বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

নারী নির্যাতন প্রতিরোধে নোবিপ্রবিতে মানববন্ধন, নিরাপদ ক্যাম্পাসের দাবি

নারী নির্যাতন প্রতিরোধে নোবিপ্রবিতে মানববন্ধন, নিরাপদ ক্যাম্পাসের দাবি
I নারী নির্যাতন প্রতিরোধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধ, ভুক্তভোগীদের সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি থেকে নিরাপদ ও বৈষম্যহীন ক্যাম্পাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।

‘ন্যায়বিচার নিশ্চিত করুন, নির্যাতিতদের সুরক্ষা দিন, দায়মুক্তির অবসান ঘটান’—প্রতিপাদ্য সামনে রেখে মানববন্ধনটির আয়োজন করা হয়। নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী ও সাবেক সহসভাপতি আলজকি হোসেনের নেতৃত্বে এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।

মানববন্ধনে আলজকি হোসেন বলেন, নারীর নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করা সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। এ জন্য নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। অপরাধীরা যেন কোনোভাবেই দায়মুক্তি না পায়, সেটিও নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের প্রত্যাশা অনুযায়ী নোবিপ্রবি হবে নিরাপদ, মানবিক ও বৈষম্যহীন ক্যাম্পাস। সেখানে প্রতিটি নারী শিক্ষার্থী সম্মান ও নিরাপত্তার সঙ্গে নিজের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পাবেন।

আলজকি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের কোনো নারী শিক্ষার্থী সহপাঠী, গৃহশিক্ষকতা, স্থানীয় এলাকা, নিজ বিভাগ কিংবা প্রশাসনিক স্থানে হয়রানির শিকার হলে তাঁরা তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নেবেন। কোনো ছাত্রসংগঠনের নেতা বা কর্মী নারী শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণ কিংবা হয়রানি করলে তাঁদের বিরুদ্ধেও সাংগঠনিক শাস্তির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এ সময় তিনি বলেন, ‘নিরাপদে নারী, নিরাপদ দেশ; সবার আগে বাংলাদেশ।’

শিক্ষার্থী সুমাইয়া ইসলাম তুষমি বলেন, নারী নির্যাতন সমাজের গুরুতর সমস্যা। শুধু আইন প্রণয়ন করলেই হবে না, এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। নির্যাতনের শিকার ব্যক্তিদের নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ক্ষমতা, পরিচয় কিংবা প্রভাবের কারণে কেউ যেন শাস্তি এড়িয়ে যেতে না পারে, সে বিষয়েও গুরুত্ব দেন তিনি।

শিক্ষার্থী এটিনা চাকমা বলেন, নারী নির্যাতন শুধু ব্যক্তিগত সমস্যা নয়, পুরো সমাজের সমস্যা। ঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র কিংবা বাইরে—কোথাও যেন নারী অনিরাপদ বোধ না করেন, তা নিশ্চিত করা সবার দায়িত্ব। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত, ভুক্তভোগীদের সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। অপরাধীদের শাস্তি না হওয়ার কারণে নির্যাতনের ঘটনা বারবার ঘটছে উল্লেখ করে তিনি দায়মুক্তির সংস্কৃতি বন্ধের দাবি জানান।

নারীর মতামত ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধা এবং নিরাপত্তা নিশ্চিত করাকে মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নারী নির্যাতন প্রতিরোধের অঙ্গীকার শুধু দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; বাস্তব জীবনেও তা কার্যকর করতে হবে।

এসআইবি/ সিটি

সংশ্লিষ্ট ক্যাম্পাস: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নির্মাণ : REM Technology