বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

অন্তু বিশ্বাসের বহিষ্কার, হামলা ও সাইবার আইনে মামলা প্রত্যাহারের দাবি ছাত্র জোটের

অন্তু বিশ্বাসের বহিষ্কার, হামলা ও সাইবার আইনে মামলা প্রত্যাহারের দাবি ছাত্র জোটের
গণতান্ত্রিক ছাত্র জোট

বরিশালের আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটে দুর্নীতি ও শিক্ষা-বাণিজ্যের বিরুদ্ধে আন্দোলন করায় শিক্ষার্থী অন্তু বিশ্বাসকে বহিষ্কার, তাঁর ওপর হামলা এবং সাইবার সুরক্ষা আইনে মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে অন্তু বিশ্বাসের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, হামলায় জড়িতদের গ্রেপ্তার এবং নার্সিং শিক্ষায় দুর্নীতি ও অনিয়ম বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট।

গতকাল বুধবার (২৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানায় সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের পরিচালক ও সাবেক আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে নার্সিং শিক্ষার নামে অনিয়ম, দুর্নীতি ও শিক্ষা-বাণিজ্য চালিয়ে আসছেন। সর্বশেষ ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে ভুয়া ফি আদায় করে শিক্ষার্থীদের প্রায় ২৭ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ তুলে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এর জেরে অন্তু বিশ্বাসসহ আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ধারাবাহিক নির্যাতন চালানো হচ্ছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জোটের নেতারা বলেন, শিক্ষা-বাণিজ্যের বিরুদ্ধে আন্দোলন করায় শিক্ষার্থীদের বহিষ্কার, হামলা ও মামলার শিকার হতে হচ্ছে। তাঁদের অভিযোগ, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে সাইনবোর্ডসর্বস্ব প্রতিষ্ঠানের নিবন্ধন নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এসব অনিয়মের বিরুদ্ধে আন্দোলন দমনে সাইবার সুরক্ষা আইন ব্যবহার করা হচ্ছে।

বিবৃতিতে নেতারা আরও বলেন, অতীতে নিবর্তনমূলক সাইবার আইনের মাধ্যমে মানুষের মতপ্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছে। বর্তমানেও ক্ষমতাসীনদের মদদপুষ্ট ব্যক্তিরা একই কায়দায় প্রতিবাদ দমনের চেষ্টা করছেন বলে তাঁদের অভিযোগ।

বিবৃতিতে অন্তু বিশ্বাসের বিরুদ্ধে করা মামলা অবিলম্বে প্রত্যাহার, তাঁর ওপর হামলায় জড়িত জহিরুল ইসলামকে গ্রেপ্তার এবং নার্সিং শিক্ষায় চলমান দুর্নীতি ও অনিয়ম বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে নার্সিংসহ বিভিন্ন খাতের শিক্ষার্থীদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান নেতারা।

বিবৃতিতে স্বাক্ষর করেন গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ফাহিম আহমদ চৌধুরী, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দার চঞ্চল, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি শাহরিয়ার খন্দকার আলিফ, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সমর চাকমা এবং বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সহসভাপতি নাঈম উদ্দীন।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology