বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
নেত্রকোণায় এনসিপির কেন্দ্রীয় নেতার বাসায় আগুন
নেত্রকোণায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাড়ির বারান্দায় থাকা চেয়ার, টেবিলসহ বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে নেত্রকোনা শহরের আনন্দবাজার সংলগ্ন হোসেনপুর এলাকায় তাঁর বাসায় এ ঘটনা ঘটে।
ফাহিম রহমান খান পাঠান এনসিপির কেন্দ্রীয় কমিটির পেশাজীবীবিষয়ক সহ-সম্পাদক। গত নির্বাচনে তিনি নেত্রকোণা-২ আসন থেকে দলটির ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
ফাহিম রহমান খান পাঠান জানান, ভোরে বাসার বারান্দায় আগুন লাগানো হলে সেখান থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ায় পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। পরে তাঁরা দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বারান্দায় থাকা চেয়ার, টেবিলসহ বেশ কিছু আসবাবপত্র পুড়ে যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনার প্রকৃত কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা জানতে তদন্ত করা হচ্ছে। তবে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা আটক করার তথ্য পাওয়া যায়নি।
ইএইচআর/ সিটি/ ডিসি









