বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

বয়সভিত্তিক ক্রিকেটে কোচিং পদ্ধতিতে বড় পরিবর্তন আনছে বিসিবি

বয়সভিত্তিক ক্রিকেটে কোচিং পদ্ধতিতে বড় পরিবর্তন আনছে বিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড

দেশের বয়সভিত্তিক ক্রিকেটে খেলোয়াড় গড়ে তোলার প্রক্রিয়ায় আমূল পরিবর্তন আনতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ লক্ষ্যে স্বচ্ছতা ও তথ্য-উপাত্তনির্ভর একটি সমন্বিত কোচিং কাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে বোর্ড। বয়সভিত্তিক প্রতিটি ধাপে যেন একজন ক্রিকেটারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকে, সেটিই এই উদ্যোগের মূল লক্ষ্য।

বুধবার (২৫ নভেম্বর) বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে বোর্ডের চুক্তিভুক্ত কোচদের এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই খেলোয়াড়দের উন্নয়নে ধারাবাহিকতা নিশ্চিত করতে কোচিং দর্শন ও কাজের পদ্ধতিতে পরিবর্তন আনতে চায় বিসিবি।

বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবির গেম ডেভেলপমেন্ট উপদেষ্টা খালেদ মাহমুদ এবং হাই-পারফরম্যান্স ইউনিটের প্রধান মোহাম্মদ সালাহউদ্দিন। বয়সভিত্তিক বিভিন্ন দলের কোচদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং খেলোয়াড় তৈরির প্রক্রিয়ায় একটি অভিন্ন সংস্কৃতি গড়ে তোলাই ছিল আলোচনার অন্যতম উদ্দেশ।

দীর্ঘদিন ধরেই বিসিবির উদ্বেগ, কোচিং কাঠামোয় সমন্বয় ও ধারাবাহিকতার অভাব দেশের ক্রিকেটারদের যথাযথভাবে গড়ে তোলার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এতদিন বয়সভিত্তিক দলের কোচরা অনেকটা নিজেদের মতো করে কাজ করেছেন। এক পর্যায়ের কোচের সঙ্গে পরবর্তী পর্যায়ের কোচের যোগাযোগ ও তথ্য আদান-প্রদানও ছিল সীমিত। ফলে একজন ক্রিকেটার এক বয়সভিত্তিক দল থেকে অন্য দলে যাওয়ার পর তার আগের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে নতুন কোচের পর্যাপ্ত ধারণা থাকত না।

বৈঠকে মূল বক্তব্য উপস্থাপন করেন সালাহউদ্দিন। এ বিষয়ে ক্রিকবাজকে তিনি বলেন, “আমরা এমন একটি সমন্বিত কোচিং কাঠামো গড়ে তুলতে চাই, যেখানে বয়সভিত্তিক এক ধাপ থেকে অন্য ধাপে যাওয়ার সময় একজন ক্রিকেটারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে।”

তিনি আরও বলেন, “আমরা চাই, প্রতিটি কোচ যেন ভালোভাবে জানেন, বিভিন্ন বয়সভিত্তিক পর্যায়ে একজন ক্রিকেটারকে কীভাবে তৈরি করা হচ্ছে। তাহলে একজন ক্রিকেটার যখন এক বয়সভিত্তিক দল থেকে পরবর্তী পর্যায়ে যাবে, তখন তার আগের উন্নয়ন থেমে যাবে না। বরং নতুন কোচ সেখান থেকেই তাকে আরও এগিয়ে নিতে পারবেন। ধরুন, অনূর্ধ্ব-১৫ পর্যায়ে একজন ক্রিকেটারকে নিয়ে যে কাজ করা হয়েছে, অনূর্ধ্ব-১৭ দলে যাওয়ার পর সেই একই কাজ আবার নতুন করে করার প্রয়োজন হবে না। বরং আগের কাজের ভিত্তিতে পরবর্তী ধাপের উন্নয়নে মনোযোগ দেবেন নতুন কোচ।”

“এটি খুবই ভালো একটি উদ্যোগ। অনেক আগেই এমন ব্যবস্থা চালু করা উচিত ছিল। তবে আমরা কিছুটা দেরিতে হলেও কাজটি শুরু করছি। দেরিতে শুরু হলেও অন্তত শুরু তো হয়েছে।”

কোচদের মধ্যে সমন্বয় ও তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে সুনির্দিষ্ট তথ্য-উপাত্তকে। কোনো ক্রিকেটারের উন্নয়ন সম্পর্কে শুধু মৌখিক ধারণার ওপর নির্ভর না করে, তার অগ্রগতির প্রতিটি ধাপের তথ্য সংরক্ষণ ও পর্যালোচনার পরিকল্পনা করছে বিসিবি।

সালাহউদ্দিন বলেন, “আমরা চাই, একজন ক্রিকেটার যখন অনূর্ধ্ব-১৫ থেকে অনূর্ধ্ব-১৭ দলে যাবে, তখন নতুন কোচ যেন জানতে পারেন অনূর্ধ্ব-১৫ পর্যায়ে তার সঙ্গে কী কী কাজ করা হয়েছে। এত দিন নতুন কোচের কাছে এসব তথ্য থাকত না। এখন থেকে তিনি জানতে পারবেন, ওই ক্রিকেটার কোন কোন বিষয়ে কাজ করেছে এবং তার উন্নতি কতটুকু হয়েছে। এখন প্রশ্ন হলো, কীসের ভিত্তিতে এসব তথ্য আদান-প্রদান করা হবে? এর ভিত্তি হবে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত।”

তিনি আরও বলেন, “আমি পরিষ্কারভাবে বলেছি, একজন ক্রিকেটার কী করতে পারে বা পারে না, সে বিষয়ে শুধু মৌখিক বক্তব্যের ওপর নির্ভর করলে চলবে না। আমরা চাই, পুরো প্রক্রিয়াটি তথ্য-উপাত্তের ভিত্তিতে পরিচালিত হোক। একজন ক্রিকেটার যখন এক পর্যায় থেকে অন্য পর্যায়ে যাবে, তখন প্রতিটি কোচ যেন তাঁর উন্নতির পুরো চিত্র এবং অগ্রগতির গ্রাফ সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে পারেন।”

বিসিবির এই উদ্যোগ বাস্তবায়িত হলে বয়সভিত্তিক ক্রিকেটে খেলোয়াড় তৈরির প্রক্রিয়ায় আরও শৃঙ্খলা ও ধারাবাহিকতা আসবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে একজন ক্রিকেটার কোন পর্যায়ে কী ধরনের প্রশিক্ষণ পেয়েছেন, তার কোন জায়গায় উন্নতি হয়েছে এবং পরবর্তী ধাপে তাকে নিয়ে কী কাজ করা প্রয়োজন—এসব বিষয়ে কোচদের মধ্যে সমন্বিত ধারণা তৈরি হবে। ফলে বয়সভিত্তিক ক্রিকেট থেকে জাতীয় দল পর্যন্ত খেলোয়াড়দের উন্নয়নের পথ আরও সুসংগঠিত করার সুযোগ তৈরি হবে।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology