বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

বাংলাদেশ ব্যাংকে ১৫০ সহকারী পরিচালক নিয়োগ, বেতন নতুন পে স্কেলে

বাংলাদেশ ব্যাংকে ১৫০ সহকারী পরিচালক নিয়োগ, বেতন নতুন পে স্কেলে
বাংলাদেশ ব্যাংক © ক্যাম্পাস টাইমস সম্পাদিত

বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে ১৫০ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী নবম গ্রেডে নিয়োগপ্রাপ্তদের মূল বেতন হবে ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা। পাশাপাশি নিয়মানুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এর পরিচালক মো. শহীদ রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হবে, যা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। তবে নিয়োগের ক্ষেত্রে পদসংখ্যা কমবেশি হতে পারে।

আবেদনের শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা স্নাতকসহ যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রির ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির সম্মিলিত মেয়াদ ন্যূনতম চার বছর হতে হবে।

এসএসসি ও তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোর মধ্যে ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ বা শ্রেণি কিংবা সমমানের জিপিএ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি কিংবা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না।

এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় ৫ পয়েন্ট স্কেলে জিপিএ ৩ বা তার বেশি প্রথম বিভাগ হিসেবে বিবেচিত হবে। বিশ্ববিদ্যালয়ের ফলাফলের ক্ষেত্রে ৪ পয়েন্ট স্কেলে সিজিপিএ ৩ বা তার বেশি এবং ৫ পয়েন্ট স্কেলে সিজিপিএ ৩ দশমিক ৭৫ বা তার বেশি প্রথম শ্রেণি হিসেবে গণ্য হবে।

আগামী ২৭ ডিসেম্বর বা তার আগে যেসব প্রার্থীর স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রির ফলাফল প্রকাশিত হবে, তারাও আবেদনের সুযোগ পাবেন।

বয়সসীমা
২০২৬ সালের ১ নভেম্বর তারিখে সব প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। নির্ধারিত বয়সের চেয়ে কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

বেতন ও সুযোগ-সুবিধা
জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী নবম গ্রেডে ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা বেতন স্কেলে নিয়োগ দেওয়া হবে। এর সঙ্গে নিয়মানুযায়ী প্রাপ্য অন্যান্য সুযোগ-সুবিধা যুক্ত হবে।

আবেদন পদ্ধতি ও ফি
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে অনলাইন আবেদনপত্র পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। যেসব প্রার্থীর ওই ওয়েবসাইটে আগে থেকেই সিভি রয়েছে, তারা বিদ্যমান সিভি ব্যবহার করে আবেদন করতে পারবেন। অন্যদের নতুন সিভি তৈরি করতে হবে।

আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা, যা অফেরতযোগ্য। বাংলা কিউআর (Bangla QR) সমর্থিত ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার পেমেন্ট অ্যাপের মাধ্যমে এই ফি পরিশোধ করতে হবে। আবেদন ফি পরিশোধ ও পেমেন্ট ভেরিফিকেশনের শেষ সময় ৩০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট।

নিয়োগ পরীক্ষার পদ্ধতি
প্রার্থীদের প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রিলিমিনারি পরীক্ষার পাস নম্বর এবং লিখিত পরীক্ষার মাধ্যমে মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীর সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

আবেদনের সময় প্রার্থীদের কোনো কাগজপত্র পাঠাতে হবে না। তবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় আবেদনে দেওয়া তথ্যের সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে হবে। চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমোদনক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নিয়োগের ক্ষেত্রে কোটাসংক্রান্ত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে। আবেদনের শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় হাতে নিয়ে আবেদন করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology