বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সাইবার হামলার শিকার ফিফা, ফাঁস অসংখ্য ব্যক্তিগত তথ্য
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, তারা সাইবার হামলার শিকার হয়েছে। এতে সংস্থাটির ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যের একটি সীমিত অংশে অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটেছে। তবে বাতিল করা ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্পের কোনো ফাইলে হামলাকারীরা প্রবেশ করতে পারেনি বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। খবর আলজাজিরার
এক বিবৃতিতে ফিফার মুখপাত্র বলেন, ‘ফিফা নিশ্চিত করছে, তারা একটি অপরাধমূলক সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে সীমিত পরিসরে কিছু ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যে অননুমোদিত প্রবেশ ঘটেছে।’
ফিফা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, বিশেষ করে ব্যক্তিগত তথ্য বেআইনিভাবে সংগ্রহ ও প্রকাশ করা গোপনীয়তার গুরুতর ও অগ্রহণযোগ্য লঙ্ঘন। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে সংস্থাটি।
তবে হামলায় কতজন ব্যক্তি বা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, কখন এ ঘটনা ঘটেছে কিংবা ব্যবসায়িক তথ্যের মধ্যে কী ছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ফিফা। তথ্য প্রকাশের বিষয়ে সংস্থাটির বক্তব্যে অনলাইনে কোনো তথ্য প্রকাশ করা হয়েছে কি না, কিংবা কোথায় প্রকাশ করা হয়েছে, তা-ও স্পষ্ট করা হয়নি।
গত সপ্তাহে ‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ নামে একটি হ্যাকার গ্রুপ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ফিফার ফাইল বলে দাবি করা একটি স্ক্রিনশট প্রকাশ করে। তিন দিন পর ১২ গিগাবাইটের বেশি অভ্যন্তরীণ নথি ফাঁস হওয়ার দাবি-সংবলিত একটি পোস্টের জবাবে গ্রুপটি সাইবার হামলার দায় স্বীকার করেছে বলে মনে হয়।
বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির কাছে থাকা মোট তথ্যের ০.১ শতাংশেরও কম এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে দ্য অ্যাথলেটিককে দেওয়া তথ্য অনুযায়ী, ফিফার একটি সূত্র জানিয়েছে, সাইবার হামলাকারী ব্যক্তি বা গোষ্ঠী কোনো প্রযুক্তিগত ত্রুটি বা সিস্টেমের দুর্বলতার সুযোগ নেয়নি। বরং কর্মী পরিচয়ে ছদ্মবেশ ধারণ করে সংস্থাটির তথ্যে প্রবেশ করেছে।
এর আগে গত জুলাইয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছিলেন, ব্যাপক সমালোচনার মুখে বিশ্বকাপের মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা বাতিল করেছে সংস্থাটি।
ওই পরিকল্পনায় বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন টুর্নামেন্ট পরিচালনার জন্য নতুন একটি ইউনিট গঠনের কথা ছিল। সেই ইউনিটের ২০ শতাংশ অংশীদারত্ব বিক্রি করে সর্বোচ্চ ৪ দশমিক ২ বিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্য ছিল ফিফার।
ইএইচআর/ সিটি/ ডিসি









