বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৫ ডিসেম্বর
বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৫ ডিসেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে, যা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২৯ ও ৩০ জানুয়ারি।
বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের অধীনে পাঁচটি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করা হবে। অনুষদগুলো হলো—ফ্যাকাল্টি অব আর্থ অ্যান্ড ওশান সায়েন্স, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স অ্যান্ড পলিসি এবং ফ্যাকাল্টি অব শিপিং অ্যাডমিনিস্ট্রেশন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৩ অথবা ২০২৪ সালে মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ অথবা ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকছে।
আবেদনের যোগ্যতা
আর্থ অ্যান্ড ওশান সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে আবেদনের জন্য বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০ এবং উভয় পরীক্ষায় মোট জিপিএ ৭ দশমিক ৫০ থাকতে হবে। এ ছাড়া অনুষদভেদে নির্ধারিত বিষয়ে গ্রেডের শর্ত পূরণ করতে হবে।
মেরিটাইম গভর্ন্যান্স অ্যান্ড পলিসি এবং শিপিং অ্যাডমিনিস্ট্রেশন অনুষদে যেকোনো বিভাগ থেকে আবেদন করা যাবে। এ ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ এবং মোট জিপিএ ৭ থাকতে হবে। পাশাপাশি সব বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য পৃথক যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।
ভর্তি পরীক্ষার সময়সূচি
২০২৭ সালের ২৯ জানুয়ারি সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত আর্থ অ্যান্ড ওশান সায়েন্স অনুষদ এবং বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরদিন ৩০ জানুয়ারি সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মেরিটাইম গভর্ন্যান্স অ্যান্ড পলিসি অনুষদ এবং বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত শিপিং অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার পদ্ধতি ও নম্বর বণ্টন
ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় থাকবে ৯০ মিনিট। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে। অনুষদভেদে চারটি বিষয়ে ২৫ নম্বর করে পরীক্ষা নেওয়া হবে।
মেধাতালিকা প্রণয়নের ক্ষেত্রে ভর্তি পরীক্ষার ফলাফলের ওপর ৭০ শতাংশ, এইচএসসি বা সমমানের ফলাফলের ওপর ২০ শতাংশ এবং এসএসসি বা সমমানের ফলাফলের ওপর ১০ শতাংশ নম্বর বরাদ্দ থাকবে।
আবেদন ফি ও পরীক্ষাকেন্দ্র
প্রতি অনুষদে আবেদনের জন্য প্রসেসিং ফিসহ ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। মোবাইল ব্যাংকিং ও ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করা যাবে। ঢাকা, চট্টগ্রাম, রংপুর, খুলনা ও রাজশাহী—এই পাঁচটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আগামী ১৭ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ভর্তি কার্যক্রম শেষে ২০২৭ সালের মে মাসে ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bmu.edu.bd-এ পাওয়া যাবে।

ইএইচআর/ সিটি/ ডিসি









