শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
রাজশাহী শিক্ষা বোর্ডে সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে মতবিনিময় সভা
রাজশাহী শিক্ষা বোর্ডে ২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষার কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীনের সভাপতিত্বে এ আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজশাহী শিক্ষা বোর্ডের প্রশাসনিক ভবনে আয়োজিত মতবিনিময় সভা সঞ্চালনা করেন বোর্ডের রেকর্ড ও সনদ শাখার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মুজুর রহমান খান। পরবর্তীতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রোর্ড কর্তৃপক্ষ।
উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সিনিয়র সিষ্টেম এনালিষ্ট প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) মোসা. সেলিনা পারভীন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. জাহিদুর রহিম, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার এবং রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ৮টি জেলার ৭০টি কেন্দ্র থেকে আগত কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তারা।
পবিত্র কোরআন তিলাওয়াত এর মধ্য দিয়ে মতবিনিময় সভা শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের সমাধান দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও সিনিয়র সিস্টেম এনালিষ্ট।

অনুষ্ঠানের সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরকে শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ তার কেন্দ্রের আওতাধীন সব মহাবিদ্যালয়ের সঙ্গে যোগযোগ ও সমন্বয় সাধন করে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা নেওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন। এছাড়া জনপ্রতিনিধি, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সব শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এবার ২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষার মোট পরীক্ষার্থী সংখ্যা ৪৯ হাজার ৯৩ জন। এদের মধ্যে ছাত্র ২৭ হাজার ৬৪৭ জন এবং ছাত্রী ২১ হাজার ৪৪৬ জন। রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ৮টি জেলায় মোট কেন্দ্রের সংখ্যা ৭০টি।
অনুষ্ঠানের সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক সব পরীক্ষার্থীর মঙ্গল ও সাফল্য কামনা করেন।
ইএইচআর/ বিএন/ ডিসি









