বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

‘বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে’

‘বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে’

দেশের মানুষের বাস্তব সমস্যা চিহ্নিত ও সমাধানে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তির সক্ষমতা কার্যকরভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেছেন, গবেষণায় সরকার ও ইউজিসির বরাদ্দ যথাযথভাবে ব্যবহার এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ করা গেলে দেশের অনেক সমস্যার সমাধান নিজস্ব সক্ষমতাতেই করা সম্ভব।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইন-এ কমিউনিটিনির্ভর প্ল্যানেটারি হেলথ এডুকেশনবিষয়ক আন্তর্জাতিক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে ইউজিসির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশের মানুষ জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে নিজেদের প্রয়োজন পূরণ এবং জাতীয় নানা সমস্যার কার্যকর সমাধান প্রত্যাশা করে বিশ্ববিদ্যালয়গুলোর কাছ থেকে। সাধারণ মানুষ বিশ্ববিদ্যালয়গুলোর কাছে প্রত্যাশা করে, তারা দেশের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করবে এবং গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে কার্যকর সমাধান উদ্ভাবন করবে। এ প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে বিশ্ববিদ্যালয়গুলোকে নিজেদের কাছে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে এবং দেশবাসীর কাছে জবাবদিহি করতে হবে।

গবেষণায় অর্থায়নের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের গবেষণা বাজেট খুব বেশি না হলেও একেবারে অপ্রতুল নয়। এই বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি দেশের অগ্রাধিকারভিত্তিক সমস্যাগুলো সমাধানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক সংস্থার সমন্বয়ে যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ করা প্রয়োজন।

প্রযুক্তিগত সক্ষমতা অর্জনে বিদেশের ওপর নির্ভরশীলতার বিষয়টি উল্লেখ করে অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, সফটওয়্যার থেকে শুরু করে গবেষণাগারের প্রয়োজনীয় প্রযুক্তি ও বৈজ্ঞানিক সরঞ্জাম—প্রায় সব ক্ষেত্রেই বাংলাদেশকে বিদেশের ওপর নির্ভর করতে হয়। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণাগার ও গবেষণা কার্যক্রম পরিচালিত হলেও দেশের নিজস্ব সমস্যার কার্যকর প্রযুক্তিগত সমাধান উদ্ভাবনে প্রত্যাশিত অগ্রগতি অর্জিত হয়নি। এ পরিস্থিতি থেকে উত্তরণে গবেষণার বিষয়ে মানসিকতা, দৃষ্টিভঙ্গি ও কর্মপদ্ধতির পরিবর্তন প্রয়োজন।

অনুষ্ঠানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান হাতিয়া দ্বীপের ওপর একটি ভিডিওচিত্র উপস্থাপন করেন। কেটা-আর্থ প্রকল্পের প্রধান ড. জর্জ ডাউনওয়ার্ড প্রকল্পের সার্বিক কার্যক্রম ও উদ্দেশ্য তুলে ধরেন।

সিম্পোজিয়ামে বিশেষ অতিথির বক্তব্য দেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য অধ্যাপক ড. সংগীতা রামাঝি এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের হেড অব কো-অপারেশন ড. মিখাল ক্রেইজা।

ইএইচআর/ বিএন/ ডিসি

সংশ্লিষ্ট ক্যাম্পাস: বাংলাদেশ বিশ্ববিদ্যালয়
নির্মাণ : REM Technology