শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় মেয়েকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় মেয়েকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
I প্রেমের সম্পর্কের জেরে মেয়েকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

ভারতের তেলেঙ্গানায় মামাতো ভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা জানার পর ১৯ বছর বয়সী মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। বিয়ের বাগদানের মাত্র এক দিন আগে এ ঘটনা ঘটে। পরে হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

নিহত তরুণীর নাম কল্যাণী। তিনি তেলেঙ্গানার আদিলাবাদ জেলার বাসিন্দা। এ ঘটনায় তাঁর বাবা কৈলাস আডের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।

পুলিশ জানায়, গত ২৩ নভেম্বর সন্ধ্যায় মামাতো ভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা মা-বাবাকে জানান কল্যাণী। এ নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি হয়। মেয়ের সম্পর্কের কথা শুনে ক্ষুব্ধ হয়ে বাবা তাঁকে হত্যার সিদ্ধান্ত নেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

পরদিন ২৪ নভেম্বর কল্যাণীকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে পুলিশের প্রাথমিক ধারণা। এরপর ঘটনাটি আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করেন তাঁর বাবা। মেয়ের গলায় ওড়না পেঁচিয়ে রেখে পরিবারের সদস্য ও গ্রামবাসীকে তিনি জানান, মা-বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় কল্যাণী আত্মহত্যা করেছেন।

২৫ নভেম্বর নারনুর এলাকার এক তরুণের সঙ্গে কল্যাণীর বাগদান হওয়ার কথা ছিল। কিন্তু তার আগের দিনই এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ জানায়, কল্যাণীর মৃত্যুর অল্প সময়ের মধ্যেই পরিবারের সদস্যরা তাঁর শেষকৃত্য সম্পন্ন করেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় এবং গ্রামবাসীর কাছ থেকে তথ্য পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মেয়েকে হত্যার কথা কৈলাস স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। এ ঘটনায় মামলা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনের বিস্তারিত কারণ এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা জানতে তদন্ত চলছে।

সূত্র: এনডিটিভি।

এসআইবি/ সিটি

নির্মাণ : REM Technology