু কস্তা। ম্যাচের ২৫তম মিনিটে বক্সের মধ্যে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতির পর বল পেয়ে যান তিনি। সামনে ফাঁকা গোলপোস্ট পেয়ে সহজেই জালে বল পাঠান এই মিডফিল্ডার।
গোলের পর রেফারি সেটিকে বৈধ ঘোষণা করলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ঘটনাটি পর্যালোচনার জন্য হস্তক্ষেপ করে। পরে ২৬তম মিনিটে ভিএআর পর্যালোচনায় গোলটি বৈধ বলে নিশ্চিত করা হয়। এরপরই মাঠের বাইরে এগিয়ে থাকার আনন্দে মেতে ওঠেন আল নাসরের খেলোয়াড়েরা।
তবে এই গোলের গুরুত্ব শুধু ম্যাচের ফলাফলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ফুটবল পরিসংখ্যানবিষয়ক সংস্থা অপ্টা জানিয়েছে, সৌদি প্রো লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা ১০০ ম্যাচে গোল করার কীর্তি গড়েছে আল নাসর। প্রতিযোগিতাটির ইতিহাসে এর আগে কোনো দল এই রেকর্ড গড়তে পারেনি।
অপ্টার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বরে আল রিয়াদের বিপক্ষে ম্যাচ দিয়ে এই ধারার শুরু হয়েছিল। এরপর প্রতিটি ম্যাচেই গোল করে আসছিল আল নাসর। আল হাজমের বিপক্ষে গোলের মধ্য দিয়ে সেই ধারাবাহিকতা ১০০ ম্যাচে পৌঁছেছে।
দীর্ঘ সময় ধরে আক্রমণভাগে আল নাসরের ধারাবাহিকতারই প্রমাণ এই রেকর্ড। ঘরের মাঠ কিংবা প্রতিপক্ষের মাঠ—বিভিন্ন দলের বিপক্ষে নিয়মিত গোল করার সক্ষমতা দেখিয়েছে তারা। সৌদি প্রো লিগের ইতিহাসে অন্য কোনো দল এখন পর্যন্ত এমন কীর্তি গড়তে পারেনি।
ইএইচআর/ সিটি/ ডিসি









