বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

তিরুপতি মন্দিরে ১২১ কেজি স্বর্ণ দান, মূল্য ২৭৯ কোটি টাকা

তিরুপতি মন্দিরে ১২১ কেজি স্বর্ণ দান, মূল্য ২৭৯ কোটি টাকা
I তিরুপতি মন্দিরে ১২১ কেজি স্বর্ণ দান করলেন জৈন দম্পতি

ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে ১২১ কেজি স্বর্ণালংকার দান করেছেন চেন্নাইয়ের এক জৈন দম্পতি। দান করা এসব অলংকারের মূল্য প্রায় ২৭৯ কোটি টাকা। মন্দিরটিতে এ পর্যন্ত করা উল্লেখযোগ্য দানগুলোর মধ্যে এটি অন্যতম।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে বর্ধমান ও রাধিকা জৈন আনুষ্ঠানিকভাবে তিরুমালা তিরুপতি দেবস্থানমের পুরোহিত ও প্রতিনিধিদের হাতে স্বর্ণালংকারগুলো তুলে দেন। দান করা অলংকারের মধ্যে হীরাখচিত স্বর্ণালংকারও রয়েছে।

অনুষ্ঠানে দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি বলেন, ভগবান ভেঙ্কটেশ্বরের উদ্দেশে ২০৬ কোটি রুপির স্বর্ণালংকার দান করা ব্যতিক্রমী ঘটনা। দেবতার প্রতি গভীর ভক্তি ও বিশ্বাস থেকেই জৈন দম্পতি এই দান করেছেন। এমন একটি ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।

মন্দিরে অতীতের দানের ইতিহাস তুলে ধরে নাইডু বলেন, পল্লব, চোল, চের, পাণ্ড্য, মহীশূর ও মারাঠা শাসকেরা বিভিন্ন সময়ে মন্দিরটিতে মূল্যবান অলংকার ও উপহার দিয়েছেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে ভক্ত ও শাসকদের অবদানে মন্দিরটি সমৃদ্ধ হয়েছে।

মন্দিরের পবিত্রতা রক্ষার পাশাপাশি গরু সংরক্ষণ, বৈদিক ঐতিহ্য ও পরিবেশ রক্ষায় গুরুত্ব দিতে তিরুমালা তিরুপতি দেবস্থানমের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি ‘বৃক্ষ গোবিন্দম’ উদ্যোগের প্রসার, মন্দিরের অবকাঠামো সম্প্রসারণ এবং সংস্থাটির সহায়তায় অন্ধ্রপ্রদেশজুড়ে পাঁচ হাজার মন্দির নির্মাণের পরিকল্পনার কথাও জানান।

নাইডু আরও বলেন, তাঁর সরকার অন্নদানম বা খাদ্য বিতরণ, স্বাস্থ্যসেবা ও শিক্ষামূলক কার্যক্রম জোরদার করবে। ভক্তদের মানবসেবাকে ঈশ্বরের সেবা হিসেবে বিবেচনা করার আদর্শ অনুসরণের আহ্বান জানান তিনি।

ধনী ব্যক্তিদের জৈন দম্পতির দৃষ্টান্ত অনুসরণের আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সম্পদ সামাজিক কল্যাণ, ধর্মীয় কর্মকাণ্ড এবং সুবিধাবঞ্চিত মানুষের সেবায় ব্যয় করা উচিত।

সূত্র: এনডিটিভি।

এসআইবি/ সিটি

নির্মাণ : REM Technology