বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সিঙ্গাপুরে বিমানবালাকে যৌন হয়রানি, বাংলাদেশির ৪ মাসের কারাদণ্ড
সিঙ্গাপুরে মদ্যপ অবস্থায় উড়োজাহাজে এক বিমানবালাকে যৌন হয়রানি এবং পরে পুলিশ সদস্যের গায়ে থুতু মারার ঘটনায় খন্দকার মোহাম্মদ ইয়ামিন নামের এক বাংলাদেশিকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। পৃথক দুটি অভিযোগে দোষ স্বীকার করায় গত ২৩ নভেম্বর ২৩ বছর বয়সী এই যুবককে সাজা দেওয়া হয়।
আদালতের নথি অনুযায়ী, গত সেপ্টেম্বরে মদ্যপ অবস্থায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি উড়োজাহাজে ওঠেন ইয়ামিন। ১১ সেপ্টেম্বর ভোর ৪টার দিকে নিজের আসনে বসে থাকা অবস্থায় তিনি ২৬ বছর বয়সী এক বিমানবালার নিতম্বে হাত দেন। কয়েক সেকেন্ড ধরে এই স্পর্শের ঘটনা ঘটে বলে আদালতে জানান সরকারি কৌঁসুলি ক্লারা লো।
এ ঘটনায় ওই বিমানবালা ভীত ও ক্ষুব্ধ হন। তিনি ইয়ামিনকে তাঁকে স্পর্শ করতে নিষেধ করেন। কিন্তু কোনো কথা না বলে তাঁর দিকে তাকিয়ে হাসেন ইয়ামিন। পরে ওই বিমানবালা এক সহকর্মীকে বিষয়টি জানান। পুলিশকে খবর দেওয়া হলে সেদিন সকালে উড়োজাহাজটি চাঙ্গি বিমানবন্দরে অবতরণের পর ইয়ামিনকে গ্রেপ্তার করা হয়।
তবে ব্যক্তিগত বন্ডে মুক্তি পাওয়ার পর অক্টোবরে আবারও গ্রেপ্তার হন তিনি। ৭ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে লিটল ইন্ডিয়ার কাছে জালান বেরসেহ এলাকায় তাঁকে মাতাল অবস্থায় দেখতে পান পুলিশ সদস্যরা। সে সময় তিনি কাঁদছিলেন, অসংলগ্নভাবে চিৎকার করছিলেন এবং একটি শক্ত জায়গায় হেলান দিয়ে বসেছিলেন।
সরকারি কৌঁসুলি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইয়ামিনকে মাতাল অবস্থায় দেখতে পায়। তাঁর নাক দিয়েও রক্ত ঝরছিল। পরে চিকিৎসাসহায়তা দিতে আসা কর্মীরা তাঁর রক্তচাপ মাপার চেষ্টা করেন। কিন্তু সহযোগিতা না করে তিনি মাটিতে শুয়ে এদিক-সেদিক ছটফট করতে থাকেন।
একপর্যায়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ ক্যান্টনমেন্ট কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সিগারেটের দাবি পূরণ না হওয়ায় তিনি আক্রমণাত্মক আচরণ শুরু করেন। এ সময় তাঁর পা চেপে ধরে রাখা এক পুলিশ সদস্যের গায়ে থুতু মারেন।
এ ঘটনায় সরকারি কর্মচারীর ওপর অপরাধমূলক বলপ্রয়োগের অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। উড়োজাহাজে বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগের পাশাপাশি এ অভিযোগেও দোষ স্বীকার করেন ইয়ামিন। পরে আদালত তাঁকে মোট চার মাসের কারাদণ্ড দেন।
সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস।
এসআইবি/ সিটি









